রোববার বেলা একটায় ষোলশহর থেকে আয়েশা খাতুন পুত্রবধূ ইয়াসমিন আক্তারকে নিয়ে আসেন আন্দরকিল্লা জেমিসন হাসপাতালে। কথা হয় তাঁর সঙ্গে। তিনি অভিযোগ করেন, ‘শনিবার সকালে এসেছি। এখন পর্যন্ত স্যালাইন দিচ্ছে। কখন প্রসব হবে আল্লাহই জানেন।’ তবে এ ধরনের অভিযোগ না বুঝেই করা হয় বলে জানালেন হাসপাতালের কর্মচারী রফিকুল্লাহ কাদের। তিনি বলেন, ‘একটু এদিক-সেদিক হলেই রোগীরা অভিযোগ করেন। কিন্তু আমরা সব ধরনের সেবা দিচ্ছি। কেউ ওষুধ কিনতে না পারলে সেটাও আমরা কিনে দিচ্ছি।’ একই কথা বলেন সেবিকাদের তত্ত্বাবধায়ক ডেইজি বড়ুয়া। তিনি জানান, ‘একজন রোগীকে যতটুকু সেবা দেওয়া প্রয়োজন আমরা দিচ্ছি।’ হাসপাতাল সূত্র জানায়, ১৯৭৩ সাল থেকে প্রসূতি মায়েদের সেবায় কাজ করছে জেমিসন হাসপাতাল। বর্তমানে এখানে ৫০টি কক্ষ (কেবিন) ও ৩৩টি সাধারণ শয্যা আছে। জরুরি চিকিৎসা নিতে আসা গরিব রোগীদের জন্য আছে পাঁচটি বিনা মূল্যের শয্যা। কক্ষ ভাড়া ৩৫০ টাকা থেকে এক হাজার টাকা। সাধারণ শয্যার ভাড়া ১০০ টাকা। ২০ জন গাইনি চিকিত্সকসহ হাসপাতালে ১৮৮ জন কর্মকর্তা-কর্মচারী আছেন। প্রতিদিন ৭০-৭৫ জন রোগী ভর্তি হন এবং ১২-১৫টি অস্ত্রোপচার হয়। এ ছাড়া বহির্বিভাগে সেবা দেওয়া হয় ২৪ ঘণ্টা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, ‘সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত বহির্বিভাগ খোলা থাকার কথা। তবু যতক্ষণ রোগী থাকেন ততক্ষণ চিকিত্সক থাকেন। বহির্বিভাগ ফি মাত্র ৫০ টাকা। প্রতিদিন ১০০-১৫০ জন রোগী আসেন।’ নবজাতক শিশুদের নিউমোনিয়া থেকে রক্ষার জন্য রয়েছে আলাদা শিশু বিভাগ। মাত্র ৪৫০ টাকায় আলট্রাসনোগ্রাফি করা যায়। এ ছাড়াও আছে থ্যালাসেমিয়ার চিকিৎসাসুবিধা। জেমিসন হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা রোজী বিশ্বাস জানান, ‘আমরা প্রসূতি, গর্ভবতী মা ও শিশুদের সব ধরনের সুযোগ-সুবিধার দিকে নজর দিই। জরায়ু অস্ত্রোপচারে আমাদের সুনাম আছে।’ মা ও শিশু বিভাগ ছাড়াও এ হাসপাতালে আছে ডেন্টাল ইউনিট, মেডিসিন ইউনিট ও ব্লাড ব্যাংক। প্রতি ব্যাগ রক্তের দাম পড়ে ৩৫০-৪০০ টাকা। চিকিত্সকদের আসা-যাওয়া এবং জরুরি অবস্থায় রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রয়েছে অ্যাম্বুলেন্স। চট্টগ্রামে যতগুলো মাতৃসদন হাসপাতাল আছে তার মধ্যে জেমিসন সেরা—এমন দাবি করে প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘মাতৃসদন হাসপাতালের মধ্যে চট্টগ্রামে এটাই প্রধান। কিছুদিনের মধ্যেই এখানে শিশু ওয়ার্ড চালু হবে। হাসপাতালে এক্স-রে যন্ত্র ছাড়া প্রয়োজনীয় অন্য যন্ত্রপাতি আছে। কিছুদিন আগে ৫০ লাখ টাকার চিকিৎসা উপকরণ কেনা হয়েছে। ভবিষ্যতে এ হাসপাতালকে মেডিকেল কলেজ করার ইচ্ছা আছে।’