গরম বিরিয়ানি খেয়ে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাম্পাসে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। তাই দ্রুতই শেষ হচ্ছে ​হঁাড়ির বিরিয়ানি। ভর্তি পরীক্ষার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন অস্থায়ী দোকান গড়ে তোলেন। ১ নভেম্বর ভর্তি পরীক্ষার প্রথম দি​ন তোলা l সৌরভ দাশ
ক্যাম্পাসে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। তাই দ্রুতই শেষ হচ্ছে ​হঁাড়ির বিরিয়ানি। ভর্তি পরীক্ষার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন অস্থায়ী দোকান গড়ে তোলেন। ১ নভেম্বর ভর্তি পরীক্ষার প্রথম দি​ন তোলা l সৌরভ দাশ

আসেন আসেন, গরম বিরিয়ানি খেয়ে যান। শামিয়ানা টানানো দোকানের সামনে দাঁড়িয়ে ক্রেতাদের ডাকছিলেন এক তরুণ। পরনে জিনস প্যান্ট, শার্ট আর স্নিকার। ভেতরে বড় পাতিলে গরম বিরিয়ানি। হাতে দস্তানা পরে পাতিল থেকে প্লেটভর্তি বিরিয়ানি পরিবেশন করছেন আরও কয়েকজন তরুণ-তরুণী।
কোনো বিরিয়ানির দোকান নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা উপলক্ষে গড়ে ওঠা একটি অস্থায়ী খাবারের দোকানের দৃশ্য এটি। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সেবা দিতে ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এসব দোকান দিয়েছেন। ১ নভেম্বর থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষা চলবে ৯ নভেম্বর পর্যন্ত। চলবে এসব অস্থায়ী দোকানও। শিক্ষার্থীদের এমন উদ্যোগে সহায়তা দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দোকানের স্থান নির্ধারণ ও বরাদ্দও দিচ্ছে তারা।
গত বছর দোকানপ্রতি ৫০০ টাকা ফি নেওয়া হলেও এ বছর তা নেওয়া হয়নি। কারণ, শিক্ষার্থীরা এই উদ্যোগে কয় টাকাই–বা লাভ থাকেন। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা সেবা পেয়ে থাকেন সেটাই বড় কথা।
দোকানের নাম সেলফি বিরিয়ানি। আট বন্ধু মিলে দিয়েছেন এই দোকান। কেউ পড়েন উদ্ভিদবিদ্যা বিভাগে, কেউবা পড়েন যোগাযোগ ও সাংবাদিকতায়। কেউ রান্নার দায়িত্ব নিয়েছেন তো কেউ করছেন পরিবেশন। এই দোকানের একজন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র বেলাল উদ্দিন। তিনি বললেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্লাস-পরীক্ষা বন্ধ। তাই কিছু একটা করার ভাবনা থেকেই এই উদ্যোগ। দোকানে প্রতি প্লেট চিকেন বিরিয়ানি বিক্রি হচ্ছে ৯০ টাকা করে। শুরুতে অবশ্য দাম ছিল ৮০ টাকা। তবে লোকসান হওয়ায় ১০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
ভর্তি পরীক্ষার প্রথম দিন থেকেই জমজমাট এসব দোকান। কেবল খাবারের দোকান নয়, আছে পরীক্ষার ফল জানানোর জন্য হেল্প ডেস্ক, সাজেশন ও নোট পেপারের দোকান। এসব দোকানের উদ্যোক্তারা জানান, বছরের এই কটা দিন যা আয় হয় তা দিয়ে দুই–এক মাসের লেখাপড়ার খরচ উঠে আসে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উদ্যোগে বসেছে এমন ১৮টি দোকান।
ক্যাম্পাসের গোলচত্বর, শহীদ মিনার ও কেন্দ্রীয় ছাত্রসংসদ এলাকায় শিক্ষার্থীদের এসব দোকানে ভিড় দেখা গেল। ভর্তি–ইচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘বেশি লাভের উদ্দেশ্যে আমরা দোকান নিয়ে বসিনি। দূর–দূরান্ত থেকে ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা আমাদের ক্যাম্পাসে এসেছেন। তাঁরা সবাই আমাদের অতিথি। স্বল্পমূল্যে তাজা খাবার তুলে দিতেই আমাদের এই উদ্যোগ। পাশাপাশি এর মাধ্যমে আমাদের পড়ালেখার কিছু খরচও আসছে।’ মানভেদে প্রতি প্যাকেট বিরিয়ানির দাম রাখা হচ্ছে ৮০-১০০ টাকা।
মুঠোফোন সেবার মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়ার দোকান নিয়ে বসেছেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বাইজিদ ইমন। তিনি বলেন, ‘পরীক্ষা শেষে রাতে প্রকাশিত ফলাফল পাওয়া নিয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবেকরা উৎকণ্ঠায় ভোগেন। আমরা মাত্র ১০ টাকার বিনিময়ে ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে তাঁদের মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে ফলাফল জানিয়ে দিচ্ছি।’
এদিকে নগরের চকবাজার এলাকায় ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের জন্য পরিবহন সেবা দেওয়ার উদ্দেশ্যে শিক্ষার্থীদের উদ্যোগে বসেছে কয়েকটি হেল্প ডেস্ক। সিইউ এক্সপ্রেস নামের একটি সেবাদান প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী কৌশিক দত্ত বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় ভিড়ের কারণে শাটল ট্রেনে পা রাখা দায় হয়ে পড়ে। অন্যদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরিবহনে নৈরাজ্য শুরু করেন চালকেরা। আমরা প্রতিদিন সকালে ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের ক্যাম্পাসে নিয়ে যাচ্ছি। আবার পরীক্ষা শেষ হতেই আবার তাঁদের নগরে নিয়ে আসছি। ফলে তাঁদের ভোগান্তির কোনো সুযোগ নেই। এর মাধ্যমে আমাদের হাতেও হয়তো কিছু টাকা আসছে। কিন্তু সেবাটাই আমাদের মূল উদ্দেশ্য।’
ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসে দোকান বরাদ্দের বিষয়টি দেখার দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মদ। তিনি প্রথম আলোকে বলেন, এ বছর ভর্তি পরীক্ষা উপলক্ষে ২২টি দোকান দেওয়ার জন্য শিক্ষার্থীরা আবেদন করেছিল। তার মধ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্পটে ১৮টি দোকান বসেছে। প্রতিবছর দোকানপ্রতি ৫০০টাকা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিলেও আমরা এবার তা নিইনি। কারণ, এর মাধ্যমে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী, তাঁদের অভিভাবকসহ সবাই উপকারভোগী হন। পাশাপাশি ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও পড়ালেখার কিছু খরচ জোগাতে পারে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ উদ্যোগ।