সিএ ভবনের ছয়তলার বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছি। জানালার ওপাশেই একটি বাঁশের মই। দঁড়ি দিয়ে বাঁধা। উঠে গেছে একেবারে নয়তলা পর্যন্ত। তারই ওপর দাঁড়িয়ে নীল রঙে বিশাল বাড়িটিকে রাঙিয়ে দিচ্ছেন একজন। ছয়তলার কার্নিশের পাশে বাদুড়ঝোলা হয়ে রং করা একটি কঠিন কাজ। যারা নিচ থেকে দেখছে কিংবা ছয়তলায় চা খেতে খেতে দেখছে লোকটিকে, তাদের মনে শঙ্কা। পড়ে যাবে না তো! কিন্তু যিনি কাজ করছেন, তাঁর অবয়বে ভয়ের লেশমাত্র নেই। ‘আপনার নাম কী?’‘মোহাম্মদ মিলন।’‘কত দিন এই কাজ করছেন?’‘১২-১৩ বছর।’‘এই যে এত উপর থেকে ঝুলতেছেন, ভয় লাগে না?’‘অভ্যাস হয়্যা গেছে, স্যার।’‘হঠাৎ রং করতেসে ক্যান, জানেন?’‘বিশ্বকাপ আইসে বইলা।’‘আপনি বিশ্বকাপের খেলা দেখবেন?’‘দেখব না! বাংলাদেশে যখন হবে, দেখা লাগবে। ’‘কোথায় দেখবেন?’‘আমাদের টিভি আছে বাসায়। বাসায়ই দেখব।’‘খেলার মাঠে তো যাওয়ার উপায় নাই?’‘গরিব মানুষ, যাব ক্যামায়?’মোহাম্মদ মিলন মনে হয় জানেন না, টিকিট পাওয়া না-পাওয়ার ব্যাপারে গরিব-বড়লোকের ব্যাপারটি যদিও আছে, তার চেয়ে বড় কথা, দিন-রাত কিউ-এ দাঁড়িয়ে খুব অল্পসংখ্যক সৌভাগ্যবানই খেলার টিকিট সংগ্রহ করতে পেরেছেন। টিকিট হাতে পাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়া একই কথা।বাড়ির কথা জানতে চাই।‘বাড়িতে কে কে আছে?’‘বাড়িতে আম্মা আছে।’‘বিয়া করেন নাই?’‘করছি। বউ আছে। একটা বাচ্চা আছে। সাত বছর। বাড়িতেই লেখাপড়া করে।’‘ঢাকায় কোথায় থাকেন?’‘গোরানে। বাড়ি ফরিদপুর। ’‘এই কাজ করতে কোথায় কোথায় যেতে হয়?’‘বিভিন্ন দ্যাশে যাইতে হয়। ’‘কীভাবে এই কাজটা পান? কে দেয়?’‘ঠিকাদার আছে। সে-ই কাজটা দেয়। ’‘কাজটা ভালো লাগে?’‘কী করব? গরিব মানুষ। ভালো লাগুক না-লাগুক, করতে হয়।’‘সকাল থেকে কাজটা করছেন, কত টাকা পাবেন?’‘কত আর পামু। সাত-আট শ টাকা পামু।’‘তাহলে তো ভালোই। আর কোনো কাজ জানেন?’‘এই কাজটাই করি। গরিব মানুষের এইটাই সুখ।’এরই মধ্যে ক্যামেরা হাতে নিয়ে কাওছার শাকিল হাজির হয়েছে। একের পর এক ছবি তুলে চলেছে মোহাম্মদ মিলনের। ডিজিটাল ক্যামেরায় শার্টার পড়ছে আর বন্দী হয়ে যাচ্ছে মুহূর্তগুলো। মোহাম্মদ মিলন রাঙিয়ে দিচ্ছেন ভবনটি। পৃথিবীতে প্রতিমুহূর্তে ঘটে যাওয়া কোটি কোটি ঘটনার মধ্যে এই ঘটনাটির কোনো আলাদা মানে কি আছে? থাকুক আর না থাকুক, রবীন্দ্রনাথের ভাষাতেই বলি, ‘একে আমি রাখব গানে গেঁথে, ছন্দে বেঁধে, সৌন্দর্য্যের অমরাবতীতে।’