
তখন কলেজের ফার্স্ট ইয়ারে। বন্ধুরা মিলে প্রতিদিন ঈদগাহের মাঠে বাধ্যতামূলকভাবে সান্ধ্যকালীন আড্ডা দিই। একদিন সন্ধ্যার দিকে গিয়ে দেখি ঈদগাহের পাশের বিশাল ড্রেনে একটা গরু ‘স্লিপ অব ঠ্যাং’ হয়ে নিচে পড়ে গেছে! গরুর ফেস কাটিং দেখে আমরা নিশ্চিত হলাম ‘সে’ আমাদের পূর্বপরিচিত! কারণ, প্রতিদিন বিকেলে এই মাঠেই সে নিয়মিত ঘাস খায়! কোন দুঃখে আজ সে ড্রেনে ঝাঁপ দিয়েছে, তা কেউ জানে না! উৎসুক জনতা গরুর শিং আর লেজে দড়ির প্যাঁচ দিয়ে টেনেটুনে কোনোমতে ওঠানোর চেষ্টা করতে গিয়ে ওটাকে মোটামুটি আধমরা বানিয়ে ফেলেছে। তাই শেষ মূহূর্তে ফায়ার ব্রিগেড অফিসে ফোন দেওয়া হলো। আক্ষরিক অর্থেই ফায়ার ব্রিগেডের লোকজন ভয়ানক শব্দে সাইরেন বাজাতে বাজাতে ঘটনাস্থলে হাজির! এসেই তাঁরা জীবন বাজি রেখে বড় ড্রেনটায় নেমে গরুটাকে এক বিশেষ টেকনিকে দড়ি বেঁধে ওপরে তুলে আনলেন! ততক্ষণে গরুর গায়ের রং মহিষের মতো হয়ে গেছে! হয়তো আইডেন্টিটি ক্রাইসিসে ভোগার কারণে ড্রেন থেকে উঠেই সে ফায়ার ব্রিগেডের ভাইদের কোনো ধরনের ধন্যবাদ না দিয়ে একটা শরীর ঝাড়া দিয়ে রাস্তার মাঝ বরাবর দৌড়!
কাজী তানভীর আহমেদ
হামিদউদ্দিন রোড, কাঁচিঝুলি, ময়মনসিংহ