গরু নিয়ে কাণ্ড

তখন এসএসসি পরীক্ষা সামনে। কোরবানির ঈদ সামনে। একদিন কোচিংয়ে গিয়ে শেষে শুনি মডেল টেস্ট হবে না। তার মানে তিন ঘণ্টা আগেই বাসায় ফিরতে হবে। আর বাসায় গিয়ে আবারও সেই পড়ালেখা! কি করি?
স্কুলমাঠে ক্রিকেট খেলারও ইচ্ছে নেই। পাঁচ বন্ধু মিলে ঠিক করলাম গরুর হাটে যাব। গরুর হাট প্রায় চার মাইল দূরে। পকেটে ১৫-২০ টাকার বেশি নেই। তাই টেম্পো করে হাটে গেলাম। গিয়েই গরু দেখতে শুরু করলাম। সেবার চট্টগ্রামে এসেছিল বিশাল সাইজের গরু আর ভারতীয় উট।
আমরা যথাযথ ‘মুড’ নিয়ে বেশ কয়েকটা গরু দরদাম করে ফেললাম। দরদামের একেবারে শেষ পর্যায়ে গিয়ে বললাম, ‘আমরা পছন্দ করে যাচ্ছি, মুরুব্বিরা এসে কিনে নিয়ে যাবেন।’ বিক্রেতারাও প্রচুর উৎসাহ নিয়ে ফেরার আগে গরু বাঁধার জায়গাটা মানচিত্র সহকারে বুঝিয়ে দিচ্ছিলেন, যেন বাড়ির বড়দের সঠিক দিকনির্দেশনা দিতে পারি! আর আমরা তো দরদাম শেষ করেই সোজা চম্পট।
তৌহিদুল ইসলাম চৌধুরী
পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম।