অনেকে মনে করেন সবজি হিসেবে লাউয়ে পানি ছাড়া আর কিছু নেই। কিন্তু এটা ভুল ধারণা। লাউয়ে পানির পরিমাণ অনেক হলেও এটি অত্যন্ত পুষ্টিমানসম্পন্ন সবজি। গ্রীষ্মের দিনে তা আপনার জন্য হতে পারে অত্যন্ত উপকারী সবজি।
একটা লাউয়ের ৯৬ শতাংশ পানি-তাই গরমের দিনে এই সবজি আমাদের শরীরের পানিশূন্যতা পূরণ করে। ক্যালরির মান বেশি নয়, তাই এটি শরীরের ওজন বাড়ায় না। ১০০ গ্রাম লাউয়ে মোটে ১৫ ক্যালরি আছে, কিন্তু আঁশ আছে প্রচুর। আছে খনিজ এবং ভিটামিন উপাদানও। পানি ও আঁশ বেশি থাকায় এটি অন্ত্রের জন্য ভালো, কোষ্ঠকাঠিন্য কমায়। লাউ প্রস্রাবের পরিমাণ বাড়ায় ও মূত্রতন্ত্রের জন্য উপকারী। এটি ক্ষারীয় বলে প্রস্রাবের অম্লতা কমায় ও প্রস্রাবের জ্বালাপোড়াও কমায়। এ ছাড়া পানি ও ভিটামিন আমাদের ত্বক সতেজ রাখে, চুল পড়াও কমায়। কম ক্যালরিযুক্ত খাবার বলে ডায়াবেটিস, হৃদ্রোগ ও স্থূলতায় আক্রান্ত রোগীদের জন্য আদর্শ সবজি লাউ। এতে আছে পর্যাপ্ত ফলিক অ্যাসিড, ভিটামিন ‘সি’ ও ভিটামিন ‘এ’ এবং ক্যালসিয়াম। গরমের খাবার হিসেবে ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় লাউয়ের কদর বেশি।
সূত্র: নিউট্রিশন ফ্যাক্ট