গরিবেরা এখানেও উপেক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সম্প্রতি তারা নতুন আইন করেছে। মুরগি নতুন ডিম পাড়লে সেটা নিয়ে যেমন আলোচনা হয়, সরকারের আইন নিয়েও আলোচনা হচ্ছে। কিন্তু এখানেও রয়েছে ধনী-গরিবের বৈষম্য। এই আইনের মাধ্যমে আবারও প্রমাণিত হলো গরিবেরা সব জায়গায় উপেক্ষিত এবং সরকার গবাদিপশু নিয়ে ভাবলেও গরিবদের নিয়ে কিছুই ভাবে না। মুখে গরিবদের উন্নয়নের কথা বললে কী হবে, তাদের চিন্তাভাবনা ওই ধনিক শ্রেণীর উন্নয়নের জন্য নিয়োজিত। খুবই আফসোসের ব্যাপার। নতুন আইনটার কথাই ধরুন। এই আইন অনুযায়ী মোটরসাইকেল আরোহীরা মাথায় হেলমেট না পরলে তাদের ফাইন অর্থাৎ জরিমানা করা হবে। এ ছাড়া গাড়ির (প্রাইভেট) যাত্রীদেরও বাধ্যতামূলকভাবে সিটবেল্ট বাঁধতে হবে। খুবই ফাইন একটা আইন। কিন্তু দেশের দরিদ্র যাত্রী, যাঁদের বাইক বা গাড়ি কেনার সামর্থ্য নেই, যাঁরা রিকশায় যাতায়াত করেন, তাঁদের কী হবে? রিকশার চালক বা যাত্রীর মাথার কি কোনো দাম নেই? রিকশাকে কি পেছন থেকে কেউ ধাক্কা দেয় না? আলবত দেয়। এই কারণেই রিকশার পেছনে লেখা থাকে—ধাক্কা দেবেন না। ধাক্কা লাগলে গাড়ির যাত্রী ছিটকে সামনে চলে যেতে পারে, কিন্তু গাড়ির বাইরে তো আর যাবে না। গাড়িতেই ঝিম মেরে থাকবে। কিন্তু রিকশা যদি কায়দামতো একটা ধাক্কা খায়, তাহলে যাত্রী-চালক ছিটকে একেবারে সীমানার বাইরে চলে যেতে পারে। অতএব রিকশার চালক ও যাত্রী উভয়েরই হেলমেট এবং সিটবেল্ট পরিধান বাধ্যতামূলক করা উচিত। আশা করি, সরকার অতি দ্রুত এ ব্যাপারে হস্তক্ষেপ করবে। ভুলে গেলে চলবে না, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।