গরমে সুস্থ থাকতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরমে বেশি করে পানি বা ডাবের মতো পানীয় খেতে হবে। মডেল: নন্দিনী। ছবি: অধুনা
গরমে বেশি করে পানি বা ডাবের মতো পানীয় খেতে হবে। মডেল: নন্দিনী। ছবি: অধুনা

বছরের এই সময়ে গরমের কারণে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মোকাবিলা করতে হয়। সাধারণ ঘামাচি, সর্দিজ্বর থেকে শুরু করে ইনফ্লুয়েঞ্জা, জলবসন্ত, ডায়রিয়া, জন্ডিস, সাইনাসে প্রদাহ, টনসিলে প্রদাহ, কানের নানাবিধ সমস্যাসহ হিট স্ট্রোক পর্যন্ত হতে পারে। গরমের দিনগুলোতে সুস্থ থাকার জন্য অবশ্যই বাড়তি সতর্কতা গ্রহণ করতে হবে।
এ সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহ বলেন, এই গরমে নানা রকম অসুখের মধ্যে পানিশূন্যতা, হিট স্ট্রোক অন্যতম। অবিশুদ্ধ পানি পানেও এই সময়ে নানা রকম রোগ হতে পারে। তাই এই গরমে পর্যাপ্ত ও বিশুদ্ধ পানি পান করতে হবে। অতিরিক্ত রোদ বা গরম এড়িয়ে চলতে হবে।

গরমে সমস্যা
বেশি গরমের ফলে মানুষের সবচেয়ে বেশি যে সমস্যা হয়, তা হলো পানিস্বল্পতা। শরীর অতিরিক্ত ঘেমে বের হওয়া পানির সঙ্গে প্রয়োজনীয় লবণও বেরিয়ে যায়, যার ফলে শরীরের রক্তচাপ কমে যায়, দুর্বল লাগে, মাথা ঝিমঝিম করে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তি এবং যাঁরা বাইরে কাজ করেন, প্রয়োজনমতো পানি পান করার সুযোগ পান না, তারাই মারাত্মক পানিস্বল্পতার শিকার হন বেশি।
পানিস্বল্পতা ছাড়াও গরমের কারণে আরও একটি অস্বস্তিকর রোগ হতে পারে, তা হলো ঘামাচি ও অ্যালার্জি। অনেক সময় ঘাম ও ময়লা জমে ঘর্মনালির মুখ বন্ধ হয়ে যায় এবং সেখানে সংক্রমণ হতে পারে।
গরমে যারা সরাসরি সূর্যের আলোয় বেশিক্ষণ থাকে, তাঁদের ত্বক পুড়ে যেতে পারে, লাল হয়ে যায়, জ্বালাপোড়া করে, চুলকায় এবং ফোস্কা পড়ে।
গরমে সবচেয়ে বড় সমস্যা হলো হিটস্ট্রোক। এই রোগ হওয়ার পর প্রথমে শরীরের মাংসে খিঁচুনির মতো দেখা দেয়, যাতে শরীর ব্যথা করে, দুর্বল লাগে এবং খুব বেশি পিপাসা লাগে। এরপর অনেক ক্লান্তি অনুভব হয়। শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়, প্রচণ্ড মাথাব্যথা করে, রোগীর প্রস্রাবের পরিমাণ যায় কমে এবং আক্রান্ত ব্যক্তি অস্বাভাবিক আচরণ করতে থাকে।
গরমে তৃষ্ণা মেটাতে অনেকেই বাইরের পানি বা শরবত পান করে, যা অনেক সময় বিশুদ্ধ হয় না। ফলে বমি বা ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে। একই কারণে এ সময় পানিবাহিত নানা রোগ যেমন টাইফয়েড, হেপাটাইটিস ইত্যাদি বেশি হয়। গরমে অনেকে আবার প্রচুর পানি পান করে, কিন্তু তাতে পর্যাপ্ত লবণ থাকে না, ফলে লবণের অভাব দেখা দেয়। অনেক সময় গরমে খাবার নষ্ট হয়ে যেতে পারে। ওই খাবার খেলে বদহজমসহ পেটের বিভিন্ন রোগ দেখা দিতে পারে।

