গরু, মামা কত?

২০১৩ সালের ঈদুল আজহার চাঁদরাতের কথা। মামাতো ভাই সামিন, দুই বন্ধু সাবিত, নজরুল আর আমি ঠিক করলাম, গোটা মিরপুর ঘুরব রিকশায় করে, আর গরু দেখব। রাস্তায় বের হওয়ার পর আমাদের মাথায় দুষ্ট বুদ্ধি চাপল। আমরা যখনই দেখি মানুষজন গরু নিয়ে যাচ্ছে তখনই ‘অই গরু, মামা কত?’ বলে চেঁচাই! গরুওয়ালারাও হাসিমুখে উত্তর দেয়, ‘এত হাজার টাকা।’ আর আমরা হেসে গড়াগড়ি খাই। রিকশাওয়ালা মামাও খেলাটায় মজা পেতে শুরু করলেন। তাই গরু দেখলেই তিনি রিকশার গতি কমিয়ে দিচ্ছিলেন।
তো আমাদের খেলাটা চলছে, কেউ আসল কথাটা বুঝতেও পারছে না! সামিনও প্রথমবার জবাব পেয়েছে। কিন্তু বেচারা দ্বিতীয়বার আর তৃতীয়বার যখন প্রশ্নটা করল, গরুওয়ালা বুঝে ফেলল ঘটনাটা কী! লোকটা উত্তর না দিয়ে কটমট করে তাকিয়ে রইল আমাদের দিকে! হাতে গরু পেটানোর লাঠি। শরীরটাও গাট্টাগোট্টা! ভাগ্যিস, আমরা একটু দূর দিয়ে যাচ্ছিলাম!
মিরপুর, ঢাকা