গরমে শীতল পরশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরম আসছে, ঘরে শীতল বাতাসের জন্য এসি কিনতে পারেন। ছবি: অধুনা
গরম আসছে, ঘরে শীতল বাতাসের জন্য এসি কিনতে পারেন। ছবি: অধুনা

বসন্তকাল থেকেই গরম পড়তে শুরু করে। করোনাভাইরাসের এই সময়ে বাইরে থাকাও দুষ্কর। জরুরি প্রয়োজন ছাড়া বাড়িতে থাকতে বলা হচ্ছে সবাইকে। তাই এই সময়ে বাসায় দরকার পড়তে পারে শীতল পরশের। এই সময়ে তাই অনেকে এয়ারকন্ডিশন (এসি) কেনার কথা ভাবতে পারেন। গরম এলে এসির বাজার চাঙা হয়ে ওঠে অনেকটাই। দাবদাহ থেকে মুক্তি পেতে অনেকেই স্বস্তি খোঁজেন শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে। বাজার ঘুরে পাওয়া গেল নানা রকম এসির খোঁজখবর। 

ভিন্নতা বাজারে
বাজারে রয়েছে দেশি-বিদেশি নানা ব্র্যান্ডের এসি। ব্র্যান্ডভেদে রয়েছে দামের পার্থক্য। ভিন্নতা রয়েছে ওয়ারেন্টির ক্ষেত্রেও। আবার কোনো কোনো ব্র্যান্ডের এয়ারকন্ডিশনারে আছে বিশেষ মূল্যছাড়। ভিন্নতা রয়েছে আয়তন ও নকশার ক্ষেত্রেও। একেক ধরনের এসিতে মিলবে একেক ধরনের সুবিধা। সব জেনে–বুঝে বেছে নিন আপনার পছন্দমতো এসি। 

ট্রান্সটেক
ট্রান্সকম ডিজিটালে ট্রান্সটেক ব্র্যান্ডের এসি পাওয়া যাচ্ছে। ট্রান্সটেক এসির শুরু এক টন থেকে। প্রতিষ্ঠানটির এসি কেনার ক্ষেত্রে ২৭টি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে। এ ছাড়া ৬ থেকে ৩৬ মাসের কিস্তিতে কেনার সুযোগ রয়েছে। ৬ মাসের কিস্তির ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। ট্রান্সটেক ছাড়াও ওয়ার্লপুল, প্যানাসনিক, হিটাচি ব্র্যান্ডের এসি পাওয়া যায় ট্রান্সকম ডিজিটালে।

এলজি
বাজারে আধুনিক প্রযুক্তির ইনভার্টার এসি নিয়ে এসেছে এলজি। ইনভার্টার এসিগুলো মূলত বিদ্যুত্সাশ্রয়ী হয়ে থাকে। এলজি ডুয়েল ইনভার্টার প্রযুক্তির এসি ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুত্সাশ্রয়ী। এ ছাড়া তাদের এই এসিগুলোর বিশেষ সুবিধা হিসেবে রয়েছে ওয়াই-ফাই ও মশারোধক ব্যবস্থা। এসিগুলোর কম্প্রেসরের ওয়ারেন্টি ১০ বছর। সঙ্গে রয়েছে এক বছরের যন্ত্রপাতি ও সার্ভিস ওয়ারেন্টি। ক্রেতাদের সুবিধার্থে কিস্তিতে কেনার সুবিধাও দিচ্ছে এলজি। 

এলিট
দেশের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ারকন্ডিশনারের বাজারে নতুন নাম এলিট এয়ারকন্ডিশনার। বাজারে তাদের এক, দেড় ও দুই টনের ওয়াল টাইপ এবং তিন, চার, পাঁচ টনের ক্যাসেট ও সিলিং টাইপ এয়ারকন্ডিশনার রয়েছে। যেগুলোর মূল্য ৩৯ হাজার ৯০০ টাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে। এলিট এসির প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলিট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক 

মো. নূর এ আলম বলেন, ‘বাংলাদেশের আবহাওয়ায় কোন ধরনের এসি সবচেয়ে ভালো কাজ করবে, তা নিয়ে আমাদের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) দল চার বছর গবেষণা করছে। গবেষণার ফল হিসেবে জাপানি মান অনুসরণ করে বিশ্বখ্যাত জেনারেল এসির কম্প্রেসর ব্যবহার করে আমরা তৈরি করেছি এলিট এয়ারকন্ডিশনার। যা ঘরকে দ্রুত ঠান্ডা করবে, মান অটুট থাকবে অনেক বছর।’ 

