গরমে গোলাপি মেকআপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখ আসতে এখনো বাকি। কিন্তু গরমের আঁচ এখনই পাওয়া যাচ্ছে। পরিবর্তন চলে এসেছে সাজসজ্জায় এবং মেকআপে। চড়া মেকআপ নয়, বরং গরমে হালকা মেকআপই ভালো। হালকা গোলাপি আভায় রাঙিয়ে নিতে পারেন আপনার গ্রীষ্মের লুক। শুধু দেখতেই ভালো লাগবে না, মনেও এনে দেবে স্নিগ্ধতা। গরমের সময়টায় দিনের বেলায় হালকা গোলাপি এবং রাতের বেলায় গাঢ় গোলাপি টোনে সাজে ভিন্নতা আনা যায় সহজেই। তবে গোলাপি মেকআপ টোনের সঙ্গে ঐতিহ্যবাহী নয় বরং আধুনিক লুক আনতে হবে। জানালেন রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান। গোলাপি ব্লাশঅন, লিপস্টিক দিয়ে সাজিয়ে নিতে পারেন মুখটা। আর এ ক্ষেত্রে চোখে অন্য কোনো রং না দিয়ে হালকা গোলাপি শ্যাডোই ব্যবহার করুন। তবে সেটা যেন খুব হালকা হয়। চোখের ওপর আইলাইনার টেনে নিতে পারেন। আর মাসকারা তো দেবেনই। এ মেকআপটি করার সময় টুকটাক কিছু বিষয় খেয়াল রাখুন: হালকা ও গাঢ় গোলাপি মেকআপের সঙ্গে মিলিয়ে গয়না পরতে হবে। হালকা টোনের সঙ্গে মুক্তা, রুপা, হীরা অথবা জাংক গয়না বেশি মানানসই। মেকআপ যদি গাঢ় গোলাপির হয়, তাহলে বেছে নিন সোনার গয়না।  লিপস্টিক ও ব্লাশঅন যদি গোলাপি হয়, তাহলে চোখটা স্মোকিভাবে সাজাতে পারেন।  শুধুু কালো কাজল ব্যবহার না করে মভ, ধূসর, নীল, সবুজ রংগুলো ব্যবহার করতে পারেন।  কাজল দেওয়ার আগে চোখের নিচে একটু পাউডার ছিটিয়ে নিন। এতে কাজল ছড়িয়ে পড়বে না। কাজল লাগিয়ে ব্রাশ দিয়ে হালকাভাবে পাউডার সরিয়ে নিতে হবে। গোলাপি রংটা যেহেতু আধুনিক, সে কারণে চুলের বাঁধনটাও পুরোনো ধাঁচে না করাই ভালো। খোঁপা কিংবা বেণি বাদ দিয়ে হাই বান, পনিটেল, উল্টিয়ে চুল আঁচড়ানোই বেশ লাগবে।