গরমে পোশাকে আরাম
দিনপঞ্জিতে শ্রাবণ মাস। ঝুম বৃষ্টি নামবে যখন তখন—এটাই স্বাভাবিক। কিন্তু আবহাওয়ার রহস্য বোঝা দায়। বৃষ্টির দিনে কটকটে রোদ আবার শরতে পানি থই থই। আর শীত আসে সপ্তাহখানেকের জন্য। উল্টে পাল্টে যাচ্ছে ঋতু চক্র। তাই ঈদ শ্রাবণে হলেও যে ঘোর বর্ষা থাকবে তা বলা যাচ্ছে না। তবে বৃষ্টি থাক না থাক ভ্যাপসা গরম পিছু ছাড়ছে না এটা নিশ্চিত। তাই পোশাক বাছাইয়ে মাথায় রাখতে হবে বিষয়টি। গরমের কথা চিন্তা করতে গিয়ে পোশাক ফ্যাশনেবল হবে না তা কিন্তু নয়। ফ্যাশন হাউসগুলো সেই চিন্তা আগে থেকেই করে রেখেছে। ফলে ঈদবাজারের পোশাকে এবার আরামদায়ক কাপড়ের প্রাধান্য। সুতি, মসলিন ও বিভিন্ন সিল্কের কাপড়ের শাড়ি, পাঞ্জাবি ও সালোয়ার কামিজে ভরপুর বাজার। পোশাকের রঙেও ঔজ্জ্বল্য চোখে পড়ার মতো—সাদা, গোলাপি, বেগুনি, নীল, বাদামি, আকাশি, হলুদ, ধূসরসহ হালকা রঙের ব্যবহার করা হয়েছে। গরমে সাদা ও অন্যান্য হালকা রঙের পোশাক শুধু তাপ শোষণই করে না, সেই সঙ্গে দেয় চোখের প্রশান্তি। তবে বৈচিত্র্য বেশি মেয়েদের পোশাকে। কামিজ ও ফতুয়ায় গোল, ভি, চার কোনা ও মেট্রো গলা বেশি। হাতার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। স্লিভলেস ও ছোট হাতার ব্যবহার চলছে। আবার থ্রি কোয়ার্টার হাতা দিয়েও কামিজ, ফতুয়া, ব্লাউজ তৈরি করছেন অনেকে। টাইট-ফিটিংসের বদলে খানিকটা ঢিলেঢালা পোশাক পছন্দের তালিকায় শীর্ষে।শাড়ি দেখা গেছে সুতি, সিল্ক, মসলিন, অ্যান্ডিকটনে নকশি, অ্যাপ্লিক, দড়ি, লেইস, বিডস, অ্যাম্ব্রয়ডারি, ওয়াশ, হ্যান্ডপেইন্ট, ব্লক, স্ক্রিনপ্রিন্ট অর্থাৎ মিশ্রমাধ্যামের কাজ। এ ছাড়া সফটসিল্ক, বলাকা সিল্ক, ক্রেপসিল্কে ডিজাইন করা শাড়িতে ব্লকপ্রিন্ট, অ্যামব্রয়ডারি, টারসেল, কারচুপি ও সিকোয়েন্সের ব্যবহার দেখা যায়। যাদের তিনবেলা শাড়ি পরার অভ্যাস তাঁরা সকালে হালকা কাজের সুতির শাড়ি পরতে পারেন। আবার রাতে অনেকের পার্টি কিংবা নিমন্ত্রণ থাকে, সে ক্ষেত্রে বেছে নিতে পারেন সিল্ক কিংবা মসলিনের শাড়ি—জমকালো কাজে উৎসবের বাহারি সাজে নিজেকে রাঙানোও হলো, আর আরামও ষোলআনা। তরুণীদের কামিজে এবারও লম্বা ঝুলের চল। সালোয়ারে চুড়িদার, চোস, স্ট্রেইট কাটিং প্যান্টই বেশি চলছে।ঈদে ছেলেদের প্রধান পোশাক পাঞ্জাবিতে গরমের ব্যাপারটা একটু বেশিই চিন্তা করা হয়েছে। যেহেতু সারা দিনই পাঞ্জাবি পরে কাটাতে হবে, তাই সুতির পাঞ্জাবিতে বাহারি কাজকে প্রাধান্য দিচ্ছেন তরুণেরা। কেউ কেউ বেছে নিচ্ছেন চেকের পাঞ্জাবি। সুতি কাপড়ের পোশাক থেকে বাদ যায়নি শিশুরাও। শিশুদের পোশাকে পাইপিং, বর্ডার, লেস দিয়ে আনা হয়েছে বৈচিত্র্য।