গরমে আরামের সুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ আবহাওয়ায় সুতির পোশাকই সবচেয়ে আরামদায়ক। যাঁরা মনের মতো পোশাক পরতে চান, তাঁরা সুতির কাপড় কিনে দর্জি দিয়ে নিজের পছন্দমতো বানিয়ে নিতে পারেন।দেশীয় ফ্যাশন হাউসসহ নগরের চাঁদনি চক, গাউছিয়া, নিউমার্কেটে পাবেন সুতির কাপড়ের বর্ণিল সমাহার।নগরদোলার প্রধান পরিচালন কর্মকর্তা মো. আলী আফজাল জানান, গরমের সময় চলে সুতির একচ্ছত্র রাজত্ব। সুতির মধ্যেও আছে নানান রকমফের। ভয়েল, পপলিন, তাঁত, সুতির মিশেলসহ বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যাচ্ছে। এর মধ্যে এমব্রয়ডারি, স্ক্রিনপ্রিন্ট, ব্লক, এমবোস করে কাপড়ে আনা হয়েছে বৈচিত্র্য। নকশা ও বুননের পাশাপাশি কোমল রং সুতি কাপড়গুলোকে করেছে আরও আরামদায়ক।ঢাকার চাঁদনি চক মার্কেটের ব্রিলিয়ান্ট ক্লথ স্টোরের বিক্রেতা ফায়সাল জানান, চীনা, পাকিস্তানি, ভারতীয় কাপড়ের পাশাপাশি চলছে দেশীয় তাঁতের কাপড়। কামিজের জন্য চায়না কটন, মলমল কটন, বিজিলিজ কটন, কটন জামদানি, ভেলভেট কটন—বিভিন্ন রকমের সুতির কাপড় কিনছেন তরুণীরা। সালোয়ারের জন্য ফাইন কটন, বেক্সি ভয়েল, পপলিন চলছে বেশ। এ ছাড়া বড় ফুলছাপা এমব্রয়ডারি ও চিকেনের কাপড়ও ক্রেতারা খুব পছন্দ করছেন।আপনি চাইলে হয়ে উঠতে পারেন নিজের পোশাকের ডিজাইনার। বিভিন্ন ফ্যাশন হাউসে চমৎকার ব্লাউজের কাপড় পাওয়া যাচ্ছে, দুটি ব্লাউজের কাপড় দিয়ে তৈরি করে নিতে পারেন চমৎকার একটি কামিজ। এর সঙ্গে পরতে পারেন সুতি সালোয়ার আর শিফনের ওড়না। ফার্মগেটের মণিপুরিপাড়ার লামইয়া টেইলার্সের মাস্টার জুলহাস আহমেদ জানান, সাদা, আকাশি, বেগুনি, গোলাপি—এ ধরনের রংই এখন বেশি চলছে। গরমে আরামের জন্য অনেকে ম্যাগি হাতা ও ছোট হাতা বেছে নিচ্ছেন। তবে রোদ থেকে ত্বক বাঁচাতে থ্রি কোয়ার্টার হাতার জনপ্রিয়তাও আছে। অনেকে আবার কাটা ছাড়া ফ্রকের ঢঙে কামিজ বানাচ্ছেন। সালোয়ারের নিচের দিকটা চাপা ও একটু মোটা পাইপিং চলছে বেশি। এ ছাড়া সুতি কাপড়ের সঙ্গে মিলিয়ে হালকা গোছের লেইসের ব্যবহারও জনপ্রিয়তা পেয়েছে। কামিজের জন্য সাড়ে তিন হাত বহরের কাপড় হলে দেড় গজ, আড়াই হাত হলে দুই গজ কাপড় এবং সালোয়ারের জন্য দুই থেকে পৌনে তিন গজ কাপড় কিনে নিতে পারেন। কামিজের হাতে ও গলার সামনে লেইস লাগাতে চাইলে আড়াই গজ লেইস কিনবেন আর ওড়নার চারধারের জন্য সাড়ে সাত গজ।ভয়েল কাপড় পাবেন ৮০-২৫০, বেক্সি কাপড় ৪০-১২০, চাইনিজ পপলিন ৮০-১৩০, চায়না কটন ১৫০-২৭০, মলমল কটন ২২০-২৫০, বিজিলিজ কটন ২০০-২৫০, মার্সেলাইজ কটন প্রিন্ট ৭৫০-৮৫০, কটন জামদানি ২৫০-৩৪০, ভেলভেট কটন ৩৫০-৪০০, মোগলে আজম ৬৫০-৭৫, শিফন ওড়না ১২০-৩৫০, তাঁতের কাপড় ১০০-৩৫০ ও বাটিক ৮০-৩৫০ টাকায়।