গরমের যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোদ ও হঠাৎ বৃষ্টি—দুটো থেকে বাঁচাবে ছাতা। ছবি: নকশা
রোদ ও হঠাৎ বৃষ্টি—দুটো থেকে বাঁচাবে ছাতা। ছবি: নকশা

প্রচণ্ড গরমে ক্লান্ত জনপদ। প্রচুর ঘাম হয় এ সময়টায়। পানিশূন্যতায় ভুগে থাকেন কেউ কেউ। সুস্থ থাকতে সতর্কতা আবশ্যক। ঘরের ভেতরে এবং বাইরে সব জায়গাতেই নিন নিজের বাড়তি যত্ন। কারণ নিজে সুস্থ না থাকলে প্রিয়জনদেরও যত্ন নিতে পারবেন না।

যখন বাইরে
বাইরে যাওয়ার সময় সঙ্গে ছাতা রাখুন। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়টাতে অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় অবস্থান করতে চেষ্টা করুন।
* গরমে বাইরে অবস্থান করতে হলেও ছাউনির নিচে থাকতে চেষ্টা করুন।
* সাদা রঙের কাপড় কম তাপ শোষণ করে, তাই সাদা বা হালকা রঙের পোশাক পরা ভালো। সুতির তৈরি ঢিলা কাটের পোশাক বেছে নিন।
* ওয়াইপস বা ভেজা টিস্যু রাখুন সঙ্গে। কিছুক্ষণ পরপর মুখ মুছে নিন। কিছুটা হলেও আরাম পাবেন।
* সানগ্লাস ব্যবহার করুন।
* যান্ত্রিক পকেট ফ্যান বা হাতপাখা সঙ্গে রাখুন। হোক কৃত্রিম, বাতাস তো। ঠান্ডা রাখবে আপনাকে।
* রুমাল বা টিস্যু পেপার রাখুন। ঘাম মুছে নিন। না হলে পরে এই ঘাম থেকেই জ্বর বাঁধিয়ে ফেলবেন।

বাড়ি ফেরার পর
বাড়ি ফেরার পরপরই ফ্রিজ খুলে পানি বের করে তৃষ্ণা মেটাতে ইচ্ছে করে। তবে এমনটা করলে অসুস্থ হওয়ার আশঙ্কাও থাকে বলে জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক খান আবুল কালাম আজাদ। তিনি বললেন, ‘সারা দিন গরম পরিবেশে কাজ শেষে ঘরে ফিরে পাতলা তোয়ালে দিয়ে গা মুছে ফেলুন। সাধারণ তাপমাত্রার পানিতে শরীর স্পঞ্জ করতে পারেন। ফেরার পর ঘরের তাপমাত্রায় সহনীয় পরিবেশ সৃষ্টি না করে শীতল পানীয় পান করা উচিত নয়।

পানিশূন্যতা এড়ানোর কিছু পরামর্শ
প্রতি দিন দুই থেকে আড়াই লিটার পানি পান করুন। কাজের ধরন অনুযায়ী পরিশ্রম বেশিও হতে পারে। গরম পরিবেশে যাঁদের কাজ করতে হয়, তাঁদের ঘাম বেশি হয়; তাই পানির চাহিদাটাও অন্যদের চেয়ে বেশি। তাই তাঁরা মোটামুটি আরও আধা লিটার বেশি পানি পান করুন। রমজান মাসে ইফতারের সময় থেকে ভোররাত পর্যন্ত সময়ের মধ্যেই এই পরিমাণ পানি পান করতে হবে।
ফোটানো পানি পান করুন। পাশাপাশি বিভিন্ন রকম পানীয় দিয়েও পানিশূন্যতা পূরণ করতে পারেন। লেবুর শরবত, ডাবের পানি এই সময়ের জন্য ভালো। টাটকা মৌসুমি ফলমূলও পানির চাহিদা মেটায়। সারা দিন রোজা রেখে ইফতারে ভাজাপোড়া খাবার গ্রহণ থেকে বিরত থাকুন।
অতিরিক্ত ঘাম হলে প্রতি দিন আধা লিটার ওরস্যালাইনও খেতে পারেন।
খেয়াল রাখুন প্রস্রাবের পরিমাণ স্বাভাবিক হচ্ছে কি না। প্রস্রাবের পরিমাণ কম হলে অধিক পানি পান করুন।
তবে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি দৈনিক কতটা পানি পান করতে পারবেন, তা নির্ভর করে তাঁর শারীরিক অবস্থার ওপর। তাই চিকিৎসকের পরামর্শ নিন।