গরমে শাকভাত
গরম পড়েছে বেশ। এ সময় ঝোলে-শাকে ভাত খেতে ভালোই লাগবে। শরীরটাও থাকবে ঠিকঠাক। দেখুন শাহানা পারভীন-এর দেওয়া শাকের পদগুলো।ঘি দিয়ে কচি ডাঁটাশাকউপকরণ: কচি ডাঁটাশাক ২ আঁটি, চিংড়ি মাছ ১০-১২টি (মাঝারি), পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ কোয়া, কাঁচামরিচ ফালি ৩-৪টি, ঘি ২ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, শুকনো মরিচ ২টি, হলুদ গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো।প্রণালি: ডাঁটাশাক ধুয়ে কুচি করে নিয়ে হলুদ গুঁড়া, লবণ, কাঁচামরিচ রসুন দিয়ে সেদ্ধ করুন। একটি ফ্রাইপ্যানে ঘি, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, লেবুর রস, সামান্য লবণ ও চিংড়ি মাছ দিয়ে ভাজুন। ভাজা হলে তাতে ডাঁটাশাক ঢেলে দিয়ে নাড়ুন। ঘি ও ডাঁটাশাক মিশে গেলে গরম গরম পরিবেশন করুন।পুঁইশাকের ঘণ্টউপকরণ: পুঁইশাক আধা কেজি, মসুর ডাল ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৪-৫টি (ফালি), রসুন কুচি ৩ কোয়া, হলুদ গুঁড়া আধা চা চামচ, আস্ত জিরা সামান্য, শুকনো মরিচ ৩-৪টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।প্রণালি: পুঁইশাক ধুয়ে কেটে ডাঁটা ও পাতা আলাদা করে রাখুন। ডাল ধুয়ে ৩ কাপ পানি, ১ কোয়া রসুন কুচি, কাঁচামরিচ ফালি, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে চুলায় বসিয়ে দিন। ডাল সেদ্ধ হলে তাতে পুঁইয়ের ডাঁটাগুলো দিন। ডাঁটা ও ডাল মাখা মাখা হলে তাতে পুঁইশাকের পাতা ও কাঁচামরিচ দিন। অন্য একটি কড়াইতে তেল, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন ও আস্ত জিরা দিয়ে ভাজুন। ভাজা হলে পুঁইশাকসহ ডাল আস্তে আস্তে কড়াইয়ে ঢেলে দিন। কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে পরিবেশন করুন পুঁইশাকের ঘণ্ট।কাঁঠাল বিচি ও পাটশাক ভাজাউপকরণ: পাটশাক ২ আঁটি, পরিষ্কার করা কাঁঠালের বিচি ১০-১৫টি, নারকেল বাটা ২ টেবিল চামচ, চিংড়ি মাছ ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, কাঁচামরিচ (ফালি) ৪-৫টি, বোম্বাই মরিচ কুচি অর্ধেক, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।প্রণালি: কাঁঠালের বিচি পরিষ্কার করে পাতলা করে কাটুন। পাটশাক ধুয়ে পানি ঝরিয়ে কুচি করে নিন। কড়াইয়ে তেল দিন। একে একে পেঁয়াজ কুচি, নারকেল বাটা, চিংড়ি মাছ, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে নিন। কষানো হলে কাঁঠালের বিচি ও আধা কাপ পানি দিন। বিচি সেদ্ধ হলে পাটশাক, কাঁচামরিচ ও বোম্বাই মরিচ দিয়ে নাড়ুন। সব মসলা মিশে ভাজা ভাজা হলে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন।কলমি শাকের বড়াউপকরণ: কলমি শাক কুচি ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, মসুর ডাল বাটা ১ কাপ, আদা-রসুন বাটা ১ চা চামচ, ডিম ১টি, বেকিং পাউডার সামান্য, হলুদ গুঁড়া সামান্য, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।প্রণালি: তেল ছাড়া ওপরের সব উপকরণ দিয়ে মেখে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। কড়াইতে তেল দিয়ে পছন্দমতো বড়া তৈরি করে ডুবোতেলে ভেজে তুলুন এবং গরম গরম পরিবেশন করুন মজাদার কলমি শাকের বড়া।