গরু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড় বেয়ে উঠতে উঠতে সহজেই বগা পর্যন্ত এসে গেছি। আর কিছুদূর হাঁটলেই কেওকারাডং! একটুও ক্লান্ত লাগছে না। আট-দশ বছরের বাচ্চাও দিনে কয়েকবার কেওক্রাডং জয় করতে পারবে! আগামী ছুটিতে এভারেস্ট জয় করতে চলে যাব কি না ভাবছি, ঠিক তখনই কে যেন বলে উঠল, ‘অ্যাই পাভেল, ওঠ!’আমি বিরক্ত স্বরে বললাম, ‘আরে উঠছি তো। এত উঁচু পাহাড়ে উঠতে তো সময় লাগে, নাকি?’‘অ্যাই, কী বলছিস আবোল-তাবোল’ বলে কে যেন গায়ে ধাক্কা দিল। অমনি চোখ মেলতেই দেখি, আম্মা দাঁড়িয়ে। ওহ্, স্বপ্ন দেখছিলাম। তাই তো বলি, পাহাড়ে ওঠা এত সহজ কেন!‘দিলে তো ঘুমটা ভাঙিয়ে। স্বপ্নে বান্দরবান গিয়েছিলাম,’ আমাকে থামিয়ে দিয়ে আম্মা বলল, ‘বান্দরবান যেতে হবে না, বাড়িওয়ালা ডাকছে, তার সঙ্গে একটু গরুর হাটে যাও!’মেজাজ খারাপ করে বললাম, ‘দেশের শেয়ারবাজারের এই বেহাল অবস্থায় তোমাদের শেয়ারে কোরবানি দিতে কে বলেছে? তা-ও বাড়িওয়ালার সঙ্গে? আর ও ব্যাটা এত বড়লোক, সে-ই বা ভাগে কোরবানি দিচ্ছে কেন?’আম্মা এমন অগ্নিদৃষ্টিতে তাকাল যে তার সামনে থাকা আর নিরাপদ মনে হলো না।‘ও আপনি চলে এসেছেন!’ দরজা খুলেই রাশিন বলল, ‘বাবা আপনার জন্যই অপেক্ষা করছেন। বসুন। শুনলাম ঈদের ছুটিতে বান্দরবান যাচ্ছেন?’‘জি। পাহাড়ে যাচ্ছি, কেওকারাডং।’রাশিন আমার দিকে অবাক হয়ে তাকাল। বলল, ‘এই স্বাস্থ্য নিয়ে আপনি উঠবেন পাহাড়ে? শফিক সাহেবের বাড়ির ওই দেয়ালটাতে উঠেছেন কখনো?’শফিক সাহেবের বাড়ির দেয়ালটা সত্যিই বেশ উঁচু, তাই বলে সেখানে উঠতে পারব না? রীতিমতো অপমান! বললাম, ‘স্বাস্থ্য খারাপ বলে অবহেলা করবেন না। এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমও ইয়া মোটা পালোয়ান না।’রাশিন মুখ বাঁকিয়ে বলল, ‘ওরে আমার মুসা রে!’গরুর হাটে এসেছি, আর গরুর লাথি খাইনি, এমনটা কখনো হয়নি। এবারও ব্যতিক্রম হলো না। প্রথম যে গরুটার পাশে এসে দাঁড়ালাম, সেই গরুটাই সজোরে লাথি বসিয়ে দিল! ব্যথায় কাতরাচ্ছি, অমনি বাড়িওয়ালা আঙ্কেল বলে উঠলেন, ‘ইয়াং ম্যান, এ রকম দু-একটা লাথিতে কুপোকাত হয়ে গেলে চলবে? তোমার মতো বয়সে তো আমি...’তিনি গল্প ফাঁদতে শুরু করলেন। মনে মনে বললাম, ‘ব্যাটা বুড়ো, একটা লাথি খেয়ে দেখ। তারপর দেখি কত কথা বলতে পারিস!’ গরুর লাথি সহ্য করা যায়, কিন্তু বাড়িওয়ালার কথা না। সারাটা পথে তিনি লিবিয়া, মুক্তবাজার অর্থনীতি, ওয়ালস্ট্রিট কপচাতে কপচাতে এসেছেন। দুনিয়ার সব বিষয় যেন তিনি একাই জানেন।ঘণ্টা তিনেক ঘোরার পর বুঝলাম, খুঁতখুঁতে বাড়িওয়ালার পছন্দকে পাত্তা দিলে সারা দিনেও গরু কেনা হবে না। তাই আমি নিজেই একটি মোটা-তাজা গরু দরদাম করে ফেললাম। এক লাখ টাকা! টাকা গেলে বাবা আর বাড়িওয়ালার যাবে, আমার কী!