গরমে আরামের বসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখর রোদ জানান দিচ্ছে গ্রীষ্ম চলে এসেছে। প্রকৃতি যখন সেজেছে এই রুদ্রসাজে, তখন আর কী করা। সূর্যের তাপ আর গরমকে ফাঁকি দিতে চাইলে এখনই বেছে নিন স্বস্তির পোশাক, সঙ্গে আপনার সাজেও যোগ করুন স্নিগ্ধতার ছোঁয়া। ‘এই সময়ে রোদের তাপ অসহনীয় মনে হয়। ঘামও হয় খুব। ফলে আমাদের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে একটু সতর্ক থাকতে হয়। তা ছাড়া রোদের তাপে ভয় পেয়ে আমাদের তো আর ঘরে বসে থাকার জো নেই, তাই এই সময় যত আরামের পোশাক পরা যায়, ততই ভালো দেখাবে।’ বলছিলেন ফ্যাশন ডিজাইনার মায়া রহমান।গরমে আরামের বসনসুতি পোশাক সহজে ঘাম শুষে নেয়। তা ছাড়া প্রাকৃতিক তন্তুর তৈরি বলে মসৃণও হয়। তাই এখন সুতি কাপড়ের পোশাক পরার পরামর্শ দেন তহু’স ক্রিয়েশনসের প্রধান ফ্যাশন ডিজাইনার তৌহিদা তহু। কৃত্রিম তন্তুর তৈরি কাপড়ের পোশাক এ সময় একেবারেই বাদ দেওয়া ভালো। কারণ গরমের সময় এ কাপড় পরলে ত্বকে অ্যালার্জি হতে পারে। তা ছাড়া এ কাপড় ঘাম শুষে নিতে পারে না, ফলে পোশাকটা শরীরে চিটচিটেভাবে লেগে থাকে; যা অস্বস্তি সৃষ্টির পাশাপাশি দৃষ্টিকটুও। গরমের সময় ব্যবহারের জন্য সুতি কাপড়ই সেরা বলে মনে করেন মায়া রহমান। তিনি গরমে সাদামাটা নকশার পোশাক বেছে নিতে পরামর্শ দেন। আমাদের চোখের শান্তি বলে একটি কথা আছে। যে পোশাকটা দেখাতে ভালো লাগে, সেটা পরেও আরাম। তাই এ সময়ের পোশাকের রং হবে হালকা—এমনই বললেন তৌহিদা তহু। হালকা নীল, সাদা, গোলাপি, লেবু রং, হালকা বেগুনি, আকাশি—এসব রঙের পোশাক তৈরি করেছেন তাঁরা। সুতি, ভয়েল ও সুতি অ্যান্ডি কাপড়ের ওপর ছাপা ও হালকা কারুকাজ করেছেন এবার। নরসিংদীর তাঁতের তৈরি পোশাকগুলো খুব আরামদায়ক হবে বলে তিনি জানান।পোশাকের কাটছাঁটে হালফ্যাশন‘গরমের পোশাকের ধরনেও এসেছে নানা বৈচিত্র্য। তরুণীরা পছন্দ করছে ছোট হাতার লম্বা ফতুয়া, হাতাকাটা কামিজ বা ছোট হাতার শার্ট। সালোয়ারের ক্ষেত্রে ধুতি ও প্যান্ট-ধাঁচের সালোয়ারটা বেশ পছন্দ করছে সবাই। সুতির ছাপা কামিজও খুব চলছে এ সময়’—বললেন মায়া রহমান। ‘গরমে পরার শাড়ির ক্ষেত্রেও সুতির ছাপা শাড়ি, ব্লক, অ্যাপ্লিকের শাড়ি বেশ চলছে। ব্লাউজের গলাটা পেছনদিকে বড় ও ম্যাগি হাতা হলে বেশ আরাম পাওয়া যাবে। ফতুয়া, কামিজ, ব্লাউজ—সবকিছুর ক্ষেত্রেই উঁচু গলা এই সময়ে তেমন দেখা যাচ্ছে না। বরং চারকোণা, পানপাতা ও ভি-আকৃতির গলা চলছে। পোশাকে