সড়কজুড়ে গর্ত আর গর্ত। বড় গাড়ি তো দূরে, ছোটগুলোও চলতে কষ্ট হচ্ছে। ভাঙা অংশ পার হওয়ার সময় নেমে যেতে হচ্ছে সব যাত্রীকে। এরপর ওই গাড়ি ঠেলে পার করাতে হচ্ছে ভাঙা অংশ। এ চিত্র কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া-পহরচাঁদা মাদ্রাসা সড়কের হারবাংছড়া বেইলি সেতুসংলগ্ন এলাকার। গত সোমবার সরেজমিনে এই দৃশ্য চোখে পড়ে।
সড়কটি ব্যবহার করে পেকুয়া, বারবাকিয়া, টৈটং, বাঁশখালী, কৈয়ারভির, পহরচাঁদা ও কুতুবদিয়ার মানুষ যাতায়াত করে। সড়ক ভেঙে যাওয়া এসব এলাকার মানুষ এখন ভোগান্তি পোহাচ্ছে।
স্থানীয় লোকজন জানান, ৫ থেকে ১০ জুলাই পর্যন্ত টানা বৃষ্টিতে চকরিয়া ও পেকুয়া উপজেলায় পাহাড়ি ঢল নামে। এ সময় দুই উপজেলার বিভিন্ন সড়কে ভাঙন দেখা দেয়। এর মধ্যে বানিয়ারছড়া-পহরচাঁদা মাদ্রাসা সড়কের হারবাংছড়া বেইলি সেতুসংলগ্ন ও জলদাশপাড়া এলাকায় সড়ক ক্ষতবিক্ষত হয়ে যায়। তখন দুই দিন যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে কিছু মাটি ও ইট বিছিয়ে ছোট গাড়ি চলাচলের উপযোগী করা হয়। তবে বৃষ্টি হলে ভাঙা অংশটি পিচ্ছিল হয়ে যায়। এতে দুর্ঘটনা ঘটে।
পহরচাঁদা গোবিন্দপুরের বাসিন্দা রুবেল খান অভিযোগ করেন, বানিয়ারছড়া–পহরচাঁদা মাদ্রাসা সড়কটি সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে বরইতলী থেকে পহরচাঁদা মাদ্রাসা পর্যন্ত আরেকটি বিকল্প সড়ক নির্মাণ করা হয়। এরপর থেকে পুরোনো সড়ক থেকে দৃষ্টি সরিয়ে নেয় সড়ক বিভাগ। সড়কে চলাচলকারী অটোরিকশাচালক নুর আহমদ (৩২) বলেন, সড়কের ভাঙা অংশগুলো বেশ ভোগাচ্ছে। ভাঙা অংশ পার হতে গিয়ে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত ভাঙা অংশ মেরামত করা হোক।
এ প্রসঙ্গে বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার বলেন, সড়কের পহরচাঁদা বাজার, জলদাশপাড়া, মৌলভীর দোকান, মোস্তাক মিয়ার ঘাট, হারবাংয়ের ছড়া সেতু ও শান্তিবাজার এলাকায় ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। চলাচলে লোকজন ভোগান্তি পোহাচ্ছে। এরপরও রাস্তা মেরামতে সড়ক বিভাগের কোনো গরজ নেই।
জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগ, চকরিয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মুহাম্মদ শহিদুল আলম বলেন, টানা বৃষ্টিতে সড়কের যতটুকু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা দ্রুত মেরামত করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।