গর্ত ও খানাখন্দের দুর্ভোগে ফটিকছড়িবাসী

সাম্প্রতিক বন্যায় ফটিকছড়ি উপজেলায় যাতায়াতের প্রধান কয়েকটি সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। সড়কগুলোর বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
ক্ষতিগ্রস্ত সড়কগুলো হচ্ছে নাজিরহাট-কাজীরহাট, মাইজভান্ডার-বিনাজুরী, লেলাং-চৌমুহনী, ঝংকার-নাজিরহাট বাজার ও কাজীরহাট-মীর্জারহাট সড়ক।
সরেজমিনে দেখা যায়, ১৬ কিলোমিটারের নাজিরহাট-কাজিরহাট সড়কের সুয়াবিল ইউনিয়নের কলেজসংলগ্ন এলাকা, টেকেরদোকান, চুরখাহাট, পরিষদের সামনে, রাঙ্গাপানি চা-বাগানের সংযোগস্থল, নয়াহাট, ভুজপুর ইউনিয়নের লম্বাটিলা এবং ফটিকছড়ি খালসংলগ্ন এলাকায় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে ওই সব এলাকায় যানবাহন চলছে হেলেদুলে। সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। সড়কের ভাঙা স্থানে গাড়ি থেকে নেমে হেঁটে পার হতে হচ্ছে পথচারীদের।
দেড় কিলোমিটার দীর্ঘ মাইজভান্ডার-বিনাজুরী সড়কের মান্নানিয়া, কুমার শিল্পপাড়া এলাকায় বিশাল আকারের ভাঙন সৃষ্টি হওয়ায় ওই সড়কে যান চলাচল এক প্রকার বন্ধ বলা চলে।
ঝংকার-নাজিরহাট বাজার সড়কটি আগে থেকেই খানাখন্দে ভরা ছিল। সাম্প্রতিক বন্যায় তা আরও বেড়েছে। সড়কটিতে যানবাহন চলাচল করছে অত্যন্ত ঝুঁকি নিয়ে। উপজেলার কাজীরহাট-মীর্জারহাট সড়কেরও একই দশা।
নানুপুর লায়লা-কবির ডিগ্রি কলেজের শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, ফটিকছড়ির বিভিন্ন সড়কে এখন গাড়ি চলাচল একপ্রকার বন্ধ আছে। ওই সব স্থানে গাড়ি থেকে নেমে ভাঙা অংশ পার হয়ে গাড়ি পাল্টে যাতায়াত করতে হয়। ফলে ভোগান্তির শেষ নেই।
সুয়াবিল এলাকার বাসিন্দা চিকিৎসক বাদল চক্রবর্তী বলেন, বিকল্প যাতায়াতের কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এসব সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুব উদ্দিন মুহুরী প্রথম আলোকে বলেন, সড়কগুলো সংস্কারের জন্য উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় বলা হয়েছে। বর্তমানে বন্যা ও বর্ষণে সড়কগুলো আরও ভেঙে পড়েছে।
উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বিল্লাল হোসেন বলেন, সাম্প্রতিক পাহাড়ি ঢলে সড়কগুলোর বিভিন্ন অংশে আবার ভেঙেছে। এগুলো সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত সড়কগুলো জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্যালয় এবং সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
ফটিকছড়ির সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. রবিউল হোসেন বলেন, সড়কগুলো কিছুদিন আগে একবার সংস্কার করা হয়েছিল।
এ ছাড়া কিছু সড়ক আগে থেকেই ভাঙা। এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো চিহ্নিত করে সংস্কার করতে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।