গরিবের বিরিয়ানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসমতি চাল, মাংস ও ঘি সহযোগে রান্না বিরিয়ানির প্রচলন করেছিলেন সম্ভবত মোগলেরা। কালের বিবর্তনে বাদশাহি এই সুখাদ্যটি এখন এ দেশের সাধারণ মানুষের টেবিলে হাজির হয়েছে। তবে কাচ্চি, হায়দরাবাদী, মোগলাই, আখনি বা চিকেন ইত্যাদি যত রকমের বিরিয়ানি আছে তার কোনোটাই নিম্ন আয়ের মানুষের জন্য সহজলভ্য নয়। কিন্তু তাদের জন্যও এ শহরে বিরিয়ানির স্বাদ নেওয়ার ব্যবস্থা আছে। ছোট প্লেটে পরিবেশিত হয় বলে একবার খেলে পেট ভরে না তবে বিরিয়ানির স্বাদ তো পাওয়া যায়।আলিশান রেস্তোরাঁ নয়, ফুটপাতে বড় ডেকচিতে বিক্রি হয় এই বিরিয়ানি। প্রতি প্লেট ১০ টাকা। ছোট হলেও মাংসের টুকরা পাওয়া যাবে এতে। পাঁচ টাকা বেশি খরচ করলে পাওয়া যাবে একটি কাবাব। আরও পাঁচ টাকা খরচ করলে সেদ্ধ ডিমও পাওয়া যায়।নগরের মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, কাজীর দেউড়ি, নিউ মার্কেট, দেওয়ানহাটসহ বিভিন্ন ব্যস্ত মোড়ে বিক্রি হয় এই বিরিয়ানি। খেতে আসেন যাঁরা, তাঁদের বেশির ভাগই শ্রমজীবী মানুষজন।ক্রেতা-বিক্রেতারা এই বিরিয়ানির নাম দিয়েছেন কাউয়া বিরিয়ানি। তবে কাউয়ার (কাক) সঙ্গে এই বিরিয়ানির কোনো সম্পর্কই নেই। জিইসির মোড় এলাকায় বিরিয়ানি বিক্রি করেন গফুর উদ্দিন। এই নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বিরিয়ানিতে ছোট ছোট মাংস দেওয়া হয়। এ কারণে হয়তো এমন নাম।’ বিরিয়ানি খেতে আসা ট্যাক্সিচালক আবু তালেব বেশ দার্শনিকের মতোই বিষয়টি ব্যখ্যা করেন। তাঁর মতে, কাক বা কাউয়া গোসল হতে এর উৎপত্তি। কাউয়া গোসল মানে হলো অর্ধেক গোসল। অর্থাৎ পুরো শরীর ভেজে না। তেমনি এই বিরিয়ানি অর্ধেক পেট ভরায়। পুরো পেট ভরায় না। তাই এর নাম কাউয়া বিরিয়ানি।কী করে রান্না হয় জানতে চাইলে ২ নম্বর গেট এলাকার বিক্রেতা মোসলেম মিয়া বলেন, ‘আখনি বিরিয়ানির প্রায় সব উপকরণ ব্যবহূত হয় এই বিরিয়ানিতে। পার্থক্য হলো আখনি বিরিয়ানিতে ব্যবহার হয় গরুর মাংস ও পোলাওয়ের চাল আর এখানে ব্যবহার করা হয় গরুর ভুঁড়ি অথবা মুরগির গলা-চামড়া এবং সেদ্ধ চাল।’ প্রতিদিন ১৪ থেকে ১৫ কেজি চালের এক ডেকচি বিরিয়ানি বিক্রি হয় বলে জানান তিনি।গত বুধবারের কথা। ২ নম্বর গেট এলাকায় নাসিরাবাদ বিদ্যালয়ের পাশেই বড় ডেকচিতে বিক্রি হচ্ছিল বিরিয়ানি। প্রায় জনা দশেক লোক খাচ্ছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। কথা হয় রিকশাচালক মোয়াজ্জেম হোসেনের সঙ্গে। কেমন লাগে?—এই প্রশ্নের উত্তরে মোয়াজ্জেমের আকর্ণ বিস্তৃত হাসি। বললেন, ‘ফাইন, খুব টেস্ট।’ তাঁর কথা শুনে উপস্থিত সবাই মাথা নাড়ে। রান্নার প্রশস্তি শুরু হয়ে যায়। হাসি-ঠাট্টা আর প্রশংসা শুনেও বিক্রেতা নির্বিকার। কাস্টমারের চাপ বাড়ছে। কথা বলার সময় কই?