গরমে করণীয়
 যতটা সম্ভব ছায়াযুক্ত স্থানে থাকতে হবে।
 বাইরে বের হলে সরাসরি রোদ যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে টুপি বা ছাতা এবং রোদচশমা ব্যবহার করতে হবে। পরনের কাপড় হতে হবে হালকা, ঢিলেঢালা ও সুতি। শরীর যতটা সম্ভব ঢেকে রাখতে হবে।
 শরীরের উন্মুক্ত স্থানে সম্ভব হলে সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করতে হবে, যা রোদে পোড়া থেকে সুরক্ষা দেবে।
 প্রচুর পরিমাণ পানি ও অন্যান্য তরল পান করতে হবে। যেহেতু ঘামের সঙ্গে পানি ও লবণ দুই-ই বের হয়ে যায়, সেহেতু লবণযুক্ত পানীয় যেমন খাবার স্যালাইন, ফলের রস ইত্যাদি বেশি করে পান করতে হবে। অবশ্যই বিশুদ্ধ পানি পান করতে হবে। এ সময় চা ও কফি যথাসম্ভব কম পান করা উচিত।
 প্রয়োজনমতো গোসল করতে হবে এবং শরীর ঘাম ও ময়লামুক্ত রাখতে হবে।
 কাজের ফাঁকে কিছুক্ষণ পর পর বিশ্রাম নিতে হবে এবং প্রচুর পানি ও স্যালাইন পান করতে হবে।
 গুরুপাক খাবার এড়িয়ে চলতে হবে। সাধারণ খাবার যেমন ভাত, ডাল, সবজি, মাছ ইত্যাদি খাওয়াই ভালো। খাবার যেন টাটকা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। নানা রকম ফল যেমন আম, তরমুজ ইত্যাদি এবং লেবুর শরবত শরীরের প্রয়োজনীয় পানি ও লবণের ঘাটতি মেটাবে।
 শিশু বা বয়স্কদের বেলায় বাড়তি সতর্ক হতে হবে। বাচ্চারা স্কুলে গেলে বা মাঠে খেলাধুলা করতে গেলে যেন বাইরের পানি বা শরবত ও খাবার না খায়, সেদিকে খেয়াল রাখতে হবে। বরং বিশুদ্ধ পানি ও পানীয় প্রহণ করে তা নিশ্চিত করতে হবে। বয়স্করা অনেকক্ষণ যেন রোদে চলাফেরা বা কাজকর্ম না করে, সেদিকেও লক্ষ রাখতে হবে।
 গরমকালে শরীরের বিভিন্ন খাঁজে হালকা পাউডার ছড়িয়ে দেবেন। তবে পাউডার যেন কোথাও বেশি না পড়ে। তাহলে লোমকূপের মুখ বন্ধ হয়ে অন্যভাবে ক্ষতি হতে পারে।
 বংশগত কারণে বা যথাযথ পরিচ্ছন্নতার অভাবে কারও কারও শরীরে দুর্গন্ধ হয়। এটি দূর করতে শরীরে সুগন্ধি ব্যবহার করতে পারেন। ট্রাইক্লোসামযুক্ত সাবান ব্যবহার করে ভালো ফল পাওয়া যায়।
 গরমের দিনে শরীরের বিভিন্ন ভাঁজে আঙুলের ফাঁকে, কুঁচকি ও বাহুমূলে দাদ, ছুলি, হাজা ইত্যাদি ছত্রাক সংক্রমণের প্রবণতা বাড়ে। প্রতিকার হিসেবে বারবার শরীরে ঘাম মুছে ফেলতে হবে। তবে বেশি ঘষে ঘাম মুছবেন না। এতে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে।
 গরমে অল্প সময়ের জন্য হলেও শরীরচর্চা করতে হবে। রোজ সকালে ঘুম থেকে উঠে আধা ঘণ্টা ব্যায়াম, সাইক্লিং, সাঁতরানো বা স্কিপিং করতে পারেন। এতে শরীরের ক্লান্তি কিছুটা দূর হবে। আর ব্যায়াম শেষে পানি খেতে হবে।
গরমজনিত কারণে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তবে দ্রুত ব্যবস্থা নিতে হবে। রোগীকে দ্রুত শীতল কোনো স্থানে নিয়ে ফ্যান বা এসি ছেড়ে দিতে হবে, না হলে অন্তত পাখা দিয়ে বাতাস করতে হবে। সম্ভব হলে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে।
গ্রন্থনা: মো. শরিফুল ইসলাম