
চট্টগ্রাম-আনোয়ারা সড়কজুড়েই এখন অসংখ্য গর্ত। কিছু স্থানে গর্ত রীতিমতো জলাশয়ে রূপ নিয়েছে। গত তিন দিনের বৃষ্টিতে এসব গর্তে পানি জমে গাড়ি চলাচল হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। আর ভোগান্তি বেড়েছে যাত্রীদের।
সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম-আনোয়ারা সড়কের শিকলবাহা ওয়াই জংশন থেকে দক্ষিণে ফকিরনীর হাট, শাহমীরপুর, ফাজিল খাঁর হাট, মিয়ার হাট, চাতরী-চৌমুহনী, কালাবিবির দীঘি মোড়, আনোয়ারা সদর ও মালঘর বাজার এলাকায় গর্ত আর গর্ত। এসব গর্ত সামলে গাড়ি চলছে হেলেদুলে।
উপজেলার হাইলধর গ্রামের বাসিন্দা আবুল হাসান (৪২) বলেন, বরকল থেকে শিকলবাহা পর্যন্ত অংশটি বেহাল হয়ে পড়ায় ৩০ মিনিটের পথ পার হতে দেড় ঘণ্টারও বেশি সময় লাগছে। সড়কটি সংস্কার হলে কষ্টের পাশাপাশি সময়টাও সাশ্রয় হতো।
বাসচালক আবদুস শুক্কুর বলেন, প্রতিদিন এই সড়কে এক-দুইবারের বেশি আসা-যাওয়া করা যাচ্ছে না। গর্তে পড়ে প্রায় সময় গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, শিকলবাহা ওয়াই জংশন থেকে বরকল সেতু পর্যন্ত ১৫ কিলোমিটারের বেশি চট্টগ্রাম-আনোয়ারা সড়কটি মূলত আনোয়ারার প্রধান সড়ক। এটি দিয়ে আনোয়ারা ছাড়াও পাশের চন্দনাইশ উপজেলার বাইনজুড়ী, বরকল, গাজবাড়িয়া ও সাতবাড়িয়ার বাসিন্দারাও চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে উঠেছে। ফলে চলাচলে যাত্রীদের কষ্ট বেড়েছে।
পিএবি বাস মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরী বলেন, আনোয়ারার প্রধান সড়কটির করুণ দশার কারণে শুধু যাত্রীরাই নন, যানবাহন শ্রমিকেরাও দুর্ভোগ পোহাচ্ছেন।
জানতে চাইলে সওজের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন বলেন, চট্টগ্রাম-আনোয়ারা সড়কের কালাবিবি দীঘি থেকে আনোয়ারা সদর পর্যন্ত অংশটি ছাড়া বাকি উভয় অংশের সংস্কারের জন্য ইতিমধ্যে ১১ কোটি টাকার দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আবহাওয়া ভালো হলে কাজ শুরু হবে।
আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, উপজেলার সওজের সবকটি সড়ক পর্যায়ক্রমে সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।