গরুর সঙ্গে শ্রীঘরে
সুচরিতার সঙ্গে আমার বিয়ের পাকা কথা হয়ে আছে। ওরা থাকে আমাদের পাশের বাসায়। হবু শ্বশুর একদিন আমাকে তাঁর সঙ্গে হাটে যেতে বললেন। তাঁর অনুরোধ মানেই তো আদেশ, না বলি কীভাবে?
গরু কিনতে কিনতে সন্ধ্যা হয়ে গেল। হবু শ্বশুরকে বললাম, ‘আপনি বাসায় যান, আমি গরু পৌঁছে দিয়ে আসব।’ খুশিমনে চলে গেলেন তিনি। গরু নিয়ে আমিও রওনা দিলাম। গরুটা বেশ ভালোভাবেই হাঁটছিল। কিন্তু মাঝপথে হঠাৎ বসে পড়ল। এত ঠেলি, এত টানি, এত দোহাই দিই, গরু আর নড়ে না। রাত ১০টা বেজে গেল। শহর তখনো পাক্কা দুই কিলোমিটার দূরে। রাস্তায় জনমনিষ্যির চিহ্ন নেই। মুঠোফোনের টর্চ অন করলাম। একসময় ব্যাটারি গেল ফুরিয়ে। একে তো চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার ওপর কারও সঙ্গে যোগাযোগ করার উপায়টাও আর থাকল না। আমার স্মরণশক্তি কম, অথচ সেই মুহূর্তে ছোটবেলায় পড়া সব ভূতের গল্প আর হরর মুভির দৃশ্যগুলো চোখের সামনে ভাসতে শুরু করল একের পর এক! ঠিক তখনই দুজন টহল পুলিশ দেখে মনে বল পেলাম। পুলিশ দুজন সামনে এসে বললেন, ‘ঘটনা কী? গরু কিনছেন?’ বললাম, ‘হ্যাঁ, ভালো হয়েছে না গরুটা?’ ভালো–মন্দের দিকে না গিয়ে তারা আমার কাছে গরু কেনার রসিদ চাইল। আমার আক্কেল গুড়ুম। রসিদ তো আমার কাছে নেই। হবু শ্বশুরের পকেটে! হাজারো অনুনয়–বিনয় করলাম, পুলিশ ভাইয়েরা শুনলেন না। গরুসহ শ্রীঘরে নিয়ে চললেন আমাকে!
ভাগ্যিস, মফস্বল শহর ১০টায় ঘুমিয়ে যায়। নয়তো আমাকে কোমরে দড়ি বাঁধা অবস্থায় দেখলে এলাকায় তোলপাড় পড়ে যেত! থানা থেকে সুচরিতাকে ফোন করলাম। সবাই আমার ভরসায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেও ও তখনো জেগে ছিল। সব শুনে ও কীভাবে যেন ছোট ভাই সঞ্জুকে ম্যানেজ করে রসিদ জোগাড় করে পাঠিয়ে দিল! ভোর চারটার দিকে ছাড়া পেলাম, বাসায় এমন ভাব করে ঢুকলাম, যেন মর্নিংওয়াক করে ফিরছি। কেউ টেরও পেল না কী হয়ে গেছে। জানাজানি হলে হয়তো বিয়েটাই ভেস্তে যেত!
মুন্সিপাড়া, রংপুর