গরিবের ৫ হাজার মেট্রিক টন চাল কালোবাজারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাত্ করে চালের দাম বেড়ে যাওয়ায় গরিব মানুষের কষ্টের সীমা নেই। সরকার তাঁদের সুবিধার জন্য কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) ও টেস্ট রিলিফের (টিআর) আওতায় খোলাবাজারে কম দামে চাল বিক্রি শুরু করে। এসব চাল বরাদ্দ করা হয় আপত্কালীন সরকারি মজুদ থেকে। নিয়ম হচ্ছে একজন গরিব মানুষ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দিনের নির্দিষ্ট সময় কাজ করে সর্বোচ্চ আট কেজি চাল পাবেন। কিন্তু কক্সবাজারের ঘটনা এর বিপরীত। সেখানে কাজের বিনিময়ে কাউকে ওই চাল দেওয়া হচ্ছে না। নামমাত্র নগদ টাকা ধরিয়ে দিয়ে কম দামের চাল কালোবাজারে কিনে নিচ্ছে একটি চক্র। অনুসন্ধানে জানা গেছে, জেলার আট উপজেলায় এক হাজার দুটি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সরকার চার হাজার ৯৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। এর মধ্যে গত ১৯ নভেম্বর কাবিখা কর্মসূচির আওতায় আট উপজেলার গ্রামীণ অবকাঠামো সংস্কারের জন্য ৩৯৭টি প্রকল্পের বিপরীতে তিন হাজার ৩৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ করে। এ ছাড়া গত জানুয়ারিতে বিশেষ গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় জেলার পাঁচ সংসদ সদস্যের বিপরীতে এক হাজার ৫৪৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। এসব চালের বিপরীতে প্রকল্প নেওয়া হয় এক হাজার ১০৫টি। এর মধ্যে বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ, কবরস্থান ও মন্দির সংস্কার, মাঠ ভরাট, খাল খননসহ নানা প্রকল্প ছিল। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। সূত্র জানায়, সরকারি বরাদ্দ করা প্রতিকেজি চাল বাজারে ২৯-৩০ টাকায় বিক্রি হলেও একটি চক্র কালোবাজার থেকে কিনছে ১৯-২০ টাকায়। প্রতিকেজিতে লাভের ১০ টাকা থেকে ত্রাণ ও পুনর্বাসন শাখা এবং গুদাম কর্মকর্তারা ভাগ পান। জানা যায়, নামমাত্র কাজ করে কাগজ-কলমে মাস্টার রোল দাখিল করে চাল কালোবাজারে বিক্রি করা হচ্ছে। জেলা শহরের কিছু চাল ব্যবসায়ী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) এতে জড়িত বলে অভিযোগ রয়েছে। টেকনাফের দিনমজুর আমির হোসেন, চকরিয়ার সৈয়দ আহমদ ও মহেশখালীর দলিল হোসেন জানান, গত তিন মাসে তাঁরা পাঁচ ছয়টি উন্নয়ন প্রকল্পে ৩০-৪৫ দিন কাজ করেছেন। কিন্তু কাজের বিনিময়ে চাল দেওয়া হয়নি। প্রকল্প কমিটির সভাপতি প্রতিদিন ১০০-১২০ টাকা ধরিয়ে দিয়ে সাদা কাগজে টিপসই নেন। রামুর চাকমারকুলের দিনমজুর হাবিব উল্লাহ জানান, সারাদিন রাস্তা নির্মাণের কাজ করে পাওয়া যায় ১২০ টাকা। ওই টাকায় চার কেজি চালও পাওয়া যায় না। অথচ কাজের বিপরীতে প্রতিদিন আট কেজি চাল দেওয়ার কথা শুনেছি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রকল্প কমিটির সভাপতি জানান, কাজের বিপরীতে চাল বিতরণ করতে চাইলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) কারণে তা সম্ভব হচ্ছে না। বরাদ্দপত্র (ডিও) বিক্রি করে প্রতিটন চালের বিপরীতে পাওয়া যায় ১৯ হাজার টাকা। সেখান থেকে পিআইও জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নাম করে দুই-তিন হাজার টাকা করে কেটে রাখেন। চার-পাঁচ হাজার টাকা খরচ করতে হয় কমিটির অন্য সদস্যদের বিপরীতে। বাকি ১০ হাজার টাকায় কাজের কিছুই হয় না। প্রকল্প কমিটির আরেক সভাপতি জানান, কাজের বিপরীতে বরাদ্দ করা চালের ছাড়পত্রও (ডিও) পিআইও রেখে দেন। চক্রটি কম দামে চাল কিনে বেশি দামে বিক্রি করে। আগামী ৩১ মার্চের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও কয়েক শ প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক শহরের চালবাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, কালোবাজারে কাবিখা ও টিআরের চাল বেচাকেনার অন্যতম হোতা (চক্রের প্রধান) হলেন উখিয়ার জামায়াত নেতা আবদুর রহিম। গত কয়েক মাসে তিনি প্রায় এক হাজার মেট্রিক টন চাল কালোবাজারে বিক্রি করেছেন বলে জানা গেছে। অবশ্য আবদুর রহিম অভিযোগ অস্বীকার করেছেন। সূত্র জানায়, এসব চালের সিংহভাগ নিয়ম ভঙ্গ করে কক্সবাজার সদর খাদ্যগুদাম থেকে সরবরাহ করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ওই গুদাম থেকে ৬২ মেট্রিক টন চাল মহেশখালী খাদ্যগুদামে নেওয়ার কথা বলে ট্রলারে করে চকরিয়ায় পাচার করা হয়। ৫ মার্চ সদর খাদ্যগুদাম থেকে চারটি ট্রাকে করে প্রায় ১০০ মেট্রিক টন চালবাজারের বিজয় তালুকদার ট্রেডার্স, রঙ্গলাল ট্রেডার্সসহ বিভিন্ন দোকানে বিক্রি করা হয়। রামু খাদ্যগুদাম থেকে চলতি মাসের প্রথম সপ্তাহে তিন দফায় ২০ মেট্রিকটন চাল খালাস করে কালোবাজারে বিক্রি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জানান, কয়েক বছর ধরে কাবিখা, টিআরের চাল কালোবাজারে বিক্রি করে নগদ টাকায় উন্নয়নকাজ চলছে। কাজের বিপরীতে বরাদ্দ দেওয়া চাল সিদ্ধ। খাদ্যগুদামের কর্মকর্তারা চক্রান্ত করে এখানে সিদ্ধ চাল নিয়ে আসেন। আবার যেখানে সিদ্ধ চাল দরকার সেখানে আতপ চাল সরবরাহ করেন। কক্সবাজারের মানুষ সিদ্ধ চাল খেতে অভ্যস্ত নন। এ কারণে বাজারে বিক্রি করে দেওয়া হয়। কাবিখা ও টিআর প্রকল্পের তত্ত্বাবধায়ক এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল আজিজ জানান, ‘কাবিখা টিআরের চাল কালোবাজারে বিক্রি হচ্ছে এমন অভিযোগ কেউ করেনি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ এক প্রশ্নের জবাবে আবদুল আজিজ জানান, লোকবলের অভাবে মাঠ পর্যায়ের কাজের তদারকি ও খোঁজ ঠিকমতো নেওয়া সম্ভব হয় না। জেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা গুদাম থেকে প্রকল্পের চাল কালোবাজারে চলে যাওয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, ‘বরাদ্দপত্র পেলে গুদাম থেকে চাল সরবরাহ দিই। পরে কে কোথায় নিয়ে যায় বলা মুশকিল। তবে কেউ কালোবাজারে চাল বিক্রির অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’