গরুবীয় সমস্যা গুরুবীয় পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সমস্যা
আমি পূর্ণবয়স্ক এক ষাঁড়, দেখতে নাদুসনুদুস। মালিক দ্রুত মোটাতাজা করার খায়েশে আমাকে নিয়মিত ইউরিয়া, স্টেরয়েড খাওয়ায়। তাই আমার শরীরে পানি জমে গেছে। বেশিক্ষণ দাঁড়াতে পারি না, কোনো কাজ করতে পারি না। তবে মূল সমস্যা হচ্ছে হাটফোবিয়া অর্থাৎ হাটে যেতে আমার চরম ভয়, অনীহা। মনে হয় হাটে গেলেই আমার জীবন শেষ। আমি এ থেকে বাঁচতে চাই।
পরামর্শ
নিজের সমস্যা নিজেই উপলব্ধি করার জন্য তোমাকে ধন্যবাদ। আসলে আমাদের কাউ সোসাইটিতে যে রীতিনীতি চলে আসছে, তার মধ্য দিয়েই সবাইকে যেতে হবে। এ জন্য অবশ্যই হাটে যেতে হবে এবং সৌভাগ্য হলে সেখান থেকে নতুন বাড়িতে। তুমি প্রতিদিন একটু সময় বের করে আমাদের প্রথাগুলো পড়বে এবং মাটিতে তোমার সমস্যাগুলো লিখবে ও পরিত্রাণ পাওয়ার পন্থাগুলো বড় কারও কাছ থেকে জেনে নেবে। এতে করে তোমার সমস্যা অনেকটাই কেটে যাবে। আর তুমি বলেছ, ক্ষতিকর ওষুধের কারণে তোমার শরীরে পানি জমে গেছে। এটা কি খুব বেশি পরিমাণে? তোমার মনিবকে এর খারাপ দিকগুলো বোঝানোর চেষ্টা করবে। তোমার যে এতে কষ্ট হচ্ছে, সে বিষয়টির প্রতিও তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে, কেমন?

সমস্যা
সমস্যাটা গত বছর থেকে। আমাকে সভ্য করার নিমিত্তে পরিবার থেকে একজন গৃহশিক্ষক রাখা হয়। তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলেন। তাঁর ব্যক্তিত্বও অসাধারণ। অনেক জানেন তিনি। কিন্তু কিছুদিন পরই তিনি আমার প্রতি দুর্বল হতে থাকেন। একসময় সেটা প্রকাশও করেন। তিনি প্রায়ই আমাকে উন্নত মানের ভুসি, খড় ও কচি ঘাস গিফট করেন। সেগুলো আমি স্বাচ্ছন্দ্যেই গ্রহণ করি। কিন্তু তাঁর ভালোবাসা নিয়ে আমি দ্বিধান্বিত। তিনি আমার শিক্ষক, তাঁকে আমি অনেক সম্মান, শ্রদ্ধা করি। ঠিক কী করব বুঝতে পারছি না। তিনি আমার ভালো বন্ধুও বটে।
পরামর্শ
এতটুকু বয়সে তুমি খুব বড় সমস্যায় জড়িয়ে গেছ, তা ভেবে তোমার প্রতি সহানুভূতি জানাচ্ছি। তবে ঠিক কেমন সম্পর্ক তুমি প্রত্যাশা করো তোমার শিক্ষকের সঙ্গে? শিক্ষক হওয়াটা কিন্তু তোমাকে ভালোবাসার জন্য অযোগ্যতা নয়; বরং তোমাকে দেখতে হবে তিনি তোমাকে কতটুকু মূল্যায়ন করেন। দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্যবোধ আমাদের জীবনকে মধুর করে তোলে। তুমি তাঁকে কতটা পছন্দ করো আর কতটা অপছন্দ? এবং এর কারণগুলো ভেবে তাঁকে বলতে পারো। তাঁকে পছন্দ না করলে তাঁর দেওয়া জিনিসগুলো না গ্রহণ করলেই পারতে। আর অপছন্দ করলে তিনি আবার তোমার বন্ধু হন কীভাবে? তবে শিক্ষককেও বলব, তিনি যেন তাঁর সম্মানের আসনটা ধরে রাখেন এবং সীমা অতিক্রম না করেন।

সমস্যা
আমার মালিকের গোয়ালে আমি ছাড়াও কিছু অস্ট্রেলিয়ান গরু আছে। স্বাভাবিকভাবেই তারা দেখতে আমার চেয়ে অনেক সুন্দর। তাদের সৌন্দর্য আমি একদম সহ্য করতে পারি না। তাদের দেখলেই আমার শরীর জ্বলে–পুড়ে যায়। ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারি না। এখন আমি কী করব?
পরামর্শ
তোমার এ সমস্যাটা কত দিন ধরে তা কিন্তু লেখোনি। কেন এমন হয় তা কি কখনো ভেবে দেখেছ? তোমার মালিক কি তোমার প্রতি খুব বেশি অবিচার করছে? তাদের বেশি সময় দিচ্ছে? হিংসার কারণে তোমার কি কোনো ধরনের উপকার হচ্ছে? এই প্রশ্নগুলোর জবাব ‘হ্যাঁ’ বা ‘না’ মাটিতে লিখবে। ‘না’ হলে এ থেকে বিরত থাকার উপায়গুলোও লিখবে। কিছু কিছু বিষয়ে আমাদের কোনো হাত নেই। অস্ট্রেলিয়ান গরুগুলোও তাই হয়তো তোমার দৃষ্টিতে সুন্দর। আবার অন্য কারও দৃষ্টিতে তুমিও আকর্ষণীয় হতে পারো। এভাবেই ভাববে।

সমস্যা
আজ এক সপ্তাহ হলো গাবতলী হাটে এসেছি। এখনো কোনো গতি হলো না। গতবার বিক্রি না হওয়ায় মালিক ফেরত নেয়। কিন্তু এবার বলেছে, ফেরত না নিয়ে কসাইদের কাছে বিক্রি করে দেবে। আমার গায়ের রং উজ্জ্বল কালো, দেখতে মোটামুটি হৃষ্টপুষ্ট। তবু কেন আমার এই অবস্থা?
পরামর্শ
এ বছর বাজারের অবস্থা ভালো বলা যায়। অতএব ভয়ের কোনো কারণ নেই। নিয়মিত খাওয়া-দাওয়া, শরীরচর্চা ও সংস্কৃতির চর্চা চালিয়ে যাও। এতে করে মন ভালো থাকবে। আশা করি তুমি কোনো ভালো ঘরেই যাবে।

সমস্যা
আমার বাসা ময়মনসিংহ শহরে। গত বছর আমার স্ত্রীর সঙ্গে মিউচুয়াল ব্রেকআপ হয়। আমার একমাত্র সন্তান তার মায়ের কাছেই থাকে। সে আমাকে পছন্দ করে না, দেখা হলে কথা বলে না, কিছু দিলে গ্রহণও করে না। প্রায় সময়ই মন চায় আত্মহত্যা করি!
পরামর্শ
নিঃসন্দেহে তুমি চরম বিষণ্নতা ও হতাশা থেকে এমন সিদ্ধান্ত নিতে চাইছ। কিন্তু এতে কি কিছু পরিবর্তন হবে? মোটেই না। তুমি বাকৃবিতে গিয়ে কাউকো থেরাপির কয়েকটা সেশন নিয়ে দেখতে পারো। আশা করি উপকার পাবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার