গরমের সঙ্গে বাড়ছে পানির কষ্ট

প্রতিবছর গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে পানির কষ্ট। এবারও ব্যতিক্রম নয়। পানিসংকটে নগরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। বৃষ্টি না হওয়া ও পানির স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপের উৎপাদনও ওঠানামা করছে। ন্যূনতম পানি না পেয়ে অনেক এলাকায় গ্রাহকেরা ক্ষোভ প্রকাশ করছেন।
চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, নগরে গড়ে প্রতিদিন পানির চাহিদা ৫২ কোটি লিটার। গরমের সময় এ চাহিদা অনেক বেড়ে যায়। কিন্তু বর্তমানে ওয়াসা উৎপাদন করতে পারছে ১৭ থেকে ১৮ কোটি লিটার। গতকাল বুধবার ওয়াসার উৎপাদন ছিল ১৮ কোটি ৩০ হাজার লিটার, আর সরবরাহ করা গেছে সাড়ে ১৭ কোটি লিটার। এর আগের দিন পানি উৎপাদন ৩০ হাজার লিটার বেশি ছিল।
ওয়াসা আরও জানায়, চাহিদার এক–তৃতীয়াংশ উৎপাদন থাকায় বিভিন্ন এলাকায় রেশনিং করে পানিসংকট মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে। কোনো এলাকায় এক দিন, আবার কোনো এলাকায় দুই দিন করে পানি সরবরাহ করা হয়। কিন্তু গরমের কারণে চাহিদা বেড়ে যাওয়ায় এবং উৎপাদন কিছুটা হ্রাস পাওয়ায় অনেক এলাকাতেই সপ্তাহে এক দিন পানি পৌঁছানো যাচ্ছে না। প্রতিদিনই পানিসংকট নিয়ে গ্রাহকের অভিযোগের পাহাড় জমছে ওয়াসাতে।
সরেজমিনে দেখা গেছে, নগরের লালখান বাজার, হালিশহর, পূর্ব ষোলশহর, আলকরণ ও চান্দগাঁও এলাকায় পানিসংকট তীব্র হয়েছে। বিশেষ করে এসব এলাকার বিভিন্ন বস্তিতে পানির জন্য হাহাকার চলছে। এসব এলাকার বাসিন্দা জানান, তাঁরা রাত জেগে অপেক্ষায় থাকেন, কখন পানি আসবে এই আশায়। কিছু স্থানে চার-পাঁচ দিন পর্যন্ত পানি পাওয়া যাচ্ছে না।
নগরের হালিশহরের মধ্যরামপুর এলাকাতে গত ফেব্রুয়ারি মাস থেকে চলছে পানিসংকট। এ এলাকার বাসিন্দা আলম সওদাগর প্রথম আলোকে বলেন, ‘গত সাড়ে তিন মাসে মোট পাঁচ দিন পানি পেয়েছি আমরা, তাও রাত সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে। পানির অপেক্ষায় রাতের পর রাত জেগে অসুস্থ হয়ে পড়েছি। প্রতিদিন ২০০ টাকার পানি কিনতে হচ্ছে আমাকে।’
পূর্ব ষোলশহর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘একটানা চার-পাঁচ দিন পানি পাওয়া না গেলেই গরমের মধ্যে অমানবিক পরিস্থিতির মধ্যে পড়তে হয়। মাঝেমধ্যে গোসল তো দূরে থাক, খাওয়ার পানি জোগাড় নিয়ে চিন্তায় পড়তে হয়। অথচ প্রতি মাসেই পানির বিল দিচ্ছি।’
ওয়াসার এক কর্মকর্তা জানান, পানি না পেয়ে গত রোববার আলকরণ ওয়াসার আঞ্চলিক কার্যালয়ে ভাঙচুর করেছে একদল ক্ষুব্ধ গ্রাহক। নিরাপত্তাহীনতায় কোতোয়ালি থানায় এ নিয়ে অভিযোগ দিয়েছেন সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তারা।
ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী তপন দাশ (রক্ষণাবেক্ষণ, অপারেশন, বিতরণ বিভাগ) পানিসংকট প্রসঙ্গে বলেন, ‘চাহিদা অনুযায়ী আমরা পানি সরবরাহ করতে পারছি না, এটি সত্যি কথা। কিন্তু পানির উৎপাদন যাতে না কমে সে বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। গরমে পানির স্তর নেমে যায় বলে উৎপাদনে কিছুটা প্রভাব ফেলে। তবে সম্প্রতি জেলা কারাগার ও বাকলিয়া সৈয়দ শাহ রোডে দুটি গভীর নলকূপ খনন করা হয়েছে। অনন্যা আবাসিক এলাকায় নতুন আরেকটি নলকূপ খনন শেষ। এক সপ্তাহের মধ্যে এটি চালু হবে। এ ছাড়া রোজার মধ্যে লালখান বাজার ও বিসিক আবাসিক এলাকায় আরও দুটির কাজ শেষ হবে বলে আশা করছি।’
ওয়াসা সূত্র আরও জানায়, নগরে পানি সরবরাহের জন্য ওয়াসার ৯৫টি গভীর নলকূপ সচল রয়েছে। আর পানি শোধনাগার রয়েছে মাত্র একটি। ১৯৮৭ সালে মোহরা পানি শোধনাগার প্রকল্পের পর চট্টগ্রামে আর কোনো শোধনাগার প্রকল্প বাস্তবায়িত হয়নি। ফলে এই দীর্ঘ সময়ে নগরে চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান অস্বাভাবিকভাবে বেড়ে যায়। বর্তমানে পানিসংকট মেটানোর জন্য তিনটি প্রকল্পের কাজ শুরু করেছে ওয়াসা। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। আগামী বছর এই শোধনাগারের মাধ্যমে আরও ১৪ কোটি লিটার পানি যোগ করা যাবে বলে আশা করছেন ওয়াসার কর্মকর্তারা।