গরু-গরু গন্ধ

সারা দিন গরুর হাটে ঘুরে গায়ে গরু–গরু গন্ধ হয়ে গেছে। বাসায় এসে ভাবলাম ফ্রেশ হব। পারলাম না। মার্কেটে যাওয়ার জন্য আম্মা জোরাজুরি করতে লাগলেন। কী আর করা, গায়ের গরু-গরু গন্ধ নিয়েই মার্কেটে গেলাম। রিকশায় উঠতে গিয়ে খেয়াল করলাম, রিকশাওয়ালার নাক কুঁচকে গেছে! সে মনে হয় চায় না কোনো গরু-গরু গন্ধওয়ালা মানুষ তার রিকশায় উঠুক।
মার্কেটে ঢুকতেই খালাতো বোনের সঙ্গে দেখা, তার কোলে বাচ্চা। বাচ্চার সাইজটা বেশ দেখার মতো! বোঝাই যায় না, তার বয়স মোটে আট মাস! ভাবলাম এই অনন্ত জলিল আর 3.5G–র যুগে কী না সম্ভব। আপুর সামনে যেতেই বললেন, ‘তোর গা থেকে তো ছাগল–ছাগল গন্ধ আসতেসে। দূরে গিয়ে দাঁড়া!’ আমি কিছু না বলে একটা ছাগলমার্কা হাসি দিলাম। হাসি দেখেই মনে হয় ভাগনে আমার ওপর ক্রাশ খেল। মায়ের কোল থেকে লাফিয়ে আমার কোলে আসতে চাইল। ‘মনে হয় তোরে খুব পছন্দ করছে। নে, তুই ওরে নিয়ে ঘোর, আমি খালার সাথে যাই।’ বলেই আপু আমাকে ফাঁসিয়ে দিল!
ভাগনেকে কোলে নিয়েই বুঝলাম, পোলা ‘হেব্বি ইসমার্ট’! কোলে উঠেই আমার নাক নিয়ে গবেষণা শুরু করে দিল। টেপাটেপি করে একাকার। কিছুক্ষণ পর অনুভব করলাম, আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে। খুব আরাম পেলাম। শরীরে মনে হলো কেউ ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। পরে বুঝলাম ‘ছোটা বাচ্চা’র প্রাকৃতিক কল খুলে দেওয়ার ফল এটা। ভাগনের দিকে তাকাতেই একটা ডিপজল মার্কা হাসি দিল। তার পরও সান্ত্বনা পেলাম। মনে হলো এতে করে আমার শরীর থেকে গরুমার্কা গন্ধ চলে গেছে। তখনই জানলাম গরুর তুলনায় মানুষের মূত্র সুগন্ধময়।
আপুকে ‘ছোটা বাচ্চা’ ফিরিয়ে দেওয়ার সময় বললাম, ‘পোলা তো পুরা 3G স্মার্ট ম্যান! পেশাবও করে ঠান্ডা!’ আপু কিছু বুঝল কি না জানি না। খালি একটা গাব্বার সিং টাইপ হাসি দিয়ে মার্কেটের প্রায় সবার দৃষ্টি আকর্ষণ করল।
ঢাকা