গরমে ফল আর শরবতের কদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরম পড়েছে প্রচুর। কাঠ ফাটা রোদ। রাস্তায় বের হলেই দরদর করে ঘাম আর তৃষ্ণায় বুক ফেটে যাওয়ার উপক্রম। এদিকে বাজারে এসেছে হরেক রকমের ফল। কিন্তু দাম বেশ চড়া। একটি আস্ত ফল কিনে খাবে এমন সাধ্য খেটে খাওয়া মানুষের নেই। তাই তাঁরা যান ভ্যানে করে কাটা ফল কিংবা শরবত বিক্রেতাদের কাছে। ফলের এ মৌসুমে ডাব, তরমুজ, আনারস, বাঙ্গি, পেঁপে, বেল, শসা উল্লেখযোগ্য। এসেছে কাঁচা আমও। নগরীর বিভিন্ন সড়কের মোড়ে এসব ফল বিক্রি হচ্ছে। আবার অনেকে টুকরো টুকরো করে কেটেও বিক্রি করছেন। আবার এ মৌসুমকে ঘিরে বিক্রি হচ্ছে বেল, পেঁপে, লেবুর শরবত। বরফ দেওয়া ঠান্ডা এসব শরবত প্রতি গ্লাস পাঁচ থেকে ১০ টাকা। আখ মেশিনে চিবিয়ে বের করা বরফ মেশানো রস প্রতি গ্লাস ১০ টাকা। আবার লেবুর শরবত বিক্রি হচ্ছে পাঁচ টাকায়। রিকশাচালক, টেক্সিচালক, দিনমজুর শ্রমিকসহ পথচারীরা তৃষ্ণা মেটাতে কিংবা একটু স্বাদ নিতে ছুটে যাচ্ছে এসব ফলের কিংবা শরবতের দোকানে। রিকশাচালক বদরুল মিয়া বলেন, এ গরমে রিকশা বেশিক্ষণ চালানো যায় না। বরফমিশ্রিত এসব শরবত খেলে গা জুড়িয়ে যায়। এসব ফলের মধ্যে আবার ডাবের কদর অনেক বেশি। ডাব বিক্রেতা মো. জামিল হোসেন জানান, আকার ভেদে প্রতিটি ডাবের দাম ১৫ থেকে ৩০ টাকা। বড়গুলো ৩৫ থেকে ৪০ টাকা। চকরিয়া এবং কক্সবাজার থেকেই বেশি ডাব আসে বলে জানালেন তিনি। নগরের রাইফেলস ক্লাব মোড়ে বেশ জমে উঠেছে এসব ফলের ব্যবসা। এ ছাড়াও কাজীর দেউড়ির মোড়, জামালখান মোড়, চেরাগি পাহাড় মোড়, নন্দনকানন, বহদ্দারহাট কাঁচা বাজারসংলগ্ন মোড়, মুরাদপুর, দুই নম্বর গেইট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চৌমুহনীসহ নগরীর আরও অনেক মোড়ে রয়েছে স্থায়ী এবং অস্থায়ী বিভিন্ন ফলের দোকান। এদিকে নগরীর বিভিন্ন জায়গায় দেখা গেছে পেঁপে, বেলের শরবত বিক্রি করতে। রাস্তার ধারে দূষিত পানিতে ধুয়ে বরফের পানিতে মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে এ শরবত বিক্রি হচ্ছে। চারপাশে মশা-মাছির আনাগোনা। এসব শরবত পানে ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন পেটের পীড়াসহ ভয়াবহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। গতকাল রাইফেলস ক্লাব মোড়ের পাশে পেঁপে, আনারস কেটে এবং বেল, লেবু ও তকমার শরবত বিক্রি করছিলেন মোহাম্মদ রুবেল। দেখা গেল, বেলের শরবতের গ্লাসে পরা মাছি হাত দিয়ে তুলে ফেলছেন। আর সড়ক দিয়ে ধুলো উড়িয়ে চলে যাচ্ছে যানবাহন। আর খেটে খাওয়া নিম্ন শ্রেণীর লোকজন এসব কিনে খাচ্ছে দেদারসে। এ ব্যাপারে মেডিসিন বিশেষজ্ঞ ও সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যাপক মুলকুতুর রহমান জানান, ‘খোলা খাবারে ধুলোবালি পড়ে। ফলে অস্বাস্থ্যকর এসব খাবারের কারণে বদহজম, ডায়রিয়া ও রক্ত আমাশয় হতে পারে।’