গরমে পানি পান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরম পড়তে শুরু করেছে। প্রতিদিন একটু একটু করে বাড়ছে তাপ। পরিশ্রম করলেই এখন ঘেমেনেয়ে একাকার হতে হয়। সঙ্গে দুর্বলতাও ভর করে শরীরে। আবার মাথাব্যথা থাকে কখনো কখনো। রোদ বাড়ার সঙ্গে মাথাব্যথার তীব্রতাও বাড়তে থাকে। গরমের শুরুটা যদি এমন হয় তবে গরমকালটা যে জলে যাবে। গরমকালের রূপ-রস যেন উপভোগ্য হয়, সে জন্য প্রাথমিক প্রস্তুতিটা নিতে হবে জল দিয়েই।গরমে হরহামেশাই মানুষ পানিশূন্যতায় ভোগে। সবচেয়ে বেশি ভোগে শিশু, বয়স্ক ব্যক্তি আর গর্ভবতী মায়েরা। তাই গরমের সময়টাতে তাঁদের প্রতি বাড়তি খেয়াল রাখুন। মনে করিয়ে দিন পানি খাওয়ার কথা, কিংবা খাইয়ে দিন।শিশুদের কিছু আচরণ লক্ষ করে আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন শিশুটি পানিশূন্যতায় ভুগছে কি না। খুব ছোট্ট করে ব্যাপারটা যেনে নেওয়া যাক। পানিশূন্যতায় ভোগা শিশু দ্রুত নিস্তেজ হয়ে পড়ে। স্বাভাবিকের তুলনায় শারীরিক নড়াচড়া কমে যায়। শিশু যখন কাঁদে তার চোখ থেকে অশ্রু ঝরা স্বাভাবিকের তুলনায় কমে যায়। মুখগহ্বর শুষ্ক হয়ে যায়। শিশুর মেজাজ হয় বড্ড রুক্ষ। অকারণেই শিশু কান্নাকাটি করে।এ তো গেল শিশুদের বেলায়। প্রাপ্তবয়স্কদের পানিশূন্যতা হলে প্রথমেই যেসব লক্ষণ দেখা যায় তা হলো— শরীরের ত্বক বড্ড শুষ্ক দেখাবে। এত গরমেও কম ঘামাবে কিংবা ঘামাবেই না। লম্বা লম্বা শ্বাস নিতে থাকবে। দুর্বল হয়ে পড়বে শরীর, সঙ্গে মাথা ঘোরা। প্রস্রাবের পরিমাণ কমে যাবে। রং হবে হলুদ। অধিক পানিশূন্যতায় জ্ঞান হারিয়ে ফেলাটাও খুব স্বাভাবিক।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন, অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বললেন, পানিশূন্যতায় ভোগা এ সময়টায় প্রায়ই ঘটে। তাই সচেতন হতে হবে আগে থেকেই। তাঁর সঙ্গে কথা বলে আমরা জেনে নিলাম কেমন করে সুস্থ থাকতে হবে এই সময়টায়। এ সময় পানি খেতে হবে অন্য সময়ের তুলনায় বেশি করে।  পানিতে সামান্য লবণ মিশিয়ে নিতে পারেন। তবে যাঁদের উচ্চ রক্তচাপ আছে তাঁরা লবণ মেশাবেন না। এ সময় যাঁরা নিয়মিত ব্যায়াম করেন, তাঁদের পানি খেতে হবে আরও বেশি। কোমলপানীয়, কফি, চা খাওয়া কমিয়ে দিন। আখেরে এগুলো পানিশূন্যতাকেই ডেকে আনে। শিশুদের পানি খেতে উৎসাহিত করুন। ডাবের পানি খাওয়াতে পারেন নিয়মিত।  বাড়িতে তৈরি শরবত খান। তবে মনে রাখবেন, রাস্তার তৈরি শরবত এ সময়টায় একদমই বর্জন করতে হবে।