২০১০ সালের কথা। পড়ন্ত বিকেলে কোরবানির গরু কিনতে পাহাড়তলী সিডিএ মার্কেটের উদ্দেশে রওনা হলাম আমরা পাঁচ ভাগীদার। সঙ্গে চলল সহায়তাকারী দুজন। মনে হচ্ছিল, এভারেস্ট অভিযানে চলেছি। সাতজন দুই অটোরিকশায় চেপে সন্ধে নাগাদ গরুর হাটে পৌঁছালাম।এরপর জুতসই গরু খোঁজার পালা। গরুর সাইজ পছন্দ হলো তো রং মিলল না, রং মিললেও আবার কেউ কেউ বলল আমরা বৃষ (ষাঁড়) গরু কোরবানি দিই না। বৃষ গরু হরহামেশা তাগড়াই মিলে। গোবরের কাদা মাড়িয়ে নরপশুর ধাক্কা, গরুর ঠ্যাঙানি-গুঁতো খেতে খেতে সামনে এগোতে লাগলাম। তিন একে তিন ঘণ্টা, পুরো চষে টেস্ট ক্রিকেটে হোয়াইটওয়াশ হওয়া দলের মতো নাস্তানাবুদ হয়েও আমাদের অতি আপনজনকে সিলেক্ট করতে পারলাম না।শেষতক রাত নয়টায় আমাদের কাঙ্ক্ষিত পাত্র সুবিধাজনক দামে খরিদ করা হলো। কিন্তু ব্যাটা নাছোড়বান্দা, আমাদের সঙ্গে যেতে নারাজ। ‘দে গরুর গা ধুইয়ে’ কথাটা মনে পড়ল। আর যায় কোথায়। আমাদের সহায়তাকারীর আগে আগে গরু ভোঁ দৌড়। পথিমধ্যে আমরা গেলাম এশার নামাজ আদায় করতে। নামাজ শেষে শুনতে পেলাম আমাদের গরুটি দড়ি ছিঁড়ে হাইওয়ের শত শত গাড়ির ফাঁকফোকর দিয়ে ছুটে চলছে। গাড়ির গ্লাস ভেঙে ছুটছে তো ছুটছে। তাকে থামায় সাধ্য কার।ফড়িং ভাই বলতে লাগলেন, মেইন রোড দিয়ে গরু নেওয়া ঠিক হয়নি। গাড়ির হর্নের আওয়াজে দড়ি ছিঁড়ে ছুটে গেছে। ফড়িং নাম হলে কী হবে? গায়েগতরে যেন হাতি। হয়তোবা শিশুকালে ফড়িংয়ের মতো লিকলিকে চঞ্চল ছিলেন।আমাদের আরেক ভাগীদার এমদাদ ভাই। তাঁর হাসি অপরিপূর্ণ এবং ‘তো’ প্রত্যয় যোগ করে কথা বলার স্বভাব তাঁর। এমদাদ সাহেব কুমিল্লার ভাষায় চিবিয়ে চিবিয়ে গজর গজর করতে লাগলেন, ‘আজেবাজে লোকগোরে ভাগীদার করনেই দুর্ঘটনাডা ঘটছে।’আরেক ভাগীদার হিরু ভাই। মনে মনে ফন্দি আঁটতে লাগলাম গরুটি খুঁজে পেলে হিরু ভাইকে জিরো বানিয়ে আমিই হিরো বনে যাব। হঠাৎ বিশাল এক গরু তার তিন ইঞ্চি হাইহিল খুরের আঘাতে আমার বাঁ পা রক্তাক্ত করে দিল। এরই মধ্যে হিরু ভাই গরুটির অবস্থান জেনে নিয়ে হিরু থেকে হিরো হয়ে গেলেন, আর আমি বেচারা সত্যজিৎ রায়ের লালমোহন বাবু হয়ে কাঁচুমাচু ভাব নিয়ে সবার পিছু পিছু চলতে লাগলাম।সোমালিয়ান জলদস্যুর এ দেশীয় ভাইয়েরা পাহাড়তলীর অন্ধকারাচ্ছন্ন নিরিবিলি জায়গায় আমাদের গরুটি আটকে রেখে হাজার বিশেক টাকা মুক্তিপণ দাবি করল। আমাদের দলপতি বাবু ভাই ১০ হাজার টাকায় দফারফা করে গরু ছাড়িয়ে নিলেন। ৬০ হাজার টাকা দামের গরুর দাম পড়ল ৭০ হাজার টাকা। প্রত্যেককে বাড়তি দুই হাজার টাকা করে খেসারত দিতে হলো।মো. আজিজুর রহমান চট্টগ্রাম।