গরমে আরাম পোশাক বানানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণিল লেইস, চুমকি, ফিতা দিয়ে নারীর পছন্দের পোশাক রাঙিয়ে তুলছেন দর্জিরা। ইতিমধ্যেই কাজ নেওয়া বন্ধ করে দিয়েছেন অধিকাংশ দর্জির দোকানের মালিকেরা। তবে ১৫ রোজা পর্যন্ত কাজ নেবেন বলে জানান কয়েকটি প্রতিষ্ঠানের কারিগরেরা। তৈরি কাপড়ের দোকানগুলো এখনো জমে না উঠলেও ঈদের আমেজে জমে উঠেছে দর্জিবাড়ি। তবে ঠিক সময়ে ক্রেতাদের কাপড় সরবরাহ করা যাবে কি না তা নিয়ে শঙ্কায় আছেন দর্জিরা। এবার গরমে আরাম পোশাক বানিয়ে নিচ্ছেন ক্রেতারা। নগরের জিইসির মোড়ের সেন্ট্রাল প্লাজার টেইলার্সগুলোতে এখন প্রচুর ভিড়। এখানে রোজার প্রায় দুই মাস আগে থেকে কাপড়ের অর্ডার নেওয়া শুরু হয়েছে। এখানে কথা হয় ইউএসটিসির ফার্মেসিতে পড়া রুমকির সঙ্গে। তিনি জানান ‘কাপড় আগেই কিনে দিয়ে গেছি। এখন জামার রঙের সঙ্গে মিলিয়ে লেইস দিয়ে যাচ্ছি।’ অন্তরা টেইলার্সের মো. শামীম জানান, ‘এবার সুতির ওপর চুমকি ও লেইসের কাজই বেশি চলছে। সুতির জামা সেলাইয়ের খরচ নকশার ওপর ভিত্তি করে ২০০-৪০০ পর্যন্ত নেওয়া হচ্ছে। আর কাতান ও নেটের কাজের জামাও ২৫০-৬০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।’ সেন্ট্রাল প্লাজার বিনি টেইলার্সের মালিক দুলাল দাস জানান, ‘বাচ্চাদের জন্য এবারও নেট ও কাতান কাপড়ের জিপসি, আনারকলি, মাসাককলি ভালোই চলছে। এসব পোশাক বানানোর খরচ পড়ছে ৩৫০-৪০০ টাকা। কাজ নেওয়া হবে ১৫ রোজা পর্যন্ত।’ কাপড় সেলাই করতে আসা সরকারি মহসিন কলেজের ছাত্রী ঝুমু অক্তার জানান, ‘সিফনের কাজ করা কাপড়ের সঙ্গে নেটের হাতা এবং হাতে লেইস লাগানো ডিজাইন দিয়েছি। সেলাইয়ের খরচ পড়েছে ৫০০ টাকা।’ বিনি টেইলার্সের স্বত্বাধিকারী কাজী মো. ইকবাল জানান, ‘সুতির ওপর চুমকির কাজই বেশি চলছে।’ মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই আকর্ষণীয় পোশাক তৈরি করে দিচ্ছেন চকবাজার এলাকার দর্জিরা। চকভিউ মার্কেটের সূচিসাজের দর্জি বাবু দাস বলেন, ‘কামিজে সুতি, কাতান, নেটের কাজই বেশি চলছে। ব্লাউজেও চলছে—জিপসি, আনারকলিতেও। আমরা ৩ রমজানের দিনই কাজ নেওয়া বন্ধ করে দিয়েছি।’ মতি টাওয়ারের তুর্কি ফ্যাশনে ব্লাউজ সেলাই করতে এসেছেন পারুল বেগম। তিনি জানান, ‘ব্লাউজের হাতে নেট ও বাকিটা কাতানের কাপড় দিয়ে দিচ্ছি। আস্তরসহ খরচ পড়েছে ১৩০-১৫০ টাকা পর্যন্ত। লেইসও লাগিয়েছি হাতায়।’ মতি টাওয়ারের অন্তরা ফ্যাশনের মালিক মুছা শিকদার সায়েম জানান, ‘আমরা ১২ রোজা পর্যন্ত কাজ নেব। জিপসি, আনারকলি চলছে শিশু ও কিশোরীদের মধ্যে। খরচ পড়ছে প্রায় ২৫০-৬০০ টাকা। এ গরমে সুতি কাপড়ই সবাই পছন্দ করছেন বেশি। কামিজ ডিজাইনের ওপর ভিত্তি করে ১৫০-৪০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।’