গরমে শিশুকে আগলে রাখতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরমে প্রকৃতির সঙ্গে সঙ্গে শরীরের সহ্যক্ষমতা আর চাহিদাও পাল্টায়। আর এসব বিষয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে শিশুরা। ছবিটি প্রতীকী।
গরমে প্রকৃতির সঙ্গে সঙ্গে শরীরের সহ্যক্ষমতা আর চাহিদাও পাল্টায়। আর এসব বিষয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে শিশুরা। ছবিটি প্রতীকী।

মা-বাবার অফিসের সময় বা অন্য অনেক কাজ না পাল্টালেও মৌসুম তো পাল্টাবেই। প্রখর রোদের দিনগুলোতে প্রকৃতি আর শীতের নরম কোমল দিনগুলোর মতো থাকে না। গরমে প্রকৃতির সঙ্গে সঙ্গে শরীরের সহ্যক্ষমতা আর চাহিদাও পাল্টায়। আর এসব বিষয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে শিশুরা। তাই গরমের দিনে শিশুকে আগলে রাখতে চাই বাড়তি সতর্কতা, বাড়তি যত্ন-আত্তি। গরমে শিশুর যত্নে নিচের বিষয়গুলো খেয়াল রাখতে পারেন।


পানির বোতল

স্কুলে যাওয়ার সময় শিশুর সঙ্গে পানির বোতলে বিশুদ্ধ পানি দিয়ে দিন। খেলাধুলা, দৌড়ঝাঁপ তো আছেই রাস্তায় জ্যামে বসে থেকেই আপনার শিশুর পানির তৃষ্ণা পেতে পারে বারবার। গরমে ঘাম ঝরিয়ে শিশুর শরীর দূষিত টক্সিন মুক্ত হবে। কিন্তু এতে শরীর পানি শূন্য হয়ে পড়ে। ফলে পর্যাপ্ত পানি পান নিশ্চিত করতে শিশুকে সঙ্গে পানির বোতল রাখা এবং প্রয়োজন মতো পানি পানে অভ্যস্ত করে তুলুন।

ফলের রস-লেবু পানি

পানির মতো করেই বোতলে ভরে শিশুর সঙ্গে নানা তাজা ফলের রস দিয়ে দিন। দিতে পারেন ডাবের পানি, লেবু শরবতও। ক্লাসের ফাঁকে বা খেলার পর শিশুর পানির চাহিদা মেটার পাশাপাশি ফলের রস পান করে শিশুরা চাঙা বোধ করবে।

হালকা রং-সুতি কাপড়

হালকা রঙের কাপড়ে রোদ প্রতিফলিত হয়, গায়ে গরম কম লাগে। এ কারণেই টেস্ট খেলায় ক্রিকেটাররা সাদা রঙের পোশাক পরে থাকেন। কালো বা গাঢ় রঙের কাপড় তাপ শুষে নেয় বলে গরম লাগে। খেয়াল রাখুন গরমের দিনে শিশুদের পোশাক যেন সুতি বা এ জাতীয় নরম কাপড়ের হয়। সিনথেটিক কাপড় গরমের দিনে শিশুদের জন্য খুবই অস্বাস্থ্যকর হতে পারে।

সানস্ক্রিন-টুপি-ছাতা

দীর্ঘ সময় ধরে রোদে থাকতে হলে, মাঠে খেলাধুলা করতে হলে শিশুদের শরীরে সানস্ক্রিন মেখে দিতে পারেন। এতে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে শিশু রেহাই পাবে। আর এমনিতে রোদের মধ্যে বাইরে যেতে হলে শিশুকে মাথায় কার্নিশওয়ালা টুপি পরিয়ে দিতে পারেন। অভ্যাস করাতে পারেন ছাতা ব্যবহার করার। তাতে সরাসরি রোদ থেকে রক্ষা পাবে শিশুরা।

জাঙ্ক ফুড না

জাঙ্ক ফুড বা হাবিজাবি খাবার খাওয়া কখনোই ভালো না। বিশেষত গরমের দিনে অতিরিক্ত তেল-মসলা-চর্বিজাতীয় খাবারদাবার শিশুদের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। হজমের সমস্যা থেকে শুরু করে পেট খারাপ করাসহ নানা অসুখে পড়তে পারে শিশুরা। ফাস্ট ফুডের নামে হাবিজাবি না খাইয়ে শিশুদের এ সময়ের মৌসুমি ফল খাওয়ানোর চেষ্টা করুন।

পোকামাকড় থেকে সাবধান

গরমের দিনে মাঠে-ঘাটে, বনে-বাদাড়ে পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। খেলাধুলাই হোক বা ঘুরে বেড়ানো, এমন কোথায় যেতে হলে শিশুর গায়ে পোকামাকড়-নিরোধী লোশন মেখে দিতে পারেন। আর বাড়তি সতর্কতা হিসেবে সুতি কাপড়ের ফুলহাতা জামা, ফুলপ্যান্ট পরিয়ে দিন।

মধ্যাহ্নের খরতাপ

গ্রীষ্মকালে চেষ্টা করুন মধ্যাহ্নের খরতাপ থেকে শিশুকে দূরে রাখতে। বিশেষ প্রয়োজন না থাকলে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কড়া রোদের মধ্যে শিশুদের নিয়ে বাড়ির বাইরে না যাওয়াই ভালো। এ সময়ে ঘুম-গোসল-খাওয়া ছাড়া বাকি সময়টুকু শিশুকে ঘরের খেলাধুলায় ব্যস্ত রাখুন।