গরমে এক ফালি তরমুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুকরো করে কাটা তরমুজ, পুদিনা পাতা একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর রস ছেঁকে নিয়ে বরফকুচি দিয়ে তাতে পছন্দমতো চিনি ও বিটলবণ মেশান। প্রচণ্ড গরমে শ্রমের ক্লান্তি দূর করতে এর চেয়ে ভালো পানীয় আর কী হতে পারে! আর এটা ঝামেলার মনে হলে ঠান্ডা এক ফালি তরমুজ খেতে শুরু করুন। শরীর, মন দুটোই জুড়াবে তরমুজের মিষ্টি রসে। মাস খানেক হলো তরমুজের মৌসুম শুরু হয়েছে। ফিরিঙ্গি বাজার, রিয়াজুদ্দিন বাজার ও চৈতন্যগলিসহ নগরের বিভিন্ন আড়তে এখন তরমুজের স্তূপ। এসব আড়ত থেকে তা ছড়িয়ে যাচ্ছে নগরের পথেঘাটে, ফুটপাতে ও ফলের দোকানগুলোতে। কোনোটা হালকা সবুজের ওপর গাঢ় সবুজ ডোরাকাটা, কোনোটা হালকা সবুজ, আবার কোনোটা কালচে গাঢ় নীল। গরম যত বাড়ছে, বিকিকিনিও ততই বাড়ছে। এমন গরম পড়তে থাকলে আরও কিছুদিন ব্যবসা জমজমাট থাকবে। নগরের প্রবর্তক মোড়ে দেড় মাস ধরে তরমুজ বিক্রি করছেন আবু তাহের। মৌসুমের শুরুতে যা দাম ছিল, এখন তার চেয়ে খুব একটা দাম কমেনি বলে জানালেন। তার কাছ থেকে প্রতিটি ৬০ থেকে ১২০ টাকায় কিনছেন ক্রেতারা। দেশের নানা অঞ্চল থেকে তরমুজ এসেছে এবার চট্টগ্রামে। ফিরিঙ্গি বাজারের আড়তদারেরা জানালেন, টেকনাফ, রাঙামাটি, বান্দরবান, পঞ্চগড়, নওগাঁ, নাটোর, ভোলা, বরিশাল ও নোয়াখালী থেকেও এসেছে। এসবের মধ্যে টেকনাফ ও নোয়াখালীর সুবর্ণচরের তরমুজের কদর বেশি। টেকনাফ থেকে এসেছে মাস খানেক আগে। এখন প্রায় শেষের পথে। তবে সুবর্ণচর থেকে সবে আসতে শুরু করেছে। হালকা সবুজ ও মাঝারি আকারের এই তরমুজ গাঢ় লাল ও মিষ্টি হয়।তরমুজ কিনতে হলে চিনতে হয়। কিনে ঠকলে, বাড়িতে লজ্জায় পড়তে হয়। তবে দু-একটি কৌশল জানলে ঠকার আশঙ্কা তেমন নেই। বিক্রেতা মো. হাবীবুর রহমানের মতে, দুটো জিনিস লক্ষ রাখতে হবে। এক—টোকা দিলে ঠন ঠন করে, না ড্যাব ড্যাব করে। দুই—দাগগুলো ঘন, না ছড়ানো। যদি টোকা দিলে ভরাট অর্থাৎ ড্যাব ড্যাব শব্দ হয়, আর মাঝের দাগগুলো হালকা ছড়ানো হয় তবে পাকা হওয়ার সম্ভাবনা বেশি।এবার বেচা-বিক্রি কেমন? জানতে চাইলে ফিরিঙ্গি বাজারের রহমান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রহমান বলেন, ‘এবার ফলন ভালো হয়েছে। তবে হরতালের কারণে বেচতে পারিনি। গত কয়েক দিন আগে দেড় লাখ টাকার তরমুজ কিনে গাড়িভাড়াও তুলতে পারিনি।’ তিনি জানালেন, রাজনৈতিক অস্থিরতা না থাকলে এবার তরমুজের দাম আরও কমত। ১০০টি বড় আকারের তরমুজ সাত হাজার ৫০০, মাঝারি আকারেরগুলো পাঁচ হাজার এবং ছোট আকারের তরমুজ তিন থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হয়। নোয়াখালীর সুবর্ণচর এলাকার চাষি আজিজুল হক খেতের তরমুজ নিয়ে এসেছেন ফিরিঙ্গি বাজারে বিক্রি করতে। তিনি বললেন, ‘এবার গতবারের তুলনায় লাভ কম হয়েছে। সাত একর জমিতে তিন লাখ টাকা খরচ করে চাষ করেছি। সব মিলিয়ে বিক্রি করলাম প্রায় চার লাখ টাকা। এত কম লাভ আশা করিনি। সাড়ে তিন হাজার টাকার ট্রাক ভাড়া বেড়ে এখন হয়েছে আট হাজারের মতো। তাও হরতাল পড়লে ট্রাক আটকে থাকে।’