
অসহনীয় এই গরমে একটু বৃষ্টি হলে নেমে আসে প্রশান্তি। কয়েক দিন বৃষ্টি হলেও আবার ফিরে আসে রোদের তীব্রতা। প্রচণ্ড গরমে ঘরে থাকতেই পছন্দ করে বেশির ভাগ মানুষ। তবে কাজের খাতিরে বাইরে যেতেই হয়, আবার কখনো কখনো বাইরে থাকতেও হয় দীর্ঘ সময়। কিন্তু গরমে বাইরে গিয়ে হঠাৎ করেই কেউ অসুস্থ হয়েও পড়তে পারে।
এ প্রসঙ্গে কথা বলেছেন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক এম এ আজহার। তিনি জানান, গরমে বাইরে গেলে প্রচণ্ড ঘাম হতে পারে ও হাতে-পায়ে অস্বস্তিকর অনুভূতি হতে পারে। এর পরের ধাপে অত্যধিক ক্লান্তি ও দুর্বলতা হতে পারে। অসুস্থতার শেষ ধাপে কেউ মাথা ঘুরে পড়েও যেতে পারে বা অজ্ঞান হয়ে যেতে পারে।
তিনি আরও জানান, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের যেসব ব্যবস্থা রয়েছে, সেগুলো যখন সঠিকভাবে কাজ করতে পারে না, তখন হিট স্ট্রোক হতে পারে। এ অবস্থায় শরীর গরম হয়ে যায় এবং রোগী অজ্ঞান হয়ে পড়ে। তবে এ সমস্যাটি সাধারণত মরুভূমির মতো উত্তপ্ত এলাকায় হয়ে থাকে।
গরমে হঠাৎ অসুস্থতার লক্ষণগুলো অনুভব করলে নিজেই স্যালাইন বা শরবত পান করতে শুরু করুন। গরম জায়গা থেকে ছায়ায় চলে যেতে চেষ্টা করুন। কাউকে অসুস্থ হয়ে যেতে দেখলে তাঁকেও দিন মুখে খাবার স্যালাইন। কোনো অসুস্থ ব্যক্তিকে স্যালাইন খাওয়ানোর পরও যদি তাঁর নাড়ির গতি দুর্বল হয়ে পড়ে বা রক্তচাপ কমে যায়, সে ক্ষেত্রে তাঁকে দ্রুত নিকটের হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন এম এ আজহার। তিনি আরও জানান, গরমে যেকোনো খাবার খুব সহজে নষ্ট হয়ে যায়। গরম আবহাওয়ায় খাবারে জীবাণু জন্মাতে পারে সহজেই। তাই ঘরে-বাইরে যেকোনো খাবারের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিলেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ আরাফাত বলেন, ‘প্রচণ্ড গরমে খুব বেশি ঘেমে যাওয়ার ফলে শরীর হারায় প্রয়োজনীয় পানি ও লবণ। পানি ও লবণের ঘাটতিজনিত কারণে শিশু ও বয়স্কদের পাশাপাশি অসুস্থ হয়ে পড়তে পারেন যে কেউ।’ এ ব্যাপারে তাঁর পরামর্শ-
> বাইরে বেরোলে পর্যাপ্ত পানি সঙ্গে রাখুন।
> ছাতা বা ক্যাপ ব্যবহার করুন।
> হঠাৎ কেউ মাথা ঘুরে পড়ে গেলে তাঁকে সঙ্গে সঙ্গেই শুইয়ে দিতে হবে, তাঁকে জোর করে বসিয়ে রাখার চেষ্টা করা যাবে না একদমই। আর তাঁকে দিতে হবে পানি ও স্যালাইন। যতটা সম্ভব ঠান্ডা স্থানে নিয়ে যেতে হবে।
> কেউ হঠাৎ অজ্ঞান হয়ে গেলে তাঁকেও সঙ্গে সঙ্গে শুইয়ে দিন। কিছুক্ষণ শুইয়ে রাখলেই তাঁর জ্ঞান ফিরে আসবে। তবে তার পরেও যদি জ্ঞান না ফেরে, সে ক্ষেত্রে তাঁকে হাসপাতালে নিতে হবে অতিসত্বর।
> গরমে বাইরে গেলে পর্যাপ্ত পানি পান করবেন। স্যালাইন, গ্লুকোজ পানি, ডাবের পানি, মানসম্পন্ন জুস, সল্টেড লাচ্ছি থেকেও পাবেন উপকার।
> আইসক্রিম বা কোমল পানীয়ও এই সময়টার জন্য ভালো।
> বাইরের খোলা খাবার না খাওয়াই ভালো। এসব খাবার থেকে হতে পারে ডায়রিয়া, বমিসহ নানা ধরনের সমস্যা।
> অসুস্থ ব্যক্তিদের ঘর থেকে বের হওয়া উচিত নয়। গরমে ঘর থেকে বের হলে তাঁরা আরও বেশি অসুস্থ হয়ে পড়তে পারেন।
> অনেক লোকের ভিড়ে হাঁচি-কাশির মাধ্যমে ছড়াতে পারে কিছু অসুখ। স্বাস্থ্যসচেতন ব্যক্তি হিসেবে তাই প্রত্যেকেরই উচিত মুখ ঢেকে কাশি বা হাঁচি দেওয়া।
এ প্রসঙ্গে আরও পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতিয়ার রহমান। তিনি বলেন, ‘গরমে বাইরে গিয়ে হঠাৎ অনেকে অসুস্থ হয়ে যেতে পারেন। তবে দাঁড়ানো অবস্থায় হঠাৎ রক্তচাপ কমে গিয়ে পড়ে যাওয়া বা শরীরে গ্লুকোজের পরিমাণ কমে গিয়ে পড়ে যাওয়ার মতো ঘটনা শিশুদের ক্ষেত্রে কমই ঘটে।’ শিশুদের ব্যাপারে তাঁর পরামর্শ-
> গরমে পানি, স্যালাইনসহ বিভিন্ন ধরনের পানীয় দিতে হবে শিশুদের।
> অনেকের শরীরে ঘাম বসে গিয়ে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকে। তাই শিশু ঘেমে গেলে কিছুক্ষণ পরপর সুতি তোয়ালে দিয়ে ঘাম মুছিয়ে দিতে হবে।
> ধুলাবালিতে অ্যালার্জি থাকলে শিশুকে মাস্ক পরিয়ে দিন।
> বাইরের খাবার শিশুদের না দেওয়াই ভালো।