গর্তে ভরা সড়কে ধুলাবালুর অত্যাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির নানুপুর এলাকায় ভাঙা সড়কে ধুলাবালুর অত্যাচার সয়ে চলাচল করতে হয় যাত্রীদের। আমতলী এলাকার চিত্র l প্রথম আলো
ফটিকছড়ির নানুপুর এলাকায় ভাঙা সড়কে ধুলাবালুর অত্যাচার সয়ে চলাচল করতে হয় যাত্রীদের। আমতলী এলাকার চিত্র l প্রথম আলো

চারদিকে সমানে উড়ছে ধুলা। আশপাশের গাছপালাও বিবর্ণ হয়ে পড়েছে। সবুজ পাতায় ধুলার আস্তরণ। স্থানীয় লোকজন চলাচল করছে নাকে কাপড় গুঁজে। তার ওপর কিছু দূর অন্তর গর্ত। ফটিকছড়ির নানুপুর-খিরাম সড়কের এখন এই হাল।
এই সড়ক দিয়ে যাতায়াত করে পূর্ব নানুপুর, দৌলত মুন্সির হাট, পশ্চিম খিরাম, আমতলী, উত্তর ধর্মপুর ও নানুপুরের প্রায় ৫০ হাজার মানুষ। চলাচল করে যাত্রীবাহী জিপ, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা।
সড়কের পাশের খিরাম গ্রামের বাসিন্দা গৃহবধূ সুমিতা বালা দেবী বলেন, ‘রাস্তা দিয়ে জিপ কিংবা ট্যাক্সি গেলেই ধুলায় একাকার হয়ে যায়। কিছু দেখা যায় না। ধুলার কারণে ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখতে হয়।’
শুধু সুমিতা বালা নন, সড়কটির দুরবস্থা সম্পর্কে খিরাম এলাকার স্কুলশিক্ষক মুহাম্মদ ইলিয়াছ মিয়া, চৌমুহনী বাজারের ব্যবসায়ী আতিকুর রহমান, নাজিরহাট কলেজের শিক্ষার্থী জাবেদুল আলম, নানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুহাম্মদ ইসহাক চৌধুরীও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত। যানবাহন যাওয়ার সময় ধুলাবালু উড়ে ঝাপসা হয়ে যায় চারপাশ। সড়কের দুই পাশের বাসিন্দাদের মতো পথচারী ও যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধুলার হাত থেকে রক্ষা পেতে সড়ক–সংলগ্ন এলাকার বাসিন্দা ও দোকানিরা নিজেদের উদ্যোগে রাস্তায় পানি ছিটাচ্ছেন।
নানুপুর-খিরাম সড়কে চলাচলকারী জিপের চালক মো. সেলিম উদ্দিন বলেন, ‘সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দিন দিন গর্ত বড় হয়ে যাচ্ছে। গর্তে পড়ে প্রায় সময় গাড়ির যন্ত্রাংশ ভেঙে যায়। দ্রুত রাস্তার মেরামত করা না হলে এ পথে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই।’
পূর্ব-নানুপুর এলাকার বাসিন্দা মো. আবুল তাহের (৪৫) বলেন, বিকল্প যাতায়াতের কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে এ সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
নানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ ওসমান গণি বলেন, সড়কটি এখন এ অঞ্চলের মরণ ফাঁদ।
এ প্রসঙ্গে ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী বিল্লাল হোসেন বলেন, ‘চলতি অর্থবছরে নানুপুর-খিরাম সড়কের সাড়ে পাঁচ কিলোমিটারের মধ্যে দুই কিলোমিটার অংশ মেরামতের জন্য দরপত্র আহ্বানের পর কাজ শুরু করেন ঠিকাদার। পরে উপকরণের দাম বাড়ার অজুহাত দেখিয়ে ঠিকাদার সড়কে ইটের খোয়া (ম্যাকাডাম) ফেলে চলে যান। এ জন্য ঠিকাদারকে জরিমানা করা হয়। এখন পুনরায় সড়কের প্রকল্প প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে মেরামতের কাজ শুরু হবে।’