
দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় ফটিকছড়ির মাইজভান্ডার-বিনাজুরী সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। কোথাও গর্ত এমন যে যানবাহন চলার সময় কষ্টে প্রাণ যায়। গাড়ি চলে ঝুঁকি নিয়ে।
সরেজমিনে দেখা গেছে, মাইজভান্ডার থেকে বিনাজুরী পর্যন্ত ১ দশমিক ১ কিলোমিটারের সড়কটির প্রায় স্থানে পিচ উঠে গিয়ে বেরিয়ে গেছে ইট-সুরকি। যানবাহন চলাচলের সময় সড়কের গর্তে জমা কাদাপানি ছিটকে পড়ে নষ্ট হচ্ছে পথচারীদের পোশাক।
স্থানীয় লোকজন জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার লেলাং, নানুপুর, বক্তপুর, ধর্মপুর, আবদুল্লাহপুর, জাফতনগর, রোসাংগিরি, দৌলতপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ যাতায়াত করে। ভাঙা সড়কের কারণে তাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। ১০ মিনিটের পথ যেতে সময় লাগছে আধা ঘণ্টা। আর এ সুযোগে দ্বিগুণ ভাড়া আদায় করেন সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকেরা।
নানুপুর লায়লা কবির কলেজের প্রথম বর্ষের ছাত্র আরাফাত রহমান (১৮) বলেন, ‘মাইজভান্ডার এলাকায় বাড়ি থেকে কলেজে আসার এ সড়কই একমাত্র মাধ্যম। ভাঙা সড়কের কারণে রিকশা ও অটোরিকশায় বাড়তি ভাড়া দিতে হয়। এ কারণে কলেজে আসাও সপ্তাহে দুই দিন কমিয়ে দিয়েছি।’
বিনাজুরী গ্রামের ব্যবসায়ী মো. আবদুল হানিফ ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তা দিন দিন খারাপ হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। সড়কের সিএনজিচালিত অটোরিকশা চালক মো. বেলাল উদ্দিন (২৭) বলেন, রাস্তা যেভাবে ভেঙেছে, তাতে দিনে দুই থেকে তিনবার আসা-যাওয়া করলে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। অনেকেই এখন এ সড়কে গাড়ি চালায় না। তাঁরা ভিন্ন সড়ক দিয়ে যাতায়াত করেন।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, মাইজভান্ডার থেকে বিনাজুরী সড়কটির দীর্ঘদিন উন্নয়ন হয় না। বিশেষ করে চার বছর ধরে সড়কটি বেহাল হয়ে পড়েছে।
সড়ক সংস্কার প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বিল্লাল হোসেন বলেন, সড়কটি মেরামতের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। শিগগির দরপত্র আহ্বান করা হলে মেরামতের কাজ শুরু হবে।