আসছে ঈদ, বসতে শুরু করেছে ‘বিরাট গরু–ছাগলের হাট’। তবে সেসব হাটে গিয়ে পড়তে হয় আরও ‘বিরাট’ ঝামেলায়। তাই রস+আলো সেসব সমস্যার সমাধানে খুঁজে বের করেছে অব্যর্থ কিছু প্রযুক্তি। যেসব প্রযুক্তি আপনাকে দেবে ‘বিরাট’ আরাম!

অ্যাটাকপ্রুফ ড্রেস
হাটে হয়তো আপনি মনের সুখে গরু দেখছেন। এমন সময় যেকোনো পাশ থেকে দুষ্টু গরু আপনাকে দিতে পারে নিঃস্বার্থ ঢুস! অযাচিত এই আঘাত আপনার কোমল মন ও ঝলমলে দিনটাকে করে দিতে পারে বরবাদ! তাই এই অ্যাটাকপ্রুফ ড্রেস। বাইরে থেকে দেখতে সাধারণ পোশাকের মতোই। তবে এটা পরিহিত অবস্থায় গরু আপনাকে যত জোরেই ঢুস দিক না কেন, আপনি থাকবেন নিরাপদ!

মাইন্ড কুলার
এই অ্যাপটি পুরোপুরি আপনার জন্য নয়। এটি আপনি ব্যবহার করবেন বদরাগী গরুর জন্য। গরু রেগে গেলে দড়ি ছিঁড়ে চলে যেতে পারে একদম সীমানার বাইরে। তার মানে মাথায় হাত দিয়ে পথে বসা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। তাই গরু রেগে গেলেই মুঠোফোনে ডাউনলোড করা এই অ্যাপটি চালু করুন। সেখানে চলতে থাকবে গরুদের মনোরঞ্জনের জন্য হরেক রকমের গান, সঙ্গে স্পেশাল কাউ ডান্স! এই গান ও নাচে গরুর মেজাজ হবে ঠান্ডা, আপনিও গরু নিয়ে ঘরে ফিরতে পারবেন নিশ্চিন্তে।

ওয়ার্নিং সেন্সর
হাটে পকেটমার যাওয়া খুব অস্বাভাবিক কিছু নয়। ভিড়ের মধ্যে ছিনতাইয়ের ঘটনাও ঘটতে পারে যখন–তখন। তবে ওয়ার্নিং সেন্সর থাকলে আর ভয় নেই। আপনার শরীরের পোশাকে লাগানো থাকবে এই ক্ষুদ্র যন্ত্রটি। কেউ আপনার খুব কাছে এলেই বেজে উঠবে অ্যালার্ম। চারপাশের মানুষ সহজেই বুঝে যাবে আপনি পড়েছেন বিপদে। তবে এটির ‘মিস ইউজ’ হওয়ারও আশঙ্কা থেকে যাচ্ছে। তাই ব্যবহারের আগে নির্দেশিকা পড়ে নিতে হবে ভালোভাবে।

স্পেশাল জিপিএস ট্র্যাকার
বিরাট গরু, ছাগলের হাটে আপনি সত্যিই অসহায়। কোথায় রয়েছে পছন্দের গরুটি? কোথায় বা জাবর কাটছে সেই বিশাল উট? কোনো চিন্তা নেই। স্পেশাল জিপিএস ট্র্যাকারে টাইপ করবেন আপনার গন্তব্য কিংবা চাহিদা, ট্র্যাকারে থাকা হাটের ম্যাপের সাহায্যে পৌঁছে যাবেন আপনার কাঙ্ক্ষিত গরু, ছাগল কিংবা উটের কাছে!

কাউ হান্ট অ্যাপ
নামে ‘কাউ হান্ট’ হলেও এই অ্যাপের মাধ্যমে আপনি গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা এমনকি মুরগি সম্পর্কেও বিশদ তথ্য পাবেন। কোন হাটে কোন সাইজের গরু এসেছে, কয়টা ছাগল এসেছে, গায়ের রং কেমন, দাম কত—সব তথ্য সাজানো থাকবে এই অ্যাপে। হাটে যাওয়ার আগে কেবল চোখ বুলিয়ে গেলেই মুশকিল আসান!