গরিবের প্রেক্ষাগৃহ
চায়ের কাপের টুংটাং শব্দ। কড়াইয়ে ডুবোতেলে ভাজা হচ্ছে সিঙাড়া। ছাপড়াঘরের ভেতর থেকে ভেসে আসছে বাংলা চলচ্চিত্রের সংলাপ, হাততালি, শিস। নায়ক মান্না বিপুলবিক্রমে একাই পিটিয়ে চলেছেন জনাবিশেক মাস্তানকে। একসময় দেখা গেল, নায়িকা পূর্ণিমাও অংশ নিয়েছেন মারামারিতে। দর্শকের উত্তেজনা বাড়ে। একজন মুঠো পাকিয়ে বললেন ‘মার মার...।’গত বৃহস্পতিবার সন্ধ্যায় আকবর শাহ বস্তির ইউসুফের চায়ের দোকানে এমন দৃশ্যই দেখা গেল। শিল্পাঞ্চল কিংবা বস্তি এলাকার যেকোনো চায়ের দোকানের চেনা ছবি এটা। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ যার নাম দিয়েছেন—গরিবের সিনেমা হল। দোকানমালিক ইউসুফ বলেন, ‘টেলিভিশন না চালালে কাস্টমার আসে না। বেচাবিক্রিও হয় না।’নগরের আকবর শাহের মাজার, পাহাড়তলী বাজার, ওয়ারলেস, ফিরোজ শাহ কলোনিসহ বিভিন্ন বস্তি এলাকার শ্রমজীবী মানুষের প্রধান বিনোদনকেন্দ্র এসব চা-দোকান। চায়ের সঙ্গে ফ্রি বাংলা কিংবা হিন্দি চলচ্চিত্র। ইউসুফ জানান, তাঁর দোকানের ক্রেতাদের বেশির ভাগই রিকশাচালক, ট্যাক্সিচালক, ফেরিওয়ালা ও দিনমজুর। তাঁদের প্রায় সবার পছন্দ বাংলা চলচ্চিত্র। ইউসুফের চা- দোকানে কথা হয় উত্তরবঙ্গ থেকে আসা দিনমজুর হাসান আলীর সঙ্গে। প্রতিদিন কাজ থেকে ফিরে এখানে আসেন বলে জানালেন তিনি। হাসান বলেন, ‘এখানে বাংলা সিনেমাই বেশি চলে। পপি, শাবনুর, পূর্ণিমা বলতে এঁরা অজ্ঞান।’দিনমজুর জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ ঘরে টিভি নাই। চায়ের দোকানে গল্পগুজব করি, সিনেমা দেখি—শখ বলতে এই একটাই।’বড়দের সঙ্গে বসে টিভি দেখছিল আট বছর বয়সী সুমন। বাংলা চলচ্চিত্রের খুব ভক্ত সে। মান্না তার প্রিয় নায়ক। সিনেমা শুরু হলেই দোকানের এক কোণে বসে পড়ে সে। সুমন বলে, ‘একেকটা সিনেমা বার বার দেখতে ইচ্ছে হয়।’পাহাড়তলী বাজারের চা-দোকানের মালিক মোকারম আলী বলেন, ‘মাঝেমধ্যে কাস্টমারেরা এক কাপ চা নিয়ে বসে থাকেন। তবে টেলিভিশনের কারণেই দোকানে যা একটু বেচাবিক্রি হয়। ’চায়ের দোকানে টেলিভিশন চালাতে তেমন কোনো খরচ নেই বলে জানালেন দোকানমালিকেরা। টেলিভিশন, ডিভিডি প্লেয়ার কেনায় একবারই যা খরচ। মোকারম বলেন, ‘দোকানগুলো আছে বলেই কিছু না কিছু বিনোদন পাচ্ছে শ্রমজীবী মানুষ।’