গর্তে-পানিতে সয়লাব সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কজুড়ে বড় বড় গর্ত, তাতে জমে আছে পানি। চট্টগ্রামের ফটিকছড়ির ঝংকার–নাজিরহাট বাজার সড়কের এমন দশা l প্রথম আলো
সড়কজুড়ে বড় বড় গর্ত, তাতে জমে আছে পানি। চট্টগ্রামের ফটিকছড়ির ঝংকার–নাজিরহাট বাজার সড়কের এমন দশা l প্রথম আলো

সড়কে বড় বড় গর্ত। যানবাহন চলে হেলেদুলে। বৃষ্টি হলে সড়কটি ডোবার চেহারা ধারণ করে। পানি থাকায় যানবাহনের চালকেরা বুঝতে পারেন না কোথায় গর্ত আছে। ফলে খানাখন্দে পড়ে প্রায় যানবাহন বিকল হয়ে যায়।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট-মাইজভান্ডার শরিফ সড়কের ঝংকার মোড় থেকে নাজিরহাট বাজার পর্যন্ত ৬০০ গজ এলাকা খানাখন্দে ভরে গেছে। পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি নাজিরহাট সদর থেকে মাইজভান্ডার দরবার শরিফ পর্যন্ত বিস্তৃত। সড়কটি দিয়ে উপজেলার দক্ষিণাঞ্চলের সাতটি ইউনিয়নের বাসিন্দারা যাতায়াত করে। তবে ঝংকার মোড় এলাকায় এসেই বিড়ম্বনায় পড়েন যানবাহনচালক ও যাত্রীরা। সড়ক ভাঙা থাকায় এই স্থানে তীব্র যানজটেরও সৃষ্টি হয়। ছয় বছর ধরে সড়কটির এমন দশা হলেও সংস্কার হয়নি। এটি একসময় সড়ক ও জনপদের (সওজ) অধীনে ছিল। তিন বছর আগে এটি স্থানীয় সরকার মন্ত্রণালয় অধিদপ্তর (এলজিইডি) বিভাগে স্থানান্তর করা হয়।
নাজিরহাটের রিকশাচালক রফিকুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলার আবদুল্লাহপুর, জাফতনগর, ধর্মপুর, বক্তপুর, নানুপুর, রোসাংগিরী ও দৌলতপুরের হাজারো মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করে। গর্তে ভরা এই সড়ক পার হওয়া সবার কাছেই বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়। যানজটে যেমন নাকাল হতে হচ্ছে, তেমনি গর্তে পড়ে ক্ষতি হচ্ছে যানবাহনের।
সরেজমিনে দেখা যায়, রাস্তায় গর্তের কারণে ঝংকার থেকে নাজিরহাট বাজার এলাকা পর্যন্ত যানবাহন চলছে ধীরগতিতে। এর ফলে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
ফটিকছড়ি উপজেলার সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রবিউল হোসেন বলেন, সড়কটি ইতিপূর্বে সওজের অধীনে থাকলেও বর্তমানে এলজিইডি এর দেখভাল করে। সড়কটি সংস্কারের কথা এলজিইডিকে জানানো হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী বিল্লাল হোসেন বলেন, সড়কটি সংস্কারের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে সড়ক সংস্কারের জন্য বরাদ্দ পাওয়া পর্যন্ত লোকজনকে অপেক্ষায় থাকতে হবে।
নাজিরহাট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, সড়কে চলাচলকারীদের দুর্ভোগের কথা চিন্তা করে তিনি এ ব্যাপারে খোঁজ নিয়ে শিগগিরই সড়কটি সংস্কারের উদ্যোগ নেবেন।