
গরুর শিংয়ে রঙিন কাপড় আর গলায় রঙিন মালা যেন খানিকটা বাড়তি মাত্রাই যোগ করে। কোরবানির পশু আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে ক্রেতা-বিক্রেতা কোনো পক্ষেরই আগ্রহের কমতি নেই। চিরাচরিত এ বিষয়ে নতুন মাত্রা দিয়েছেন ঢাকার তরুণ সামিন জোয়াহার। পশুর গলায় ফুল আর ঝিকিমিকি জরির সুতা লাগানোর সঙ্গে ভেলভেটের কাপড়ে এমব্রয়ডারি করা বাহারি নকশায় তিনি সাজিয়ে তুলছেন গরু। তাঁর এ কাজের যাত্রা শুরু একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে। ‘জমজমাট কোরবানির হাট’ নামের এই ফেসবুক গ্রুপে মূলত পশুর হাটে গরু দেখার অভিজ্ঞতা ভাগাভাগি করা হয়। ২০১৩ সালে মজা করেই চালু হয়েছিল এই গ্রুপ। এখন গ্রুপটির সদস্যসংখ্যা প্রায় ৩৫ হাজার। সামিনের সঙ্গে অ্যাডমিন হিসেবে যুক্ত আছেন ওয়াসিফ রহমান ও ফাহাদ হোসেন। পেশাগত জীবনের পাশাপাশি নিজেদের শখের জায়গা থেকেই তাঁরা যুক্ত হন পশু সাজানোর কাজে।
২০১৫ সাল নাগাদ পশুর হাটে ঘুরতে গিয়ে সামিনের মাথায় প্রথম ভাবনা আসে গরুকে সাজানোর বিষয়টি। ওই বছর থেকেই পশু সাজানোর নানা উপকরণ নিয়ে পরিকল্পনা করতে থাকেন তিনি। ২০১৬ সালের কোরবানি ঈদে প্রথমবারের মতো নিজের হাতে নকশা করে গরুর মালা বানান সামিন। বাহারি নকশা আর চোখধাঁধানো রং নজর কাড়ে ক্রেতাদের। সব মিলিয়ে শুরুর বছরেই প্রায় ৩০০ গরুর মালা বিক্রি করেন তিনি। পুরান ঢাকা থেকে প্রয়োজনীয় কাঁচামাল কিনে এনে নিজের বাসাতেই পুরো মালার কাজ করেন সামিন। সাধারণ ক্রেতাদের পাশাপাশি কৃষিখামারের মালিকেরাও আগ্রহী হয়ে ওঠেন সামিনের এই নতুন ধাঁচের গরুর মালায়।

কোরবানির পশু সাজানোর এমন বাহারি আয়োজন থেকে আর কেই–বা দূরে থাকতে পারে? বিষয়টি বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিলেন সামিন। তিনি বলেন, ‘বাজারে গরু সাজানোর যে মালা পাওয়া যায়, সেগুলো ক্রেতার পছন্দ অনুসারে বানানো নয়। আবার সেগুলো খুব একটা টেকসই নয়। ক্রেতাদের এসব সুবিধার কথা মাথায় রেখেই আমি কাজ করার চেষ্টা করেছি।’ তবে গরুর সাজগোজ ঠিক রাখা তো আর সহজ কথা নয়। মালার বাহারি নকশা যেন বেশি ভারী না হয়, সে বিষয়টাও মাথায় রাখা প্রয়োজন। এ ছাড়া নানা জাতের গরুর গলার মাপও ভিন্ন। ১৮ থেকে ২২ ইঞ্চি পর্যন্ত মাপের মালা বানান সামিন। তাই কোন জাতের গরুতে কোন মাপের মালা মানাবে আর সেটা গরুর জন্য বিরক্তিকর হবে না, এসব বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হয় তাঁকে।
এ বছরও গরু সাজানোর এই মালা তৈরির কাজ শুরু করেছেন সামিন। প্রতিবছরের মতো গরু সাজানোর আনন্দ ক্রেতাদের মাঝে আরেকটু বাড়িয়ে দিতে এবার ভিন্ন আদলে মালা বানিয়েছেন তিনি। চোখধাঁধানো নকশার মালার পাশাপাশি গরুর মুখের জন্য ভিন্ন সাজের মুখোশ আর গরুর কুঁজের জন্য রয়েছে রঙিন পালক। সব মিলিয়ে এই গোটা সাজসজ্জা নজর কাড়বে যে কারোর।