গরম শুরুর আগেই বিদ্যুৎ নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরমের মৌসুম শুরু হতে না-হতেই চট্টগ্রামের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। চট্টগ্রামে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় আগামী দিনগুলোতে এখানকার বিদ্যুৎব্যবস্থা পুরোটাই জাতীয় গ্রিড ও ফার্নেস তেলভিত্তিক বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। ফলে অনিবার্য হয়ে উঠবে লোডশেডিং। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রইস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এখনো বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু গরম শুরু হলে বিদ্যুতের ঘাটতি দেখা দেবে। এ অবস্থায় শেডিং করেই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্যাসের পর্যাপ্ত প্রাপ্তি নিশ্চিত না হওয়ায় বর্তমানে গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্প দিয়ে পরিস্থিতি মোকাবিলা সম্ভব হবে না। এ অবস্থায় সারা দেশের জন্য ফার্নেস তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য বেসরকারি কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে পিডিবি সরকারের কাছ থেকে নয় হাজার কোটি টাকা দাবি করে। কিন্তু সরকার ছয় হাজার কোটি টাকার বেশি দিতে পারেনি। ফলে চাহিদা পরিপূর্ণভাবে মেটানোর চেয়ে লোডশেডিং করলে পিডিবির জন্য লাভজনক হবে—এমন মতই দিচ্ছেন পিডিবির বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বিদ্যুৎ বেশি কিনলে পিডিবির বেশি ক্ষতি। কম কিনলে ভর্তুকিও কম।খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে চট্টগ্রামে গ্যাসভিত্তিক সবগুলো বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রই বন্ধ রয়েছে। এসব বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা ৬৪০ মেগাওয়াট। চট্টগ্রামে বর্তমানে বিদ্যুতের চাহিদা ৫১০ থেকে ৫২০ মেগাওয়াট। অথচ এখানে এক মেগাওয়াট বিদ্যুতেরও উৎপাদন নেই। এগুলো হচ্ছে রাউজান তাপ বিদ্যুৎকেন্দ্র, শিকলবাহা তাপ বিদ্যুৎকেন্দ্র ও শিকলবাহা পিকিং পাওয়ার প্ল্যান্ট। একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎ প্রকল্প (কাপ্তাই) থেকে সন্ধ্যাকালীন পিক সময়ে ১৭৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। আর দিনের বেলা পাওয়া যায় ৭০ থেকে ৮০ মেগাওয়াট। জাতীয় গ্রিডের বাইরে বর্তমানে চট্টগ্রামে চারটি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন করছে। এগুলো হচ্ছে গ্যাসভিত্তিক মালঞ্চ হোল্ডিংস, রিজেন্ট পাওয়ার, ফার্নেস তেলভিত্তিক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট ও কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট। এর মধ্যে সর্বশেষ জুলদায় গড়ে ওঠা কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। আগামী এক সপ্তাহের মধ্যে এখানে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার বাংলাকেটের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক বিশ্বজিৎ মজুমদার। যদিও গত বছরের জুন মাস থেকে এ প্রকল্পের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার কথা ছিল। এ প্রসঙ্গে বিশ্বজিৎ মজুমদার বলেন, স্থানীয় কিছু সমস্যা, জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা ও সময়মতো ব্যাংকঋণ না পাওয়ার কারণে বিদ্যুৎ উৎপাদনেও দেরি হয়।