>ঈদ উপলক্ষে হাটে উঠেছিল লাখ লাখ গরু। গরুদের যদি ফেসবুক আইডি থাকত, হাটে ওঠা নিয়ে কেমন হতো তাদের স্ট্যাটাস? ভেবেছেন শরীফ মজুমদার
স্মৃতিকাতর গরুর স্ট্যাটাস : জাবর খাঁ
আজ থেকে তিন বছর আগে প্রথম হাটে উঠেছিলাম। স্মৃতির পটে আজও সেই দিনটি অমলিন। হাটে ওঠার মাসখানেক আগে থেকেই মালিকের বাড়তি যত্ন-আত্তিতে বুঝতে পেরেছিলাম কিছু একটা ঘটতে চলেছে। তারপর এল সেই মাহেন্দ্রক্ষণ। বুকের মধ্যে উত্তেজনা। সঙ্গে কেমন একটা চাপা কষ্ট। আমার এই চিরচেনা গোয়ালঘর, সবুজ ঘাসের বিস্তৃত মাঠ, খড়ের গাদা—সবকিছু ছেড়েছুড়ে কোন অজানার পথে পা বাড়িয়েছি! চোখের কোণে বিন্দু বিন্দু জল জমে উঠল। হাটে গিয়ে মনটা আরও দমে গেল। নতুন পরিবেশ, চারপাশে কত নতুন নতুন মুখ। সবার চোখে-মুখেই উদ্বেগ আর উৎকণ্ঠা। এখন যেমন মাঠ ছাড়িয়ে হাট রাস্তায় এসে পড়ে, তখন এমনটা ছিল না। তবে এখনকার মতোই জমজমাট ছিল। আমি যে হাটে উঠেছি তার আশপাশে তখন সব ডোবা-নালা ছিল। এখন তো পুরো চেহারাটাই বদলে গেছে। দেখে কে বলবে এখানে একসময় বুকসমান পানি ছিল! টানা তিন বছর হাটে উঠছি, কতজনের সঙ্গে পরিচয় হয়েছে, চোখের সামনেই কতজনকে বিদায় নিতে দেখেছি, কত আনন্দ-বেদনার স্মৃতি বুকে জমা হয়ে আছে! মাঝেমধ্যে জাবর কাটার সময় আবেগের দরজায় স্মৃতিরা কড়া নাড়ে। আপন মনে হাম্বা রবে গেয়ে উঠি, ‘পুরানো সেই দিনের কথা...’। সেই হাম্বায় কত দীর্ঘশ্বাস মিশে থাকে, কেউ তার খোঁজ রাখে না!
সমাজসচেতন গরুর স্ট্যাটাস : ইন্টেলেকচুয়াল ধেনু
ভেবেছিলাম কিছুই বলব না। কীই-বা হবে বলে! সব অরণ্যে হাম্বা ডাকা। কিন্তু না বলেও থাকতে পারলাম না। হাটে এত অনিয়ম, বিশৃঙ্খলা, অরাজকতা—দেখার যেন কেউ নেই। এত বছর হয়ে গেল এখনো একটা সিস্টেমের মধ্যে এল না কিছুই। বরং দিন দিন যেন আরও অবনতি হচ্ছে। ইজারাদাররা আছে কেবল পকেট ভারী করার তালে। গো-অধিকার কিংবা ছাগাধিকার বলে যে কিছু একটা আছে, তারা এর থোড়াই কেয়ার করে। নাকি হাটে যারা ওঠে তাদের গো-অধিকার, ছাগাধিকার থাকতে নেই? অবশ্য আমাদেরই বা দোষ কম কিসে! এত এত অনিয়ম দেখেও সবাই বলদের মতো সব মুখ বুজে সহ্য করে যাচ্ছি। কোথাও প্রতিরোধ নেই, প্রতিবাদের এতটুকু হাম্বা রব নেই। আর আমাদের ইয়ং জেনারেশন? এক একটা কলুর বলদ! আমি এদের নিয়ে খুবই শঙ্কিত।
মোটিভেশনাল স্পিকার গরুর স্ট্যাটাস : উদ্দীপ্ত হ্যামবা
গত বছরের কথা। রোজার ঈদের পর শুনলাম, আমাকে কোরবানির হাটে তোলা হবে। জন্ম থেকেই খাওয়াদাওয়ায় অরুচি। এটা খাই না, ওটা ভালো লাগে না। রোগা-পটকা হাড়-জিরজিরে শরীর, ঠিকমতো হাম্বা ডাকারও শক্তি ছিল না। তার ওপর গায়ের রংটাও মরা। কীভাবে কী হবে ভেবে কূল পাচ্ছিলাম না। মালিক যথেষ্ট চেষ্টা করলেন। সামান্য উন্নতি হলো, কিন্তু বলার মতো নয়। যা হোক, ভাবলাম হাটে উঠলে একটা ব্যবস্থা হবেই। কম বাজেটের কেউ নিশ্চয়ই নিয়ে নেবে। পরপর পাঁচ দিন হাটে উঠলাম। এই হাট থেকে সেই হাট, এই বাজার থেকে সেই বাজার। দাম জিজ্ঞেস করা তো দূরের কথা, কেউ ফিরেও তাকায়নি! আশপাশের গরু-ছাগল সবাই কত হাসাহাসি করত। নিজের জন্য যতটা নয়, তার চেয়ে হাজার গুণ বেশি খারাপ লেগেছে মালিকের জন্য। বেচারা কত কষ্টটাই করেছে আমার জন্য। শেষ দিন হাটের একদম শেষ সময়ে একজন শয়তানি হাসি হেসে মালিককে বলল, ‘ভাই, ছাগলের দাম কত?’ মাথায় রক্ত চড়ে গেল। মালিকের করুণ চেহারা দেখে চরম জেদ চাপল। সামনের বছর যে হাটে আসবে সে এই আমি না, সে হবে নতুন আমি। শুরু করলাম কঠোর পরিশ্রম। বাছবিচার ছাড়াই খাওয়াদাওয়া করতে লাগলাম ধুমসে। ফলাফল আসতে শুরু করল ছয় মাস পর থেকে। এক বছরে ওজন বাড়িয়েছি সাড়ে চার মণ! শিং দুটি আরও চোখা আর লম্বা হয়েছে। গায়ের রংটাও হয়েছে চকচকে। ঠিক এক বছর পর হাড়-জিরজিরে, রোগা-পটকা গরুটাই আজকে হাটে সর্বোচ্চ দামে বিকোনো গরুদের মধ্যে পঞ্চম অবস্থানে! সো, তোমরা যারা নিজেদের অবস্থা নিয়ে ডিপ্রেশনে ভুগছ। ‘আমাকে দিয়ে কিচ্ছু হবে না’-টাইপ ডিসিশন নিয়ে বসে আছ, তাদের বলি, ‘নেভার গিভ আপ, বাডি! হাল ছেড়ো না। জয় তোমার হবে। হবেই।’