গর্তে ভরা সড়কে ভয়ে ভয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ি কর্ণফুলী চা–বাগানের পাশে অবস্থিত এই সড়ক যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কজুড়ে খানাখন্দের কারণে সিএনজিচালিত অটোরিকশাসহ নানা যানবাহন চলে হেলেদুলে l প্রথম আলো
ফটিকছড়ি কর্ণফুলী চা–বাগানের পাশে অবস্থিত এই সড়ক যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কজুড়ে খানাখন্দের কারণে সিএনজিচালিত অটোরিকশাসহ নানা যানবাহন চলে হেলেদুলে l প্রথম আলো

‘সড়কজুড়ে অসংখ্য গর্ত। প্রায়ই গর্তে পড়ে আটকে যাচ্ছে গাড়ি। অনেক সময় উল্টে যাওয়ার উপক্রম হয়। ভয়ে ভয়ে চলাচল করি।’
কথাগুলো বলছিলেন ফটিকছড়ির কর্ণফুলী চা-বাগানের শ্রমিক অঞ্জলি ঘোষ (২৩)। তিনি প্রতিদিন চলাচল করেন কর্ণফুলী চা-বাগান সড়ক দিয়ে। ফটিকছড়ি পৌরসভার চৌমুহনী থেকে বাগান পর্যন্ত পাঁচ কিলোমিটারের সড়কটির এখন বেহাল অবস্থা।
গত রোববার সরেজমিনে দেখা যায়, পুরো সড়কের ১০০ ফুট রাস্তাও মসৃণ নেই। গর্ত আর গর্ত। গত কয়েক দিনের বৃষ্টিতে গর্তে কাদাপানি জমে হাঁটাও দায় হয়ে পড়েছে।
কর্ণফুলী চা-বাগানের সহকারী ব্যবস্থাপক মো. বজলুর রহমান বলেন, আয়তনের দিক দিয়ে এশিয়ার অন্যতম বড় চা-বাগান কর্ণফুলী। এটি থেকে সরকার প্রতিবছর লাখ লাখ টাকা রাজস্ব নেয়। অথচ সড়কটির করুণ অবস্থার কথা জানিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।
স্থানীয় লোকজন বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার লেলাং, সন্ন্যাসীরহাট, চৌমুহনী, রাঙ্গামাটিয়া, কাঞ্চনগর, টেকবাড়িয়া, ছাড়ালিয়াহাটসহ বিভিন্ন অঞ্চলের লক্ষাধিক মানুষ যাতায়াত করে। চলাচল করে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা। তা ছাড়া আনা-নেওয়া করা হয় চা-বাগানের পণ্য। ভাঙা সড়কের কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। ১৫ মিনিটের পথ যেতে সময় লাগছে এক ঘণ্টা। আর এই সুযোগে দ্বিগুণ ভাড়া আদায় করেন গাড়িচালকেরা।
ফটিকছড়ি কলেজের প্রথম বর্ষের ছাত্র মুহাম্মদ রুবেল বলেন, ‘বাগানসংলগ্ন এলাকায় বাড়ি থেকে কলেজে আসার জন্য এই সড়কই একমাত্র মাধ্যম। ভাঙা সড়কের কারণে রিকশা ও টেক্সিতে বাড়তি ভাড়া দিতে হয়। এ কারণে কলেজে যাওয়াও কমিয়ে দিয়েছি।’
সড়কের সিএনজিচালিত অটোরিকশাচালক মুহাম্মদ আজম বলেন, রাস্তা যেভাবে ভেঙেছে তাতে দিনে দু–তিনবার আসা-যাওয়া করলে গাড়ির অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। তাই ভাড়া কিছুটা বাড়তি নেই।
চৌমুহনী বাজারের ব্যবসায়ী আবদুল লতিফ ক্ষোভ প্রকাশ করে বলেন, লিখে লাভ নেই। কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেবে না।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, পৌরসদর চৌমুহনী থেকে কর্ণফুলী চা-বাগান পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। ২০০৪ সালে এক কিলোমিটার অংশে কার্পেটিংয়ের কাজ পায় একটি প্রতিষ্ঠান। ওই সময় সড়কের ম্যাকাডামের (ইটের খোয়া বিছানো) কাজ করে প্রতিষ্ঠানটি উপকরণের দাম বাড়ার অজুহাতে কাজ ফেলে চলে যায়। পরে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। এরপর থেকে সড়কটির কোনো উন্নয়ন নেই।
উপজেলা প্রকৌশলী ম. বিল্লাল হোসেন বলেন, সড়কটির এক কিলোমিটার অংশে পিচঢালাই করার জন্য কয়েকবার দরপত্র আহ্বান করা হলেও কেউ এতে অংশ নিচ্ছে না। ফলে এলাকার লোকজন সড়কটি দিয়ে যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন। শিগগির সড়ক–সংস্কারে আবারও দরপত্র আহ্বান করা হবে।