সকাল থেকে গরুর হাটে। গরুর গায়ের গন্ধে ভরে আছে শরীর। চার-পাঁচটা গরুর মাঝে, একটা বাঁশের ওপর বসে আছি। আমার কাছাকাছি গরুটা কেবল এদিক-ওদিক পালানোর চেষ্টা করছে। বাঁশের সঙ্গে বাঁধা বলে সুবিধা করতে পারছে না। গরুটা বিক্রি হয়ে গেছে। আমার ছোট চাচা গেছে বাসায় বাড়তি টাকা আনতে। বাবা, বড় চাচা, ভাইয়ারা দাঁড়িয়ে আছে একটু দূরে। হঠাৎ করে আমার চোখ আটকে গেল দুই-তিন সারি সামনে। কয়েকজন লোক গরু দামাদামি করছে। চোখ আটকানোর কারণ একটাই, কয়েকজনের মধ্যে যে আমার প্রেমিকার বাবাও আছেন। আমি কৌতূহলী হয়ে কাছে গেলাম। দেখি, দামাদামি শেষ। এখন গরু টানার পালা। ওর (প্রেমিকার) বাবা আমাকে চিনতেন না, চিনলেও বোধ হয় সে সময় আমার চেহারাসুরত তাঁকে বিভ্রান্ত করল। হঠাৎ তিনি আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, ‘এই, গরুটা ধর।’ আমি বললাম, ‘আমি?’ তিনি বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ।’ তাঁর ভাব দেখে আর বুঝতে বাকি রইল না যে তিনি আমাকে ‘গরু টানা’ লোক মনে করেছেন। আমি বিন্দুমাত্র অপমানিত বোধ না করে যথারীতি উৎসাহের সঙ্গে গরুর বাঁধন খুলতে লাগলাম। ওদের বাসা খুব দূরে ছিল না। অল্প সময়ে পৌঁছে গেলাম। গরু দেখতে কিছুক্ষণ পর ‘সে’ নামল। আমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আবার তাকাল। চোখে ঘোর বিস্ময় ‘সত্যিই আমি কি না!’ আমি চোখ টিপ দিলাম। সে ভ্রু কপালে তুলে হাঁ করে আছে। একটু পরে তার বাবা এসে ‘টানা’ নেতাকে টাকা দিল, যার ভাগ আমিও পেলাম। সাদমান মাহমুদপীরজঙ্গি মাজার, ঢাকা।