গরুর বদলে দেওয়া হলো বাছুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুতুবদিয়ায় সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের উদ্বোধনের দিন গরু না নিয়েই ফিরে গেছেন বেশির ভাগ সুবিধাবঞ্চিত লোকজন। ২০ হাজার টাকা দামের প্রতিটি গরু বরাদ্দের কথা থাকলেও বিতরণ করা হয় আট থেকে ১০ হাজার টাকা দামের ছোট ছোট বাছুর। গরু কেনার এই প্রকল্প থেকে কর্মকর্তারা মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। সূত্র জানায়, সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় এই উপজেলার উত্তর ধুরং, কৈয়ারবিল, বড়ঘোপ ও আলী আকবর ডেইল ইউনিয়নের এক হাজার ২০০ দুস্থ পরিবারকে (প্রতি ইউনিয়নে ৩০০ বাড়ি) তালিকাভুক্ত করা হয়। প্রথমে ২০০ পরিবারে একটি করে গরু বিতরণের জন্য তালিকাভুক্ত করা হয়। ১ মার্চ ৩০টি গরু দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাফর আলম। কিন্তু গরুগুলো ছোট হওয়ায় অনেকে না নিয়েই বাড়ি ফেরেন। আলী আকবর ডেইল ইউনিয়নের টেকপাড়া গ্রামের শেকুল ইসলাম বলেন, ‘আমাকে যে বাছুরটি দেওয়া হয়েছে তার দাম সাত-আট হাজার টাকা হবে। বাছুরটি না নিতে চাইলেও জোর করে দেওয়া হয়।’একই অভিযোগ করেন, বড়ঘোপ ইউনিয়নের মাতবরপাড়ার সেলিম উদ্দিন, সুধির কান্তি শীল ও তাবলেরচর গ্রামের শামসুল ইসলাম।উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের সদস্য নেজাম উদ্দিন জানান, এই ইউনিয়নের নয়টি পরিবারকে জোর করে ছোট গরু দেওয়া হয়েছে। বিতরণ করা গরুগুলো সাত থেকে ১০ হাজার টাকার বেশি হবে না। বলা হয়েছে, কিছুদিনের মধ্যে বড় গরু দিয়ে ছোট গরু ফেরত নেওয়া হবে। তবে সপ্তাহ পেরিয়ে গেলেও বড় গরু পায়নি পরিবারগুলো।উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প সমন্বয় কমিটির সভাপতি এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, ‘আমাদের অগোচরে ৩০টি ছোট গরু কিনে গরিব কিছু লোকজনকে দেওয়া হয়েছে। অনেকে ছোট গরু নিতে অনীহা প্রকাশ করেন। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মতো সরকারের ব্যতিক্রমী একটি উদ্যোগে গরু কেনায় ব্যাপক দুর্নীতি নিয়ে এলাকায় তোলপাড় চলছে। এর তদন্ত হওয়া দরকার। প্রতিটি গরু কেনার বিপরীতে সরকারি বরাদ্দ রয়েছে ২০ হাজার টাকা। অথচ এই টাকায় তিন-চার মণ ওজনের মোটাতাজা গরু কেনা যেত।’ এই প্রসঙ্গে জানার জন্য একাধিকবার যোগাযোগ করেও ইউএনও জাফর আলমকে পাওয়া যায়নি। তবে ক্রয় কমিটির সদস্যসচিব ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নুরুল আলম মিয়াজী জানান, ৩০টা গরু একসঙ্গে পাওয়া যায়নি। তাই গরুর আকৃতি একটু ছোট হয়েছে। তাড়াহুড়ো করে গরুগুলো কেনায় এমন হয়েছে। এরপর আরও ১৭০টি গরু কেনা হবে। সেগুলো বড় বড় দেখে কেনা হবে বলে তিনি জানান।গরু কেনায় দুর্নীতি প্রসঙ্গে জানতে চাইলে মিয়াজী অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘কুতুবদিয়ার মতো দুর্গম উপজেলায় এত গরু পাওয়া যায় না। নতুন ইউএনও যোগদান করলে বাকি গরুগুলো বিতরণ করা হবে।’