
সড়কজুড়ে বড় বড় গর্ত। কিছু স্থানে পিচ ঢালাই উঠে গিয়ে ইটও নেই। গর্তে জমে থাকা পানিতে আটকে যাচ্ছে গাড়ি। যাত্রী নামিয়ে কোনো রকমে পার করার চেষ্টা চালকের। স্থানীয় লোকজনের উদ্যোগে সতর্কতা হিসেবে গর্তে বসানো হয়েছে লাল কাপড়ে বাঁধা লাঠি। এ চিত্র চকরিয়ার বরইতলী-পেকুয়া-মগনামা সড়কের সাঁকোরপাড় স্টেশন এলাকার।
সড়কটির এখন বেহাল অবস্থা। সাম্প্রতিক সময়ের বন্যা ও ভারী বৃষ্টিতে চলাচলে দুর্ভোগ বেড়েছে। প্রায় সময় লেগে আছে ছোটখাটো দুর্ঘটনা।
সাঁকোরপাড় স্টেশনের ব্যবসায়ী নুরুল কবির, এরশাদুল হক ও দেলোয়ার হোসেন বলেন, গত এক মাসে অন্তত ১২ থেকে ১৫টি দুর্ঘটনা ঘটে। বেশ কয়েকজন আহত হন। এ কারণে লাল কাপড়ের লাঠি দিয়ে সর্তক চিহ্ন দেওয়া হয়েছে। তাঁরা জানান, দুই মাসে ধরে এই অবস্থা। এরপরও গর্ত ভরাট করা হয়নি।
সরেজমিনে দেখা যায়, সড়কের সাঁকোরপাড় স্টেশন ছাড়াও পেকুয়া উপজেলার আহমদ ডিলার চৌমুহনী, মিয়াপাড়া, কবির আহমদ চৌধুরী বাজার, আন্নর আলী মাতবরপাড়া, পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম অংশ, চকরিয়া উপজেলার পহরচাঁদা ও মছনিয়াকাটা এলাকায়ও সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। এসব স্থানে গাড়ি চলছে হেলেদুলে। ভাঙা স্থানে যাত্রী নামিয়ে দিয়ে খালি গাড়ি পার করানো হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, চকরিয়া, কক্সবাজার, চট্টগ্রামসহ সারা দেশের সঙ্গে পেকুয়া ও কুতুবদিয়া উপজেলার অন্তত পাঁচ লাখ মানুষের যোগাযোগের একমাত্র সড়ক এটি। সড়কে চলাচল করে যাত্রীবাহী বাস, অটোরিকশা, জিপসহ নানা যানবাহন।
কুতুবদিয়া উপজেলার লেমশীখালীর বাসিন্দা এইচ এম এহসান বলেন, ভাঙা সড়ক দিয়ে কষ্টে চলাচল করতে হচ্ছে। মাঝেমধ্যে গর্তের মধ্যে চাকা ঢুকে গাড়ি আটকে যায়। তখন চালকেরা যাত্রী নামিয়ে দেন।
পেকুয়া উপজেলার পূর্ব গোঁয়াখালী গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, পেকুয়া থেকে চকরিয়া পৌঁছাতে আগে সময় লাগত ৪০ মিনিট। সড়কের বিভিন্ন অংশ খারাপ হয়ে যাওয়ায় এখন এক ঘণ্টার বেশি সময় লাগে।
পেকুয়া উপজেলার সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র কবির আহমদ চৌধুরী বাজার। এই বাজারের মুদির দোকানি মো. মাশেক বলেন, সড়ক ভেঙে যাওয়ায় চট্টগ্রাম থেকে মালামাল পরিবহনে খরচ বেশি পড়ছে। এ ছাড়া মালামাল নিয়ে ভাঙা রাস্তার ওপর দিয়ে চলাচল করতে গিয়ে ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগ, চকরিয়া কার্যালয় সূত্র জানায়, বরইতলী থেকে মগনামা পর্যন্ত ২১ কিলোমিটারের সড়কটি সাম্প্রতিক সময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। আট দিন ধরে আট কিলোমিটার সড়ক পানিতে ডুবে ছিল। এ কারণে এই আট কিলোমিটার অংশে সড়কের পিচ ঢালাই উঠে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কের অন্য অংশও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ, কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘ভাঙা অংশ মেরামতে দরপত্র আহ্বান করা হয়ে গেছে। বৃষ্টির কারণে কাজ শুরু করা যাচ্ছে না। শিগগির দুর্ভোগ লাঘব হবে।’