গরু কাহিনি
এই, গরু আসছে, গরু! সর-সর! আরে ভাই, জায়গা দেন না, গরু গুঁতা মারবে তো। প্রতিবছর বেলাল সাহেবের কোরবানির গরুটা যখন আনা হয়, তখন পাড়ায় এক রকম হইচই পড়ে যায়। দৃশ্যটা দেখে খুব মজা পান তিনি। কারণ, তাঁর ধারণা, এ পাড়ার সবচেয়ে বড় গরুটাই তিনি কেনেন প্রতিবার। গরু আনার আগে আয়োজন শুরু হয়ে যায় বেলাল সাহেবের ঘরে। রাস্তাঘাট পরিষ্কার করা হয়, ফুল দিয়ে ঘর সাজানো হয়। আর গরুর সাজ দেখলে তো টাসকি লেগে যায়, এ কি গরু, নাকি নববধূ! পাড়ার দুষ্টু ছেলেরা তো বলেই ফেলে, বেলাল সাহেব ছেলের বউ নিয়ে আসছেন। গরু আনার পর শুরু হয় তার প্রচারণা। হাবলার কাজ শুধু গরুর দামটা সবাইকে জানানো। তবু নিজেকে সামলাতে পারেন না বেলাল সাহেব। টিভি চ্যানেলগুলোর মতো সারা দিন একই খবর তাঁর কাছেও, ‘জানেন ভাই, আমার গরুটার দাম কত? এই হাবলা, বলিস না কেন, এক লাখ টাকা! আরও বড় গরু কিনতাম, কিন্তু বাজারে এর চেয়ে বড় গরু ছিল না। গরুটা দেখতে ভালোই কিন্তু।’ আফসোস বেলাল সাহেবের, আজ পর্যন্ত কোনো সাংবাদিক এল না তাঁর গরুটার খবর ছাপতে। কত শখ ছিল, গরুসহ তাঁর একটা ছবি ছাপা হবে পত্রিকায়। টিভি চ্যানেলগুলোও ব্যস্ত শুধু ইলিশ মাছ কখন ডিম পাড়বে, র্যাব কাকে ক্রসফায়ারে দিল—এসব হাবিজাবি সংবাদ নিয়ে। তাঁর ঘরে যে এত বড় খবর, তা কারও নজরেই আসে না! সেদিনও পাড়ার পাগলা নুরুর ঘরে সাংবাদিক এসেছিল। ওর বউ নাকি তিনটি যমজ সন্তান প্রসব করেছে, সে খবর ছাপতে। বেলাল সাহেব এক সাংবাদিককে সপরিবারে দাওয়াত করে খাওয়ালেন তাঁর গরুর খবরটা ছাপানোর আশায়। কথা প্রসঙ্গে তিনি ব্যাটাকে বলেছেনও গরুটার মালিকসহ একটা ছবি নিতে। ব্যাটা বলে কিনা তাঁর ক্যামেরায় এত বড় গরুর ছবি ওঠে না, ভালো ক্যামেরা লাগবে। বেলাল সাহেব ঠিক করলেন, সংবাদ সম্মেলন করবেন। এতে এক কাজে দুই কাজ হবে। সরকার নিয়ে কথা বলে তিনি নিজেও হিরো বনে যাবেন, আবার তাঁর গরুর খবরটাও জানিয়ে দেবেন সবাইকে। এ ছাড়া সাংবাদিকেরাও নিরপেক্ষ খবর দিচ্ছেন না গরু নিয়ে। পাশের গ্রামের কাশু মাস্টারের ছোট্ট গরুটারে ক্যামেরার সাহায্যে এত বড় করে টিভিতে দেখানো হলো, অথচ তাঁর গরুটা হাটের সবচেয়ে বড় হলেও সেটা নিয়ে কোনো খবর হয়নি। বেলাল সাহেব মনে মনে খুব খুশি। দেরিতে হলেও এবার বুঝি তাঁর গরুর খবরটা দেশবাসী জানবে। পরের দিনই ঘটল বিপত্তিটা। বেলাল সাহেবের গরুটা নিখোঁজ। সারা দিন খুঁজেও ওটার কোনো হদিস মিলল না। গভীর রাতে বেলাল সাহেবের মুঠোফোনে একটা কল এল। তাঁর গরুটা অপহরণ করা হয়েছে। ৫০ হাজার টাকা না দিলে কোরবানির আগেই ওটাকে জবাই করে সাবাড় করা হবে। যাক বাবা! এতগুলো ছেলেমেয়ে থাকতে সন্ত্রাসীরা শেষ পর্যন্ত তাঁর গরুটা অপহরণ করল। খুশিই হলেন বেলাল সাহেব। এবার তাঁর গরুর খবর ঠেকায় কে! দুঃখ এটুকু, গরুর সঙ্গে তাঁর কোনো ছবি থাকবে না।ফারহানা রহমানবড় মগবাজার, ঢাকা।