গরমের পাশাপাশি বাড়ছে রোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসী। তাপমাত্রার পাশাপাশি বাড়ছে লোডশেডিং। অন্যদিকে, এ গরমে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটছে। ভুক্তভোগীদের বেশির ভাগই শিশু। আবহাওয়া অধিদপ্তর অবশ্য গড় তাপমাত্রা স্বাভাবিক পর্যায়েই আছে বলে জানিয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা নেই বললেও গত মঙ্গলবার রাতে বৃষ্টি হয়েছে। তবে এই ভ্যাপসা গরমে হাসপাতাল ক্লিনিকগুলোতে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার ৯০ জন শিশু রোগী ভর্তি হয়েছে। রোগীর চাপ কমানোর জন্য দৈনিক গড়ে ৪০০ জনকে সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে ২৫৬ জন শিশু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছে। এদের বেশির ভাগই ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগী। শিশুরোগ বিশেষজ্ঞ নুরুল ইসলাম খান জানান, গরম পড়ছে বেশি। এই গরমে ডায়রিয়া, শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যাই বেশি। রাস্তায় ধুলোবালি এবং অস্বাস্থ্যকর খাবার থেকেই এসব রোগের উৎপত্তি। ভুক্তভোগীদের অধিকাংশই শিশু। রোগীর সংখ্যা এত বেশি, হাসপাতালে শয্যা খালি নেই। নগরের চকবাজার বাদুরতলা এলাকার বাসিন্দা পম্পি দেবনাথ বলেন, ‘কয়েকদিন ধরে বাচ্চার সর্দিকাশি। রাস্তার কাছে বাসা হওয়ায় ধুলোবালিতে ভরে থাকে সবসময়। বিদ্যুৎ চলে গেলে বাসার ভেতরে গরমে টিকে থাকা দায়। বাইরে বের হলে তো রোদের তাপে টেকা যায় না।’