মো. নূর এ আলম আরও যোগ করেন, এলিট এয়ারকন্ডিশনার আইএসও সনদপ্রাপ্ত এবং বিএসটিআই কর্তৃক অনুমোদিত। এলিট এয়ারকন্ডিশনার দিচ্ছে পাঁচ বছরের কম্প্রেসর ও বাকি যন্ত্রাংশের এক বছরের ওয়ারেন্টি। 

উল্লেখ্য, এলিট এসির প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলিট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড মিডিয়া এয়ারকন্ডিশনারের প্রধান পরিবেশক ও দেশীয় উৎপাদনকারী হিসেবে কাজ করছে দীর্ঘ সময় ধরে। 

সিঙ্গার
দেশের বাজারে সিঙ্গারের রয়েছে তিন ধরনের এসি। স্ট্যান্ডার্ড, ইনভার্টার ও সেমি কমার্শিয়াল সিরিজ। সিঙ্গারের এসির আয়তন এক, দেড় ও দুই টন। ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে সিঙ্গার এসিতে থাকছে তিন বছরের ওয়ারেন্টি ও ফ্রি ইনস্টলেশন সুবিধা। 

ওয়ালটন
বর্তমানে বাজারে ওয়ালটনের রয়েছে বেশ কয়েক ধরনের এসি। এগুলো আয়তন এক টন থেকে শুরু। মান ও আয়তনের ভিন্নতার কারণে দামেরও ভিন্নতা রয়েছে। ওয়ালটনের ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছরের গ্যারান্টি, ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সুবিধা। এক্সচেঞ্জ সুবিধায় যেকোনো ব্র্যান্ডের এসি বদলে ওয়ালটনের নতুন এসি কেনার সুযোগ রয়েছে। 

ভিশন
আরএফএল ইলেকট্রনিকসের ভিশনের কয়েক ধরনের এসি রয়েছে। ভিন্ন ভিন্ন মডেল এবং বৈচিত্র্য রয়েছে। ভিশনের এসিগুলো আয়তন ১ থেকে ৫ টনের মধ্যে। রয়েছে সাদা, সাদা রঙের ওপর সোনালি, রুপালি ও কালো রঙের নকশা করা এসি। 

পাওয়া যাবে কোথায়
রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট, গুলশান, ধানমন্ডি, বসুন্ধরা, বনানী, রামপুরা, কাকরাইল, পুরান ঢাকা, শ্যামলী, মিরপুর, উত্তরাসহ দেশের বিভিন্ন জেলা শহরে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে এয়ারকন্ডিশনার পাওয়া যায়।

এসি কেনার আগে
এসি কেনার আগে দেখেশুনে কিনতে হবে। কোথায় ব্যবহার করবেন, সে অনুযায়ী এসি কেনা উচিত। আগে থেকে ধারণা রাখতে হবে দরদামের ওপরও। বাড়তি জানালা থাকলে কিনতে পারেন উইন্ডো এসি। এ ধরনের এসি ভেতরের গরম হাওয়া বাইরে বের করে দেয়। সিঙ্গেল হোসের চেয়ে ডুয়েল হোসের এসি ঘর ঠান্ডা রাখতে বেশি কাজ দেবে। ঘরের আয়তন বড় হলে বড় এসি কেনাই ভালো। যাঁদের প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা রয়েছে, তাঁরা স্মার্ট এসি কিনতে পারেন। এই এসিগুলো স্মার্টফোন থেকেই নিয়ন্ত্রণ করা যায়। এসি কেনার আগে নিজের ঘরের আয়তন সম্পর্কে ভালো করে ধারণা নিন। নিজের ঘরের আয়তন অনুযায়ী এসি যদি কেনেন, তাহলে ঘর অনেক ভালোভাবে ঠান্ডা হবে।

এসির যত্ন
বাজার ঘুরে দেখা গেল, বাসাবাড়ি বা অফিসে ব্যবহারের জন্য আলাদা এসি রয়েছে। ঢাকার হাজীপাড়ার মায়ের দোয়া স্টোরের বিক্রয় ব্যবস্থাপক মাসুদ আলম বলেন, ভালো ব্র্যান্ডের এসি দেখেশুনে কিনতে পারলে, সেটি প্রায় এক যুগের বেশি সময় টিকে যায়। ধুলাবালুমুক্ত পরিচ্ছন্ন স্থানে এসি বসানো উচিত। দক্ষ লোকের মাধ্যমে সঠিকভাবে এসি স্থাপন করতে হবে। এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করতে হবে। ইনডোর ও আউটডোর ইউনিটের সামনে পর্যাপ্ত খালি জায়গা রাখতে হবে, যাতে করে প্রতিটি কোনায় বাতাস ছড়াতে পারে।