গরমে অফিসে কী পরবেন, কী করবেন
কদিন ধরে ভ্যাপসা গরম পড়েছে। থেকে থেকে বৃষ্টিও অবশ্য হচ্ছে। তবু গরম কমছে না। অফিসে যাওয়ার আগে এমন আবহাওয়ায় কাজে মন দেওয়া কঠিন। অফিসে এসি থাকলেও ক্লান্তি এসে ভর করে। ঘামের গন্ধে অন্যের অবস্থাও দুর্বিষহ হয়ে যায়। তাই অফিসে যাওয়ার আগে কী পরবেন, কী করবেন, এ ব্যাপারে পরামর্শ থাকল ‘ফেমিনা’ সাময়িকী থেকে
১. সকালে অফিসে যাওয়ার আগে গোসল করে নিন। অ্যারোমাযুক্ত কোনো তেলও ব্যবহার করতে পারেন।
২. কিছুক্ষণ ব্যায়াম করে গোসল করলে শরীর ফুরফুরে লাগবে।
৩. ভারী কোট বা স্যুট পরে অফিসে না যাওয়াই ভালো। কোনো কারণে পরতে হলে রাস্তায় না পরে আলাদা ব্যাগে নিতে পারেন। পরে অফিসে গিয়ে পরলেই হবে।
৪. হালকা রঙের পোশাক বেছে নিতে পারেন। গাঢ় রঙের পোশাকে গরম বেশি লাগে।
৫. গরমে অফিসে ভারী মেকআপে না করাই ভালো। যত ছিমছাম থাকবেন, তত গরম কম লাগবে। বেশি মেকআপ নেওয়ার চেয়ে পরিপাটি থাকার চেষ্টা করুন।
৬. গরমে ঘামের কারণে শরীরে দুর্গন্ধ তৈরি হয়। সঙ্গে বডি স্প্রে বা সুগন্ধি রাখুন। মেকআপ নষ্ট হয়ে গেলে পরে টাচ আপ করে নিতে পারেন। ছোট ব্যাগে চিরুনি, কমপ্যাক্ট পাউডার, কাজল আর লিপস্টিক রাখুন।
৭. যাঁদের পা ঘামে, তাঁরা এ সময় অফিসে স্পঞ্জের স্যান্ডেল ব্যবহার করতে পারেন। ঘামের গন্ধ যাতে মোজা থেকে বের না হয়, তাই আগেই ব্যবস্থা নিন।
৮. কেউ কেউ সাইকেল চালিয়ে অফিসে যান। এ ক্ষেত্রে আলাদা এক জোড়া পোশাক সঙ্গে নেবেন। যাতে পোশাক বদলে নিতে পারেন।
৯. যাঁরা বিপণন বিভাগ বা নিয়মিত অফিসের বাইরে কাজ করেন, তাঁরা চেষ্টা করুন সঙ্গে গ্লুকোজ বা ওরস্যালাইন মেশানো পানি রাখতে। এতে শরীরের ক্লান্তি কাটানো যায়।
১০. ঘেমে-নেয়ে একাকার হলে কোনোভাবেই শীতাতপনিয়ন্ত্রিত কামরায় ঢুকবেন না। এতে ঘামের দাগ পোশাকে লেগে থাকার আশঙ্কা থাকে।
১১. গরমে ঘামের বিপত্তি কমাতে হাতের আশপাশে ভেজা টিস্যু বা রুমাল রাখুন।