গরম স্মার্টফোনের বিকল্প ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবহাওয়া অফিসের কোনোরকম পূর্বাভাস ছাড়াই আপনার সাধের স্মার্টফোনটা এতটাই গরম হয়ে যায় যে হাতে ফোসকা পড়ার উপক্রম? এ কারণে আপনি চিন্তিত? আপনার চিন্তা লাঘবের জন্যই রস+আলো বাতলে দিচ্ছে গরম হয়ে যাওয়া স্মার্টফোনের বিকল্প ব্যবহার।

.
.

ইস্তিরির বিকল্প
বাংলাদেশের রাস্তার মতো প্যাঁচানো, কুঁচকানো, তোবড়ানো জামা–কাপড় সোজা করার জন্য ইস্তিরির বিকল্প নেই, এটা ভাবা জবর বোকামি হবে। কারণ, আপনার কাছে যদি বিনা নোটিশে গরম হয়ে যাওয়া স্মার্টফোন থাকে, তবে আপনি দাঁতে টুথপিক খোঁচাতে খোঁচাতে আপনার সব পোশাক–আশাক ইস্তিরি করতে পারবেন ‘আয়রনম্যান’ না হলেও!

.
.

গ্যাসের চুলার বিকল্প
গবেষণা না করেই এটা বলে দেওয়া যায়—আপনার পেটের ভেতরই নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যাচ্ছে। তবে রান্না করতে গিয়ে গ্যাস না পাওয়ার মামলা পুরোনো। এ জন্য মাঝেমধ্যে রীতিমতো উপোসও থাকতে হয় আপনাকে। এই অতি বড় সমস্যা সমাধানের জন্য রান্না করার কাজে বিকল্প হিসেবে আপনার গরম হয়ে যাওয়া স্মার্টফোনটাকে ব্যবহার করতে পারেন। নিঃসন্দেহে সুফল পাবেন। তাতে রান্নাও হবে আবার গ্যাস–সংকটের সমাধানও মিলবে। মাস শেষে বিলের টাকা বেঁচে যাওয়ার সুবিধা তো আছেই।
রুমহিটারের বিকল্প
এই মগজ–জমা শীতে আপনার ঘরে ফায়ারপ্লেসের অভাব, বিদ্যুৎ খরচ করে রুমহিটার কেনার সাধ্যও আপনার নেই। এ রকম করুণ সময়ে গরম হয়ে যাওয়া স্মার্টফোনটাই পারে আপনাকে সাধ্যের মাঝে সবটুকু সুখ দিতে! রুমহিটারের বিকল্প হিসেবে আপনার সাধের গরম স্মার্টফোনটাকে ঘরের দেয়ালে ঝুলিয়ে দিন, তারপর আরামসে উপভোগ করুন স্মার্ট উষ্ণতা!

.
.

ইনকিউবেটরের বিকল্প
অনেক দামের ইনকিউবেটর দিয়ে ডিম ফুটিয়ে বাচ্চা বের করা বেশ ব্যয়সাপেক্ষ ব্যাপার। আর মুরগির নিজেরও ধৈর্যের বাঁধ ভেঙে যায় একটানা অনেক দিন ডিমে তা দিতে দিতে। এই ব্যয় ও মুরগির কষ্ট কমাতে তাই ইনকিউবেটরের বিকল্প হিসেবে গরম হয়ে যাওয়া স্মার্টফোনটা ডিমের ওপরে রেখে ডিম ফোটাতে পারেন। তারপর সেই ডিম ফোটা বাচ্চার সঙ্গে ওই স্মার্টফোনটা দিয়েই সেলফি তুলে ফেসবুকেও আপলোড করতে পারবেন!

.
.

আগুনের বিকল্প
শীতকালে রাস্তার আশপাশে আগুন ধরিয়ে উষ্ণতা উপভোগ করা আমাদের পুরোনো ঐতিহ্য। আজকাল গাছপালা কমে যাওয়ায় শুকনো ডাল-পাতার অভাবে আগুন ধরানোর উপকরণেও টান পড়েছে। তাই আমাদের বহু পুরোনো ঐতিহ্যটিও বিলুপ্তির পথে। সেই মুমূর্ষু ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে তাই রাস্তায় স্মার্টফোন রেখে তার পাশে জড়ো হয়ে উষ্ণতা উপভোগ করতে পারেন। এতে পরিবেশদূষণেরও কোনো ভয় থাকবে না।