
‘স্যার, গরুটা নেন। দাম একটু বেশি হইলেও গরুটার আদ্দব-কায়দা অনেক বেশি। আমি নিজেই ওরে আদ্দব-কায়দা শিখাইছি। গরুটা কুরবানি কইরা অনেক আরাম পাইবেন।’ আব্বা আর আমি তো গরু বিক্রেতার কথা শুনে হাসতে হাসতে ডিগবাজি খাচ্ছিলাম। গরু তো গরুই, তার আবার আদব-কায়দা!
গরু বিক্রেতা আমাদের বললেন, ‘স্যার, হাইসেন না। আপনারা চাইলে পরীক্ষা কইরা নিতে পারেন।’ আমারও একটু কৌতূহল হলো, মানুষের আদব-কায়দা তো জীবনে অনেক দেখেছি, আজ নাহয় একটু গরুর আদব-কায়দা দেখি! তাই গরুকে বললাম, ‘এই গরু, একটু দাঁড়া তো!’ চমকে গিয়ে দেখি, গরু উঠে দাঁড়িয়েছে। মানুষের কথা যখন মানুষ বোঝে না, সেখানে গরু বোঝে দেখে আমার মুখ হাঁ! গরু বিক্রেতা এবার আমাদের বললেন, ‘স্যার, দেখলেন তো আমার গরুর কত আদ্দব।’
গরুর আদব-কায়দা দেখে আমি আর আব্বু গরুটার প্রতি দুর্বল হয়ে গেলাম। দাম একটু বেশি হলেও গরুটা কিনে নিলাম। গরু বিক্রেতাও হাসিমুখে গরুকে বাসা পর্যন্ত এগিয়ে দিলেন।
এদিকে আমি ফোন দিয়ে বাসার সবাইকে বলেছি, অত্যন্ত ভদ্র একটা গরু কিনেছি। বাসার সবাই তাই ভদ্র গরু দেখার জন্য অধীর অপেক্ষায় ছিল। গরু আনার সঙ্গে সঙ্গে সবাই বাসার নিচে নেমে এল।
গরুকে আদর করার জন্য আপু গরুর লেজে হাত দিতে না-দিতেই গরু লেজ দিয়ে বাড়ি দিল। আপু কটমট করে তাকিয়ে বললেন, এই হলো তোর ভদ্র গরু! আমি এবার গরুর ভদ্রতা প্রমাণের জন্য এগিয়ে গেলাম। মাথায় হাত দেওয়ামাত্রই গরু আমার ওপরও খেপে গেল। ফোঁস ফোঁস করতে করতে আমার দিকে তেড়ে এল। আমি কোনোরকমে সরে এলাম।
ঈদের আরও এক দিন বাকি। গরুকে খাবার-দাবার দিতে হবে। যখনই আমি খাবার দিতে যেতাম, তখনই গরু আমাকে গুঁতো দেওয়ার জন্য তেড়ে আসত। লাল লাল চোখে তাকাত। সামনে দাঁড়িয়ে থাকলে বা খাওয়ার জন্য বালতি এগিয়ে দেওয়ার চেষ্টা করলেই তার ভদ্রতা নেই হয়ে যেত। গরুর আচরণে আমরা যারপরনাই বিরক্ত হয়ে গেলাম।
রাগের মাথায় হাটে গেলাম। পুরো হাট খুঁজে সেই গরু বিক্রেতাকে ভালো করে বোঝালাম, কী ভদ্রতা আর আদবের নজিরই না তাঁর গরু দেখাচ্ছে। গরু বিক্রেতা মোটামুটি গাঁইগুঁই করে বললেন, ‘ভাই, গরু তো গরুই। এরে যা-ই শিখান কাজ হইব কিছু? আর আপনিই একমাত্র মানুষ যে আমার গরুর নামে নালিশ নিয়া আসছেন। এর আগে কেউ এই রকম দাবি করে নাই!’
‘গরুর নামে নালিশ’ কথাটা শুনে আবার আমাদের হাসি পেয়ে গেল। হাসতে হাসতে মাথাও ঠান্ডা হয়ে গেল। হাট থেকে ফিরে এলাম। ভাবলাম থাক, গরুর ওপর রাগ করে আর লাভ কী?
যুবায়ের বিন রিয়াজ
কল্যাণপুর, ঢাকা।