হাতাকাটা, ছোট হাতার ম্যাগির সঙ্গে নতুন যোগ হয়েছে ঘটি হাতা। ব্লকের কাপড়ের সঙ্গে বাটিক বেশ আরামদায়ক’—বললেন তৌহিদা তহু। তাই বাটিকের কাপড়টা বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া পোশাকে এক রঙের কাপড়ে চিকন লেইসের ব্যবহারও দেখা যাচ্ছে। শুধু প্রতিদিনের ব্যবহারে সুতি পোশাক নয়, এখন বিভিন্ন উৎসবে ও অনুষ্ঠানেও সুতির রাজত্ব চলছে। সে ক্ষেত্রে একটু হালকা কারুকাজটা পছন্দ করছেন অনেকেই। তা ছাড়া সুতি অ্যান্ডি কাপড়ের তৈরি পোশাকে বেশ অভিজাত দেখায়। জমকালো অনুষ্ঠান উপলক্ষেও পরা যায়।ঘুরে আসতে পারেন দর্জিবাড়িগরমের পোশাকটি নিজের মনের মতো করে বানিয়ে নিতে ঘুরে আসতে পারেন দর্জিবাড়িতে। ঢাকার গাউসুল আজম মার্কেটের কাকলী টেইলার্সের মাস্টার জাহিদ বলেন, এক রঙের সুতি কাপড় কিনে অনেকেই তাতে একই রঙের ব্লক করিয়ে নিচ্ছেন। এর সঙ্গে শিফন কাপড় কিনে ব্লক করিয়ে ওড়না তৈরি করছেন অনেকেই। এ ছাড়া পোশাকের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে লেইস ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া নানা রঙের প্যাচওয়ার্ক করালেও ভালো লাগবে। ফুল, লতাপাতার বড় ছাপার কাপড়ের কামিজের সঙ্গে এক রঙের সালোয়ার-ওড়না নিয়ে নিতে পারেন। তবে এ সময় একটু ঢিলেঢালা ফিটিংয়ের পোশাক পরাই ভালো। জেনে নিন দরদামনগরের বিভিন্ন দেশীয় বুটিকের দোকানে গ্রীষ্মের তৈরি পোশাক পাওয়া যাচ্ছে। সুতি সালোয়ার-কামিজের দামটা শুরু হয়েছে ৫০০ থেকে। ফতুয়া ৩৫০ থেকে, শাড়ি ৫৫০ থেকে। সুতি সেলাই ছাড়া সালোয়ার-কামিজের কাপড় পাবেন নিউমার্কেট, চাঁদনীচকসহ নগরের বিভিন্ন শপিং মলে ৩০০ থেকে ৫৫০ টাকায়। প্রিন্টের গজ কাপড় পাবেন ৩৫ থেকে ৬৫ টাকায়, বাটিক গজ কাপড় ৮০ থেকে ১২০ টাকায়। এক রঙের ভয়েল কাপড় ও চায়নিজ পপলিন পাবেন ৪৫ থেকে ১২০ টাকায়। সুতি ও শিফন ওড়না পাবেন ১২০ থেকে ৩৫০ টাকায়।পোশাকের সঙ্গের অনুষঙ্গপোশাকের সঙ্গে অনুষঙ্গ অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন মায়া রহমান। তিনি এ সময় পোশাকের সঙ্গে মিলিয়ে হালকা চটি পরার পরামর্শ দেন। হাতে কাঠের বালা বা সুতোর চুড়ি পরতে পারেন। কানে পরতে পারেন পোশাকের সঙ্গে রং মিলিয়ে ছোট দুল। গরমে ধাতুর তৈরি গয়না না পরাই ভালো। এর বিকল্প হিসেবে পরতে পারেন প্রাকৃতিক উপাদানে তৈরি দুল, চুড়ি বা বড় মালা। ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন ঝোলা ধরনের ব্যাগ। তার ভেতরে রাখতে পারেন একটি রোদ-চশমাও।