ফেরার পথে গরুর জন্য কেনা মালাগুলো কায়দা করে বাড়িওয়ালার গলায় পরিয়ে দিলাম। তাকে লাগছে রাজনৈতিক নেতাদের মতো। পথে যে-ই দেখে, সে-ই গরুর দাম জিজ্ঞেস করে—‘ও ভাই, কত?’বাড়িওয়ালা খুশিমনে উত্তর দেন, ‘এ-ক লা-খ!’দুষ্ট প্রকৃতির ছেলেরা মাঝেমধ্যে জিজ্ঞেস করে, ‘ওই গরু, ওই গরু, কত?’ছেলেগুলো যে বাক্যে ‘কমা’র ব্যবহারটা ঠিকমতো করছে না, সেটা বাড়িওয়ালা ধরতে পারেন না। তিনি স্বাভাবিকভাবে জবাব দিতেই কেউ কেউ আবার বলে ওঠে, ‘কোনটা, সামনেরটা না পেছনেরটা?’বলাই বাহুল্য, গরুটা হাঁটছে বাড়িওয়ালার সামনে, আর বাড়িওয়ালা গরুটার পেছনে!আমি বেশ উপভোগ করছিলাম। কিন্তু বিপত্তি বাধল ঠিক বাসার কাছাকাছি আসতেই। এলাকায় এরই মধ্যে আরও অনেক গরু আনা হয়েছে। সেগুলোর মধ্যেই একটি নিয়ে হাঁটছিল কয়েকজন। আমাদের গরুটা দেখেই ওটার কী হলো, এমনভাবে তেড়ে এল যে ছোট ছেলেগুলোর পক্ষে ওটাকে ধরে রাখা সম্ভব হলো না। আমাদের গরুও কম না। প্রতিপক্ষকে তেড়ে আসতে দেখে সে-ও এমনভাবে এগিয়ে গেল যে ধরে রাখা দড়িটা প্রাণপণে টেনেও আমি তাকে সামলাতে পারলাম না। দিলাম দড়ি ছেড়ে। ‘গরু ছুটছে...’ বলেই রাস্তায় দাঁড়ানো সব ছেলেপেলে দৌড় দিল। দুই গরুর সংঘর্ষ থামানো আমার কাজ না। পাশের গলি ধরে আমি শফিক সাহেবের বাড়ির দিকটায় চলে এলাম। এদিকটায় আর কেউ নেই। দাঁড়িয়ে দেখতে থাকলাম। কয়েকজন সাহসী লোক পাওয়া গেল, যারা এই সংঘর্ষের মধ্যেও অন্য গরুটি ধরে ফেলল। আর তখনই আমাদের গরুটা ঘুরে দৌড় দিল শফিক সাহেবের বাড়ির দিকে! আরও স্পষ্ট করে বললে, ঠিক আমার দিকে!সরু গলির দুই পাশেই দেয়াল বলে ডানে-বাঁয়ে যাওয়ার উপায় নেই। সামনে তেড়ে আসা গরু, পেছনে শফিক সাহেবের বাড়ির পেছনের দেয়াল। দেয়ালেই উঠে পড়তে হবে। তেড়ে আসা গরুর পেছনে ছুটতে থাকা লোকগুলোও তা-ই বলছে। বাড়িওয়ালার কণ্ঠও শুনতে পেলাম, ‘দেয়ালে উঠে বসো।’ আমি দ্রুত দেয়াল বেয়ে উঠতে গেলাম। এই দেয়ালে আগেও অনেকবার উঠেছি, কিন্তু আজ কেন হাত ফসকে যাচ্ছে, কে জানে!দেরি যা হওয়ার হয়েই গেল। গুঁতো মারার এমন অপূর্ব সুযোগ হাতছাড়া করল না গরুটা!পরিশিষ্টহাসপাতালের বেডে আধশোয়া হয়ে ল্যাপটপে গরুর গুঁতোবিষয়ক পড়াশোনা করছিলাম। এমন সময় দরজা ঠেলে ভেতরে ঢুকল রাশিন। হাতে ফুলের তোড়া। রাশিন এমনিতেই সুন্দর, কেন যেন আজ তাকে আরও বেশি সুন্দর লাগছে। একটা মানুষের পক্ষে এর চেয়ে বেশি সুন্দর হওয়া সম্ভব কি না ভাবছি, তখনই রাশিন বলে উঠল, ‘ওরে আমার বীর রে! বলেছিলাম না সামান্য একটা দেয়াল বেয়ে উঠতে পারেন না, উনি উঠবেন পাহাড়ে! হাহ্!’আমার ভাবনার বিষয় পরিবর্তিত হলো। এত সুন্দর একটা মানুষের কথাগুলো এতটা তিক্ত হয় কীভাবে!